নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গুজরাতের জামনগরে বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার ঘুরে দেখলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর। তাঁদের স্বাগত জানান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও এগজিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানি। অতিথিদের জানানো হয়, রিলায়েন্সের নতুন এনার্জি গিগা-ফ্যাক্টরি পর্যায়ক্রমে চালু হচ্ছে। পাশাপাশি নির্মীয়মাণ ডেটা সেন্টার সম্পর্কেও অবহিত করা হয়। মুকেশ ও অনন্ত আম্বানি জামনগর কমপ্লেক্সকে ডিপ-টেক, উদ্ভাবন ও উন্নত উৎপাদনের কেন্দ্র হিসাবে গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরেন। মার্কিন প্রতিনিধিদের এই সফরে বিশ্ব জ্বালানি পরিস্থিতি, সুষ্ঠু জ্বালানি সরবরাহ এবং ডেটা সেন্টারের জন্য বিদ্যুৎ পরিকাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মার্কিন সংস্থাগুলির সঙ্গে প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তাঁরা।



