যুব সমাজের মন জয়ে উদ্যোগী হয়েছে শুভেন্দু অধিকারী সরকার। সেই লক্ষ্যকে সামনে রেখেই নতুন বছরে আসছে ভরসা প্রকল্প। পরিবর্তনের পুরস্কার! মনে আছে, এ রাজ্যে বেকার ভাতা প্রথম চালু হয়েছিল প্রায় পঞ্চাশ বছর আগে। বামফ্রন্ট সরকারের আমলে। ১৯৭৭ সালে জ্যোতি বসুর নেতৃত্বে রাজ্যে প্রথম বামফ্রন্ট সরকার গঠিত হওয়ার পর, ১৯৭৮-৭৯ অর্থবর্ষের বাজেটে আনুষ্ঠানিকভাবে বেকার যুবকদের জন্য আর্থিক সহায়তা বা ‘বেকার ভাতা’ প্রকল্প চালুর ঘোষণা করা হয়। বিরোধীরা কটাক্ষ করে বলত ‘ক্যাডার ভাতা’। অর্থাৎ সিপিএমের ক্যাডার পোষার খরচ ঘুরিয়ে বহন করছে সরকার। সেই সময় শুরুতে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে ৫০ টাকা করে ভাতা দেওয়া হতো। তারপর তা বেড়েছিল। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত থাকা প্রার্থীদের একটি নির্দিষ্ট নিয়মে এই ভাতা দেওয়া হতো। কিন্তু সব করেও ক্যাডার পোষার দুর্নাম ঘোচেনি বামেদের।
বাম আমলে রাজ্যে শিল্পের অভাবে বেকার ও ক্যাডার দুই বেড়েছে পাল্লা দিয়ে। মেধাবী ছাত্রছাত্রীদের চাকরির খোঁজে অন্য রাজ্য, এমনকি বিদেশে পাড়ি দেওয়ার প্রবণতাও বেড়েছে লাফিয়ে নব্বইয়ের দশক থেকে। এরপর ২০১১ সালে পালাবদলের পর মমতা সরকারও প্রচুর আন্তর্জাতিক শিল্প সম্মেলন, মুম্বইয়ের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করলেও বেকার সমস্যা এবং অন্য রাজ্যে মেধার পাড়ি দেওয়া আটকাতে পারেনি। খরচা হয়েছে প্রচুর কিন্তু লাভের লাভ হয়নি। শুধু গালভরা নাম আর বৈঠকের চাকচিক্য বেড়েছে। বেকারদের ক্ষতে প্রলেপ দিতে তৃণমূল আমলে বেকার ভাতার নাম বদলে আত্মপ্রকাশ করে যুবসাথি। এ বছরের শুরুতে বিধানসভা ভোটের আগে যুবসমাজের সমর্থন পেতে নতুন রূপে যুবসাথি চালু করে চমক দিতে প্রাণপণ চেষ্টা চালায় তৃণমূল সরকার। শুভেন্দু অধিকারী শুরু থেকেই অত্যন্ত সহানুভূতির সঙ্গে মহিলা ও বেকার যুবকদের সমস্যা সমাধানে ব্যস্ত। তাঁর সেই প্রয়াসের ফলশ্রুতিতেই যুবসাথি বদলে গিয়েছে ভরসায়। উদ্দেশ্য স্পষ্ট, শুধু ভয় দূর করাই নয়, বেকারদের মনে ভরসার সঞ্চার করাই বাংলার বিজেপি সরকারের প্রাথমিক অগ্রাধিকার। গত কয়েকমাসে জেলায় জেলায় যে নতুন সরকারের প্রশাসনিক বৈঠক
হয়েছে তাতে মমতা জমানার তুলনায় নামমাত্র খরচ হয়েছে। এটা খোলা চোখেই দেখা গিয়েছে। লোকলস্কর, গাড়ি, পুলিশ, রাত্রিবাস বাবদ খরচ কমেছে। প্রশাসনিক বৈঠকের নামে আগের জমানার কোটি কোটি টাকা খরচ কমিয়ে সরকারি চাকরিতে আবেদনের খরচ মকুব করা হয়েছে। নিঃসন্দেহে সেই পদক্ষেপ স্বাগত। মুখ্যমন্ত্রী মানবিকতার পরিচয় রেখেছেন। অর্থাৎ বিনা খরচেই এবার থেকে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। রাজ্য সরকারই পরীক্ষার খরচ বহন করবে। ‘চাকরির আবেদনের
ক্ষেত্রে অর্থ নেওয়াটা অপরাধ এবং সঙ্কীর্ণতার পরিচয়’, বলেই এটা করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর উপলব্ধি নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। শুভেন্দুবাবুর ঘোষণা অনুযায়ী, ভরসা কর্মসূচিতে গ্র্যাজুয়েট বা
সরকারি আইটিআই প্রশিক্ষণরতদের মাসে ২ হাজার টাকা করে দেওয়া হবে। যাঁরা গ্র্যাজুয়েট নন তাঁরা পাবেন দেড় হাজার টাকা করে। আপাতত ১৫ মাস স্নাতক এবং সরকারি ভোকেশনাল প্রশিক্ষণপ্রাপ্তদের দেওয়া হবে ২০০০ টাকা। অন্যদের মাসে ১৫০০ টাকা করে। নির্বাচনের আগের প্রতিশ্রুতিমতো টাকা আপাতত দিতে না-পারার জন্য রাজ্যের কর্মহীনদের ‘সরি’ও বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই স্বীকারোক্তি ও সৌজন্য নিঃসন্দেহে ভালো। তিনি আশ্বাস দেন, ২০২৮ সালের নতুন অর্থবর্ষ থেকে প্রতিশ্রুতিমতোই ভাতা দেওয়া হবে।
মহামান্য মুখ্যমন্ত্রীকে প্রশ্ন একটাই, যুবক-যুবতীদের প্রতি মাসে ৩,০০০ এবং অন্যান্য বেকার যুবক-যুবতীদের ভাতা দিলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করেন? নাকি এই ভাতা প্রদান বেকার সমস্যা সমাধান করতে না পারার সহজ ও সরল স্বীকারোক্তি। এটা ঠিক, বর্তমানে চাকরির বাজার খুব খারাপ। প্রযুক্তির অগ্রগতি, এআই-এর ব্যবহার চাকরির ক্ষেত্রকে ক্রমশ সংকুচিত করছে। ভারী উৎপাদন শিল্প সেভাবে আসছে না। সেক্ষেত্রে জাদুদণ্ড ঠেকিয়ে বেকার সমস্যার সমাধান কোনো শাসকের হাতেই নেই। তবু বাংলার শিল্প তাড়ানোর বদনাম ঘুচিয়ে কর্মসংস্থান বাড়ানোর চেষ্টা করতেই হবে। আর সেই দায়িত্ব শুভেন্দু অধিকারী ও তাঁর মন্ত্রিসভার। বাংলার মানুষ সেই আশা থেকেই ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছে। সিঙ্গুর সহ দক্ষিণ ও উত্তরবঙ্গে শিল্পায়নে জোর দেওয়াই সরকারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। তাহলেই বেকারত্বের জ্বালা প্রশমন করা সম্ভব হবে। অন্যথায় রাজ্যটা ভাতাজীবীতে ভরে যাবে। সেই অভিজ্ঞতা এ রাজ্যের যুব সমাজের পক্ষে খুব সুখকর হবে না।


