শিল্প স্থাপনের চ্যালেঞ্জ
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গত দু’ দশক ধরে বঙ্গ রাজনীতিতে সিঙ্গুর নামটা একইসঙ্গে ক্ষত ও সম্ভাবনার প্রতীক হয়ে উঠেছে। সেই ২০০৬ সালে টাটা সংস্থার ছোটো গাড়ি ন্যানো তৈরির ঘোষণা, ২০০৮-এ তাদের পাততাড়ি গুটিয়ে গুজরাতের সানন্দে চলে যাওয়া, ২০১১-তে রাজ্যে পালাবদল, তারপরের দেড় দশক যাবতীয় প্রতিশ্রুতির অপমৃত্যু— সবই আবর্তিত হয়েছে এই সিঙ্গুরকে নিয়ে। এখন সেই সিঙ্গুরের ক্ষতেই প্রলেপ দিতে শিল্প ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ৫ নভেম্বর রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণা করে তিনি বলেছেন, সিঙ্গুরে কিছু একটা হবেই। অশোক লেল্যান্ডের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে। ১৭ নভেম্বরে সিঙ্গুরে দাঁড়িয়ে তিনি বলেছেন, এলাকার যুবকেরা কাজ চান, শিল্প চান, তাঁদের প্রত্যাশা পূরণে সরকারের পরিকল্পনা রয়েছে। এই কথার সূত্রেই কয়েকদিন আগে কেন্দ্রীয়মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়ে দেন, সিঙ্গুরে অশোক লেল্যান্ড ট্রাক তৈরির কারখানা করবে। কাজ শীঘ্র শুরু হবে। আরও একধাপ এগিয়ে রবিবার ২২ নভেম্বর কলকাতায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ন্যানোর জন্য চিহ্নিত ৯৯৭ একর জমি সরকার কিনবে। এই নিয়ে হুগলির জেলাশাসক ও রাজ্য শিল্পোন্নয়ন নিগম কাজ করছে। এর অর্থ দাঁড়ায়, বল গড়াতে শুরু করেছে। 

Advertisement

সিঙ্গুরের ভৌগোলিক অবস্থান যে ভারী শিল্প তৈরির আদর্শ জায়গা, তা মনে করেন বিশেষজ্ঞ থেকে সরকার সব পক্ষই। কলকাতার কাছাকাছি অবস্থান, কাছেই ডানকুনি শিল্পাঞ্চল, গঙ্গা, গা ঘেঁষে চলে যাওয়া জাতীয় সড়কের কারণে পরিবহণের সুবিধা বিনিয়োগকারীদের চোখ টানতে বাধ্য। এই বহুমুখী সুবিধাই একদিন টাটার মতো সংস্থাকে সিঙ্গুরে টেনে এনেছিল। কিন্তু জমি বিতর্কে কাজ অনেকটা এগিয়েও শেষপর্যন্ত তাদের পিছু হটতে হয়। তারপর থেকে সেই জমি কার্যত ফাঁকাই পড়ে আছে। বিগত সরকারের আমলে, গত পনেরো বছরে কৃষিকাজের উপযুক্ত অবস্থা এবং শিল্পস্থাপনের গালভরা নানা প্রতিশ্রুতির কথা শোনা গেলেও বাস্তবে কিছুই হয়নি। ঘটনা হল, সিঙ্গুরের জমি এখন চাষের অনুপযুক্ত। মাঝে মাছ চাষের চেষ্টাও ব্যর্থ হয়েছে। কারণ, জমির চরিত্র বদলে গিয়েছে। এই পরিস্থিতিতে বিতর্কিত জমিতে শিল্পই যে একমাত্র বাঁচার রাস্তা— দেরিতে হলেও সিঙ্গুরবাসী তা মনে করছেন। এই অনুকূল পরিবেশকে কাজে লাগিয়ে রাজ্যের নতুন সরকার সংগত কারণেই সিঙ্গুরকে ‘পাখির চোখ’ করেছে। সন্দেহ নেই, সিঙ্গুরের আকাশে নতুন শিল্পের চিমনি থেকে ধোঁয়া বেরলে তা হবে বিজেপির সবচেয়ে বড়ো রাজনৈতিক জয়। ‘যা পারেনি বাম ও তৃণমূল সরকার তা করে দেখাল বিজেপি সরকার’— এর প্রচার নিঃসন্দেহে গেরুয়া শিবিরকে ভোটের লড়াইয়ে বাড়তি সুবিধা দেবে। 
তবে কথায় আছে, না আঁচালে বিশ্বাস নেই। এ রাজ্যের অতীত অভিজ্ঞতা বলছে, সম্ভাবনা-প্রতিশ্রুতি-তার বাস্তবায়ন শুরুর পরেও কোনো বিতর্কিত অথবা অত্যাশ্চর্য কারণে সব ধামাচাপা পড়ে যায়। সেই বিচারে সিঙ্গুরে বড়ো শিল্প স্থাপনের সম্ভাবনা এখনও আঁতুড় ঘরে আটকে আছে। প্রথমত, সরকার নিজেই জানিয়েছে, সবটাই এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। অশোক লেল্যান্ড দৌড়ে এগিয়ে থাকলেও এখানে ঠিক কী ধরনের শিল্প হবে, তা পরিবেশবান্ধব হবে কি না, কত জমি লাগবে, কত বিনিয়োগ হবে, কবে কাজ শুরু হবে— তার কোনোটাই চূড়ান্ত নয়। দ্বিতীয়ত, গোটা রাজ্যের মতো সিঙ্গুরেও ৯৯৭ একর জমির মালিকের সংখ্যা কয়েক হাজার। জমির উপযুক্ত মূল্য, মালিকানা, কর্মসংস্থানের মতো যাবতীয় সুবিধা নিয়ে প্রত্যেক মালিকের সম্মতি পাওয়া খুব সহজ কথা নয়। নির্দিষ্ট প্লটে কয়েকজন মালিক বেঁকে বসলে গোটা পরিকল্পনাটাই জলে যেতে পারে। যেমনটা হয়েছে ছোটো গাড়ির কারখানা নির্মাণের সময়ে। তৃতীয়ত, আদালতের নির্দেশে আগের প্রকল্পের বকেয়া ৫০ হাজার কোটি টাকা মেটানোর কথা রাজ্য সরকারের। নতুন সরকার তার জন্য প্রস্তুত কি না তা দেখার বিষয়। চতুর্থত, সিঙ্গুরে শিল্পের পরিবেশ তৈরি হলেও অনেক মালিক তিন ফসলি জমিতে চাষের অধিকার ধরে রাখতে চান। এই বিরোধের নিষ্পত্তি খুব সহজ নয়। পঞ্চমত, অতীতের মতো কোনো বিতর্ককে সঙ্গে নিয়ে কাজ শুরু হলে বিরোধীদের আন্দোলন ও মামলা-মোকদ্দমার জেরে বাস্তব পরিস্থিতি কঠিন হয়ে দাঁড়াতে পারে। সুতরাং সরকারের কাছে চ্যালেঞ্জটা রীতিমতো কঠিন। সিঙ্গুর শুধু একটা নাম নয়, একইসঙ্গে পশ্চিমবঙ্গের শিল্পায়ন, জমি আন্দোলন ও রাজনৈতিক পালাবদলের প্রতীক হয়ে রয়েছে। সেখানে জমির মালিকদের আস্থা অর্জন, বিনিয়োগকারীর কাছে নির্ভরযোগ্য পরিবেশ তৈরি করা এবং সময় বেঁধে প্রকল্পের কাজ শেষ করা— এই তিনটি ক্ষেত্রেই সরকারকে সদিচ্ছা দেখাতে হবে। এই চ্যালেঞ্জের মোকাবিলা কীভাবে হয়, সেটাই দেখার।