শান্তনু দত্তগুপ্ত: সব মোদিজি করবে। আর আপনারা বসে দেখবেন! বণিকসভার অনুষ্ঠানে মোদিজির বক্তব্যের সারমর্ম এটাই। বিস্তর চটেছেন তিনি বণিক মহলের উপর। কর্পোরেট বন্ধু বলে এমনিতেই তাঁর এত বদনাম। অথচ, বন্ধুরাই তাঁকে ডোবাল? ছোটোবেলায় ব্যাট-বলের অধিকার জাহির করতে আমরা কতই না বলেছি, ‘এরকম করলে কিন্তু খেলব না।’ মানে, ব্যাট-বল নিয়ে বাড়ি চলে যাব আর কী। প্রধানমন্ত্রী সেটাই শুধু বলেননি। আসলে, তিনি আর কোথায় যাবেন? এখন তো আর বলতে পারছেন না, ‘ফকির আদমি হুঁ, ঝোলা উঠাকে...’। তাই ঝোলা এখন ঝোলার জায়গাতেই রয়েছে। আর তিনি কর্পোরেট বন্ধুদের উপর হতাশার কাদাজল ছুড়ছেন। যে সময় তিনি ঝোলা নিয়ে বেরিয়ে পড়তেন, তখন তাঁকে কেউ চিনত না। আর আজ তিনিই এখন গুরুজি। বিজেপির মুখ। সরকারের ‘প্রতীক’। সমস্যা একটাই, ক্লান্তিটুকু আর লোকানো যাচ্ছে না। কত কীই না করেছেন তিনি কর্পোরেটদের জন্য। ৩০ শতাংশ থেকে ২২ শতাংশে নামিয়ে এনেছেন কর্পোরেট ট্যাক্স। অথচ, ব্যক্তিগত আয়করের সর্বোচ্চ স্তর এখনও কিন্তু ৩০ শতাংশই। ২০ লক্ষ টাকার নীচে বার্ষিক আয় হলে কোনো ভারতীয় নাগরিক কর্পোরেটের তুলনায় কম ট্যাক্স দিয়ে থাকেন। অর্থাৎ, ২০ শতাংশ পর্যন্ত। তারপরই একলাফে ব্যক্তিগত আয়কর ২৫ ও ৩০ শতাংশে চলে যায়। সেখানে কোনো স্ট্যান্ডার্ড সংস্থারই বছরের মুনাফা নিশ্চয়ই ২০ লক্ষ টাকার কম হয় না! তাও তারা ২২ শতাংশই কর্পোরেট ট্যাক্স দিয়ে থাকে। বেশি আয়কর দিয়ে পাবলিক খেপে যায়, সেটা মোদিজি জানেন। তারপরও কান দেন না। ঢেলে দেন কর্পোরেটকে। স্টার্ট আপের জন্য তো প্রথম তিন বছরের কর মকুবই করে দিয়েছিলেন তিনি। লাল ফিতের ফাঁস খুলতে সিঙ্গল উইন্ডো সিস্টেম করেছেন। যে কাজ সরকারের দপ্তর ঘুরে বের করতে দু’বছর সময় লাগত, তা ৯০ দিনে হয়ে যায়। কোম্পানি অ্যাক্টের কিছু ধারায় আগে পেনাল্টির সঙ্গে ফৌজদারি মামলাও চাপত, সেখানেও ছাড় কে দিয়েছেন? নরেন্দ্র মোদি। মেহুল চোকসিদের মতো ঋণখেলাপিদের লক্ষ লক্ষ কোটি টাকা মকুব হয়েছে কোন জমানায়? মোদিজির। রিজার্ভ ব্যাংকের রিপোর্টই বলছে, ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বড়ো কর্পোরেট এবং পরিষেবা প্রদানকারী সংস্থার মোট ১০ লক্ষ কোটি টাকার লোন মকুব করা হয়েছে। সবক’টা সেক্টর ধরলে অঙ্কটা প্রায় ১৭ লক্ষ কোটি টাকা। ভাবা যায়? পরের তিন বছরের অঙ্ক এখনও হাতে আসেনি। তাতেই পিছলে পড়ার জোগাড়। এরপরও বলবেন, মোদিজি কিছু করেননি? তিনিই তো করেছেন! হ্যাঁ, হতে পারে, এই সবই ভারতবাসীর করের টাকা। রক্তজল করে উপার্জনের টাকা। কিন্তু কাজে লাগল তো ভারতেরই! তা সে যেভাবেই লাগুক না কেন! মোদিজি যদি তারপরও ভাবেন, এরা প্রতিদানে কিছু দিল না? ভুল ভেবেছেন কি তিনি? গুরুজি তো ফকির আদমি... নিজের জন্য কি কিছু করেছেন? নাকি চেয়েছেন? হতে পারে, তাঁর জামাকাপড়-চশমার দাম নিয়ে নানাবিধ চর্চা চলে। অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছিলেন, মোদিজির প্রতিটি পোশাকের খরচ নাকি দু’লক্ষ টাকা! আর দিনে তিনি পাঁচবার ড্রেস বদলান। তাহলে সব মিলিয়ে দিনে খরচ কত? ১০ লক্ষ টাকা। কেজরিওয়াল বলেছিলেন, মোদিজি একটা ড্রেস দ্বিতীয়বার পরেন না। তিনি বুলগারি এবং মেবাক-এর যে চশমার ফ্রেম ব্যবহার করেন, তার দাম অন্তত লাখ দেড়েক টাকা। ২০১৯ সালের সূর্যগ্রহণের সময় মোদিজিকে যে সানগ্লাস ব্যবহার করতে দেখা গিয়েছিল, তার দাম প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা। এগুলো সবই দাবি এবং অভিযোগ। তাতে কি আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দেশের প্রতি ডেডিকেশন, ভালোবাসা কমে যায়? দেশবাসীর প্রতি উদ্বেগে এতটুকু ভাটা পড়ে? আপনি যা খুশি ভাবতে পারেন, অন্ধভক্তরা চোখ বন্ধ করেই মোদিজিকে ভরসা করে যাবে। সেই বিশ্বাসেই তো তিনি দেশের সংস্থাগুলিকে জোরদার খোঁচা মেরেছেন। বলেছেন আরও বেশি বিনিয়োগ করতে, চাকরি দিতে। আর তাদের এমন অবস্থা, ‘কিছুতেই খিদে মেটে না’। এ কথাও মোদিজিই বলেছেন। ওই ফিকির সভাতেই।
মোদিজি বলতেই পারেন, ‘মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারতের মতো স্কিম শুরু করেছি। আপনাদের জন্য প্রচার করেছি। কিন্তু আপনারা কী করেছেন? ব্যক্তিগত আয়করে ১২ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দিয়েছি, কিন্তু আপনারা কি কর্মীদের বেতন বাড়িয়েছেন? নতুন কর্মসংস্থান তৈরি করেছেন?... এটুকু তো করাই যেত!’
কী ভুল বলেছেন মোদিজি? কাজের বেলায় নেই, অথচ সারাক্ষণ ‘খাই খাই’! এটাই তো মোদ্দা কথা! এত কিছু তিনি করেছেন, রিটার্ন তো কিছু দিতে হবে নাকি! ২০১৯ থেকে ’২৪ পর্যন্ত মাত্র ১০ কোটি ৮৯ লক্ষ কর্মসংস্থান হয়েছে। আর কেন্দ্রীয় সরকারি? ১৫ লক্ষ ৪০ হাজার। কিন্তু সেটা দেখলে হবে না। কর্পোরেটদের ছাড় দেওয়া হয়েছে, তাই তাদেরই চাকরির ব্যবস্থা করতে হবে। তারা চাকরি দিচ্ছে ঠিকই, কিন্তু সবাই ‘ফ্রেশার’ নয়। অর্থাৎ, অভিজ্ঞতা যাঁদের আছে, তাঁরাও চাকরি পাচ্ছেন বা বদল করছেন। সেটাও হিসাবের মধ্যে ধরা হচ্ছে। নতুন পিএফ অ্যাকাউন্টের হিসাব থেকেই তা স্পষ্ট হয়। কারণ, এই সময়সীমায় ৬ কোটি ৪৩ লক্ষ নতুন পিএফ অ্যাকাউন্ট হয়েছে। পাশ করে বেরনোর পরই যাঁরা চাকরিতে যোগ দিয়েছেন, তাঁদের ৬০ শতাংশের মতো রয়েছেন এই ব্র্যাকেটে। অসংগঠিত ক্ষেত্রে এখনও প্রায় ৫৫ কোটি মানুষ কাজ করেন। বেশিটাই কৃষিক্ষেত্রে। তারপর নির্মাণ শিল্প। এছাড়াও আছে কারখানা, রেস্তরাঁ, দোকান, ডেলিভারি...। এই হিসাবের শেষেও কিন্তু প্রায় ৮০-৮৫ কোটি মানুষ হয় কর্মহীন, বা অন্য কারও উপর নির্ভরশীল। ভাবছেন নাকি? ছেড়ে দিন, অত ভেবে লাভ নেই। মূল পয়েন্টে আসতে হবে। আর তা হল, যত চাকরি হওয়ার কথা, তা হয়নি। কত চাকরি হওয়ার কথা? বছরে দু’কোটি? না না... সে তো ভোট প্রতিশ্রুতি ছিল। ওটা ধরলেও চলবে না। সংখ্যা খুঁজবেন না। ভাবটা দেখুন। মোদিজি ব্যথিত। এটাই শেষ কথা। না হলে এভাবে কর্পোরেটদের তিনি আক্রমণ করতেন না। মোদিজি দেখতে পাচ্ছেন, ভারতীয় সংস্থাগুলি বিদেশে তাদের বিনিয়োগ বাড়িয়ে চলেছে। রিজার্ভ ব্যাংকের ফরেন লায়াবিলিটিজ অ্যান্ড অ্যাসেটসের রিপোর্ট অনুযায়ী, এক বছরে ভারতের কোম্পানিগুলির বিদেশে লগ্নি বেড়েছে ৪০.৮ শতাংশ! চলতি অর্থবর্ষে এখন পর্যন্ত অঙ্কটা সাড়ে চার বিলিয়ন ডলারের বেশি। কেন তাঁরা বিদেশে গিয়ে বিনিয়োগ করবেন? কেন দেশের মাটিতে নয়? ‘আত্মনির্ভর’ কি আমরা হব না? হব না আমরা ‘আত্মনির্ভর’? সেই বেদনাই তো প্রকাশ পেয়েছে মোদিজির কথায়। বলেছেন, ‘গান্ধীজি সেই ১৯৩০ সালে বলে গিয়েছিলেন স্বদেশি... আত্মনির্ভর হতে। আমার কথা শুনতে হবে না... গান্ধীজির কথা তো শুনুন!’ একবার ভেবে দেখুন, কতটা চাপে থাকলে গান্ধীজির মতো উকিলকে সওয়ালের জন্য দাঁড় করাতে হয়। এতকিছুর পরও কর্পোরেটরা কী করছে? সাফাই দিচ্ছে—১) ভবিষ্যতে আরও বেশি এবং সাহসী বিনিয়োগ হবে। ২) ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (এমএসএমই) আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতার জন্য যোগ্য করে তুলতে তারা সাহায্য করবে। ৩) বিকশিত ভারত গড়ার লক্ষ্যে সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে সংস্থাগুলি।
সবই ঠিক আছে। কিন্তু বাস্তবটাও খতিয়ে দেখা প্রয়োজন। কর্পোরেট সংস্থাগুলির আদৌ কি সামর্থ্য বা প্রয়োজন আছে? ভারতের উৎপাদন ক্ষেত্রের বৃদ্ধি বা গ্রোথ কিন্তু গত এক দশকে সেই অর্থে হয়নি। নিত্যপণ্য বাদ দিলে বিক্রি কম। কারণ, ডিমান্ড কম। নেপথ্যে অবশ্যই মাত্রাছাড়া মূল্যবৃদ্ধি। নুন আনতে যদি পান্তা ফুরোয়, তাহলে আম জনতা টিভি কিনবে না। ফ্লাওয়ার ভাসও না। তাই ভোগ্যপণ্যের উৎপাদন না বাড়ানোটাই স্বাভাবিক। চাহিদা থাকলে তবে তো সাপ্লাই বাড়বে। মানুষ যদি ভোগ্যপণ্য না কেনে, তাহলে তার উৎপাদনও বাড়বে না। কর্মসংস্থানও হবে না। বেতনও লাফিয়ে বাড়বে না। এমনিতেই ভারতের মেরেকেটে শুধুমাত্র ২ শতাংশ চাকরিজীবী বছরে ১২ লক্ষ টাকার বেশি আয় করেন। মোদিজি আয়করের সীমা ১২ লক্ষ করলেই যে কোম্পানিগুলি কর্মীদের বেতন সেই সীমার উপর নিয়ে চলে যাবেন, এমন ভাবাটাও ভুল। তাও অবশ্য গুরুজি ভেবেছেন। তাঁর ভাবনাকে সম্মান জানাতেই হবে। সবচেয়ে বড়ো কথা, এখন চাকরি এবং শিক্ষা ছাড়া কোথাও কোনো কথাই হচ্ছে না! সবাই শিক্ষিত হতে চায়। জেন জি আন্দোলন সেই দিশা দেখিয়ে দিয়েছে। বলা ভালো, বিপুল চাপ তৈরি করেছে কেন্দ্রের বিজেপি সরকারের উপর। এরা শিক্ষার জন্য আন্দোলন করে, চাকরির জন্য পথে নামে, আবার ভোট চুরির বিরুদ্ধেও হুটোপাটি জুড়ে দেয়। এ তো আচ্ছা বিপদ! মন্দির রাজনীতিতে এতদিন একটা মাইলেজ ছিল। রাম মন্দিরে প্রণামি চুরির পর সেটাও ইস্যু হয়ে গিয়েছে। এই নানাবিধ চাপ থেকে কর্পোরেটরা উদ্ধার করবে না?
মজার বিষয় হল, চাকরি না হওয়া, উৎপাদন ক্ষেত্রে ধাক্কা খাওয়া এবং পরিষেবা সেক্টরে অপ্রয়োজনে বাড়তি গুরুত্ব দেওয়ার প্রতিবাদে বহুদিন ধরেই কিন্তু সরব রাহুল গান্ধী। তার প্রতিপাদ্য বিষয়বস্তুই আজ হঠাৎ শোনা যাচ্ছে মোদিজির গলায়। একের পর এক গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভা ভোট সামনেই। তালিকায় রয়েছে উত্তরপ্রদেশও। তারপরই বেজে যাবে লোকসভা নির্বাচনের দামামা। আর পাবলিক খাতা-কলম নিয়ে ‘কী পেয়েছি’র হিসাব কষতে বসেছে! কিছুতেই আর ভুলিয়ে রাখা যাচ্ছে না। তাই ক্ষোভ এবং হতাশার বিস্ফোরণ তো হবেই। এটাই তো সেন্টিমেন্ট, আবেগ...। চিন্তা তো হয়ই তাঁর জন্য। যতই হোক, ফকির আদমি... কখন আবার না ঝোলা নিয়ে বেরিয়ে পড়েন।


