প্রীতম দাশগুপ্ত: বছর চারেক আগের ঘটনা। গুজরাত সরকার সাজা মকুব করে বিলকিস বানো মামলায় অভিযুক্ত ১১ জনের। উপলক্ষ ছিল স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। গোধরা জেলের বাইরে রীতিমতো ঢাক-ঢোল পিটিয়ে তাঁদের স্বাগত জানানো হয়েছিল। গলায় মালা পরিয়ে বরণ করে নিয়েছিলেন বিশ্ব হিন্দু পরিষদ নেতারা। ২০২৪ সালে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি নাগারত্না ও বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চ ফের তাঁদের জেলে পাঠায়। অথচ সেই সুপ্রিম কোর্টই এবার সেই সাজাপ্রাপ্তদের দু’জন প্রদীপ রমনলাল মোধিয়া এবং বিপিনচন্দ্র কানহাইয়ালাল যোশিকে জামিন দেওয়ার কথা বলছে। বিচারপতি এম এম সুন্দ্রেশ এবং বিচারপতি পি বি ভারালের বেঞ্চ বলেছে, আবেদনকারীরা ১৭ বছরেরও বেশি জেল খেটেছেন। একজন শারীরিকভাবে অক্ষম। এর প্রেক্ষিতে আবেদনকারীদের সাজা স্থগিত ও জামিন মঞ্জুর করা হচ্ছে।
২০০২ সালে গুজরাত হিংসার সময় বিলকিসের বয়স ছিল ২১ বছর। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। হিংসা থেকে বাঁচতে পরিবারের সঙ্গে পালিয়ে যাচ্ছিলেন। সেই সময় তাঁকে গণধর্ষণ করা হয়। তাঁর মাকেও যৌন নির্যাতন করা হয়। বিলকিসের চোখের সামনেই তিন বছরের শিশুকন্যাকে আছড়ে মেরে খুন করা হয়। পরিবারের ১৪ জন সদস্যকে সেই সময় খুন করা হয়েছিল। এর মধ্যে দু’দিনের শিশুও ছিল। তারপরও লড়াই থামাননি বিলকিস। দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়েছিলেন। আইনি লড়াইয়ের শেষে ২০০৮ সালে সিবিআই আদালত ১২ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। একজন মারা যান জেলে। ২০১৭ সালে বম্বে হাইকোর্ট বাকি ১১ জনের যাবজ্জীবন সাজাই বহাল রাখে। সেই রায়কে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে গিয়েছিল প্রদীপ ও বিপিনচন্দ্র।
ভারতের বিচারব্যবস্থায় একটি বহুল প্রচলিত নীতি রয়েছে—‘জামিন অধিকার, কারাবাস ব্যতিক্রম’। কিন্তু প্রশ্ন উঠছে, বাস্তবে এই নীতির প্রয়োগ কি সবার ক্ষেত্রে সমান? কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে, দীর্ঘদিন কারাবন্দি থাকার যুক্তিতে আদালত সাজা স্থগিত করে জামিন দিচ্ছে। আবার কোনো ক্ষেত্রে বছরের পর বছর বিচার শুরু না হলেও জামিন মিলছে না। এই বৈপরীত্যই আজ ভারতের বিচারব্যবস্থা সম্পর্কে একাধিক অস্বস্তিকর প্রশ্ন তুলে দিচ্ছে।
আপনাদের মনে আছে ফাদার স্ট্যান স্বামীর কথা? ৮৪ বছরের আদিবাসী অধিকারকর্মী স্ট্যান স্বামী ভীমা কোরেগাঁও মামলায় ইউএপিএ ধারায় গ্রেপ্তার হয়েছিলেন। পারকিনসন্স সহ গুরুতর শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছিল। ২০২১ সালের ৫ জুলাই বিচারাধীন অবস্থাতেই হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর জামিন খারিজ করার সময় বিশেষ এনআইএ আদালতের বিচারক বলেছিলেন, অভিযুক্তের ব্যক্তিস্বাধীনতার অধিকারের তুলনায় সমাজের সামগ্রিক স্বার্থ বেশি গুরুত্বপূর্ণ। ভীমা কোরেগাঁও মামলার আরও বহু লেখক, কবি, আইনজীবী ও মানবাধিকার কর্মীকে কোনো দোষ প্রমাণ ছাড়াই দীর্ঘ বছর কারাবাস করতে হয়েছে। একজন অসুস্থ বৃদ্ধের ক্ষেত্রে যদি সমাজের স্বার্থ ব্যক্তিস্বাধীনতার উপরে স্থান পায়, তাহলে কীভাবে বিলকিস মামলায় ১৭ বছরের কারাবাসকে জামিনের যুক্তি হিসাবে গ্রহণ করা যায়?
দিল্লি হিংসার ‘বৃহত্তর ষড়যন্ত্র’ মামলায় ইউএপিএ ধারায় অভিযুক্ত উমর খালিদ ও শারজিল ইমামের কথা ধরুন। ২০২০ থেকে ছয় বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দি। অথচ আজও মামলার সাক্ষ্যগ্রহণই শুরু হয়নি। ২০২৬ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট ওই মামলার পাঁচ সহ-অভিযুক্তকে জামিন দিলেও উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করে দেয়। সেই রায়ে শীর্ষ আদালত মন্তব্য করে, ইউএপিএ-র মতো বিশেষ আইনের ক্ষেত্রে বিচারে বিলম্ব বা সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে বর্ণিত ব্যক্তিস্বাধীনতার অধিকার কোনো ‘ট্রাম্প কার্ড’ হিসাবে কাজ করতে পারে না। আবার এর উলটো দিকটা দেখুন। স্বঘোষিত ধর্মগুরু বাবা রামরহিম। ধর্ষণের ঘটনায় ২০১৭ সালে ২০ বছরের সাজা পেয়েছেন। কিন্তু তিনি মাঝে মাঝে জেলে যান। বেশিটাই থাকেন প্যারোলে। এখনও পর্যন্ত ১৭ বার বিভিন্ন কারণে জেল থেকে বেরিয়েছেন। দিনের হিসাব ধরলে ৪৫৭ দিন। বিলকিস মামলার অপরাধীদের অনেকেই অন্তত হাজার দিন জেলের বাইরে কাটিয়েছেন।
এর বাইরেও একটা তথ্য দিই। সরকারি তথ্য। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি’র ‘প্রিজন স্ট্যাটিসটিক্স ইন্ডিয়া ২০২৪’ রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ১ হাজার ৩৩৩ টি কারাগারে মোট ধারণক্ষমতা ছিল ৪ লক্ষ ৫৩ হাজার ৭৬৯ জন। কিন্তু বাস্তবে বন্দি ছিলেন ৫ লক্ষ ১১ হাজার ৫৪২ জন। অর্থাৎ ধারণ ক্ষমতার অনেক বেশি। এই বিপুল সংখ্যক বন্দির মধ্যে ৩ লক্ষ ৭১ হাজার ৪৪০ জন, অর্থাৎ প্রায় ৭২.৬ শতাংশই হলেন বিচারাধীন বন্দি। যাঁদের অপরাধ এখনও আদালতে প্রমাণিত হয়নি। সাজাপ্রাপ্ত বন্দির হার মাত্র ২৬.৬ শতাংশ। আরও উদ্বেগজনক তথ্য হল, এনসিআরবি-র রেকর্ড অনুযায়ী ৯ হাজার ২৮ জন বিচারাধীন বন্দি কোনো দোষ প্রমাণ ছাড়াই পাঁচ বছরের বেশি সময় ধরে জেলে পচছেন। দরিদ্র, দলিত, আদিবাসী ও প্রান্তিক মানুষেরা আদালতের ধার্য করা চড়া অঙ্কের জামিনের বন্ড বা স্থানীয় জামিনদার জোগাড় করতে না পারায় বছরের পর বছর জেল খাটছেন। অথচ সেই ১৯৭৯ সালে ‘হুসেনারা খাতুন বনাম বিহার রাজ্য’ মামলায় সুপ্রিম কোর্ট দ্রুত বিচার পাওয়াকে সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের অবিচ্ছেদ্য অংশ বলে ঘোষণা করেছিল। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ৪৭৯ নম্বর ধারাতেও দীর্ঘদিন বন্দি থাকা বিচারাধীন আসামিদের মুক্তির কথা বলা হয়েছে। কিন্তু নিয়ম আর রূঢ় বাস্তব এক নয়।
এই ঘটনাগুলি যে বিচারব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষের ধারণা খারাপ করবে সেটা মানছেন স্বয়ং বিচারপতিরাই। মাদ্রাজ হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট সাংবাদিক রাজদীপ সারদেশাইকে জানিয়েছেন, ধর্ষণের কোনো ভেদাভেদ হয় না। ধর্ষণটা ধর্ষণই। বিলকিস বানোর মামলায় ধর্ষণের সঙ্গে খুনের ঘটনা জড়িত। ফলে এটা একটা অত্যন্ত ঘৃণ্য অপরাধ। তাই আমার মনে হয়, সুপ্রিম কোর্টের আরও কঠোর হওয়া উচিত ছিল। শীর্ষ আদালতই সমাজকে একটি বিরূপ বার্তা দিচ্ছে বলে খেদ প্রকাশ করেন তিনি। ২০০২ সালের গুজরাত হিংসায় আমেদাবাদের নারোদা পাটিয়া গণহত্যা মামলায় তৎকালীন মন্ত্রী মায়া কোদনানি সহ ৩২ জনকে দোষী সাব্যস্ত করেছিলেন বিচারপতি জ্যোৎস্না ইয়াগনিক। তাঁর মতে, বিলকিস বানোরও আদালতে নিজের বক্তব্য পেশ করার অধিকার ছিল। মানবাধিকার কর্মী শবনম হাশমি বলেছেন, সুপ্রিম কোর্ট নিজেই ২০২৪ সালে এই অপরাধীদের মুক্তির বিরোধিতা করেছিল। এটা অত্যন্ত বেদনাদায়ক যে, এখন তারা নিজেদের রায়েরই বিরুদ্ধে যাচ্ছে। শুধু বিচারপতিরাই নন, রায় নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলিও। ২০২২ সালে দোষীদের মুক্তির সিদ্ধান্তের বিরোধিতায় শীর্ষ আদালতে গিয়েছিলেন সাংসদ মহুয়া মৈত্র। তিনিও এবারের নির্দেশ শুনে বলেছেন, এটা প্রসহন। কংগ্রেস সাংসদ পবন খেরা বলেছেন, তাঁর উপর যে নিষ্ঠুর ও ভয়াবহ অপরাধ সংগঠিত হয়েছিল, সেটাই কি যথেষ্ট ছিল না? এখন তাঁকে নতুন করে অপমান ও মানসিক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। সিপিএমও বলেছে, যুব আন্দোলনকারীরা বছরের পর বছর বিনা বিচারে কারাগারে বন্দি। অথচ ভয়ংকর অপরাধে দোষী সাব্যস্তদের মুক্তি দিতে আদালত কারণ খুঁজছে। বিজেপি প্রত্যাশিতভাবেই চুপ। কারণ তাঁদের বহু নেতাই অতীতে প্রকাশ্যে এই অপরাধীদের ভালো মানুষের সার্টিফিকেট দিয়েছিলেন।
বিচারকের পর্যবেক্ষণ, জামিনের যুক্তি এবং রায়ের সামাজিক প্রভাব—সবকিছুই বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থার সঙ্গে যুক্ত। তাই প্রশ্নটা ব্যক্তির নয়, নীতির। বিলকিস বানো মামলার দুই দোষীকে জামিন দেওয়া হয়েছে বলেই নীতির বিরোধিতা করা হচ্ছে না। ১৭ বছরের কারাবাস, শারীরিক অসুস্থতা এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা এগুলি আদালত বিবেচনা করতেই পারে। কিন্তু প্রশ্নটা তখনই ওঠে, যখন একই যুক্তি অন্য অভিযুক্তদের ক্ষেত্রে সমান গুরুত্ব পায় না। তখনই আম আদমি বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। আর এই মামলার ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হল, সুপ্রিম কোর্ট নিজেই অপরাধীদের আগাম মুক্তির সিদ্ধান্তকে ক্ষমতার অপব্যবহার হিসাবে চিহ্নিত করেছিল। আর এখন সেই নির্দেশ পালটে গেল কিন্তু জানতেও পারলেন না বিলকিস। তাঁর নিজের বয়ানই হল, খবরটা জেনেছি সংবাদমাধ্যম থেকে। তাই দুই দোষীর সাজা স্থগিত হওয়ার বিষয়টিকে নিছক একটি জামিনের আদেশ বলে ধরে নিলে চলবে না। বরং এটি মানুষের ন্যায়বিচার পাওয়ার ধারাবাহিকতা নিয়ে উদ্বেগের প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দেবে।
বিলকিস বানোর মামলা আমাদের দুটি প্রশ্নের মুখোমুখি দাঁড় করাচ্ছে। প্রথমত, বিচারব্যবস্থা কি প্রত্যেকের জন্য সমানভাবে কাজ করছে? দ্বিতীয়ত, আমরা কি এমন একটি সমাজ তৈরি করছি, যেখানে অপরাধের চেয়ে অপরাধীর ধর্ম, জাতি বা রাজনৈতিক পরিচয় বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? এই বৈপরীত্যের জবাব বিচারব্যবস্থাকেই দিতে হবে।
আমাদের মনে রাখতে হবে, বিচার কখনও বেছে বেছে হতে পারে না। মানবাধিকার কখনও ধর্ম বা জাতপাতের পরিচয়ের উপর নির্ভর করতে পারে না। ন্যায়বিচার কোনো বিশেষ সম্প্রদায়ের দাবি নয়। এটি প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। আইন সবার জন্য সমান হলে তার প্রয়োগও সবার ক্ষেত্রে সমান হতে হবে। জামিনের ক্ষেত্রে যেমন, বিচার পাওয়ার ক্ষেত্রেও তেমন। সেটা না হলে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠবেই, জামিন কি সত্যিই আইনের ভিত্তিতে মেলে?
বিলকিস কোনো বিশেষ সুবিধা চাননি। তিনি চেয়েছিলেন ন্যায়বিচার এবং নিজের পরিবারের সঙ্গে শান্তিতে বেঁচে থাকার অধিকার। কিন্তু সেই অধিকার রক্ষার জন্য তাঁকে এখনও লড়াই করতে হচ্ছে। তাই বিলকিসের লড়াই আমাদের সবার লড়াই।


