প্রসঙ্গ মহাভারত
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শ্রীকৃষ্ণ চলেছেন, প্রকৃতি খুশির পসরা ছড়িয়ে দিচ্ছে। জনপদবাসীদের আনন্দ বর্ধন করে তাঁর রথ এবং তিনি চলেছেন। পথের দু-ধারে কৃষ্ণদর্শনাশায় প্রতীক্ষারত তারা। বৃকস্থল গ্রামে তিনি রাত্রিবাস করবেন। কৃষ্ণ আসছেন—ধৃতরাষ্ট্র শুনেই দুর্যোধনকে বললেন: কৃষ্ণ সনাতন ধর্মস্বরূপ। সেই নরশ্রেষ্ঠের সম্মান কর। তিনি সর্বপ্রকারেই আমাদের পূজনীয়—‘স নো মান্যশ্চ পূজ্যশ্চ সর্বথা মধুসূদনঃ।’ ‘স হি ধর্মঃ সনাতনঃ।’ আর তাঁর পূজা করলে সুখ হয়, পূজা না করলে দুঃখ জন্মে—‘পূজিতো হি সুখায় স্যাৎ অসুখঃ স্যাৎ অপূজিতঃ।’ পথে পথে সভাভবন তৈরি কর। ভীষ্মও তা অনুমোদন করলেন। ধৃতরাষ্ট্র জেনেছেন, আগামী কালই কৃষ্ণ হস্তিনানগরে পৌঁছবেন। সেজন্য তিনি তাঁকে কীভাবে পূজা করবেন সেসমস্ত বিদুরকে বললেন: ১৬টি স্বর্ণময় রথ তাঁকে দেব, ৮টি হস্তি দেব, ১০০ দাস, ১০০ দাসী দেব, ১৮ হাজার মহামূল্যবান কম্বল দেব ইত্যাদি ইত্যাদি। বিদুর বিনয়ের সঙ্গে বললেন: রাজা, আপনি যে বহুতর মূল্যবান বস্তু কৃষ্ণকে দিতে যাচ্ছেন তা তাঁর কাছে এমন কী মূল্যবান? তিনি পৃথিবীটাই পেতে পারেন। আসল কথা হলো, আপনি তো ধর্ম উদ্দেশ্য করে বা কৃষ্ণের সন্তোষের জন্য এসব বস্তু দিচ্ছেন না। এটা আপনার একটা কূটকৌশল; এসব মিথ্যা, ছলমাত্র। আপনার বাইরের কাজ দেখে ভিতরের গূঢ় ইচ্ছা আমি জানি—‘জানামি ত্বৎ মতং রাজন! গূঢ়ং বাহ্যেন কর্মণা।’ তিনি ৫টি গ্রাম চান ৫ পাণ্ডবের জন্য, আপনি তো তা-ও দেবেন না। সন্ধি হবে কী করে? আপনি ধনদান করে কৃষ্ণকে আপন কক্ষে আনার ইচ্ছা করছেন, কিন্তু কৃষ্ণের প্রাণের তুল্য অর্জুন তাঁর ত্যাজ্য হবেন কী করে— ‘অত্যাজ্যম্ অস্য জানামি প্রাণৈঃ তুল্যং ধনঞ্জয়ম্।’ প্রীতিকর যা তা-ই করুন। তাঁর বাক্য রক্ষা করুন—‘তদস্য বচনং কুরু।’
দুর্যোধন বলল: বিদুর যা বলেছেন, সবই সত্য। কৃষ্ণ-পাণ্ডব সম্পর্ক অচ্ছেদ্য। আর কৃষ্ণ যে পূজা পাওয়ার যোগ্য নন—এমন নয়। তবে সময়টা সে-পূজার উপযোগী নয়। পূজা করলে তিনি ভাববেন, আমরা ভয়ে তাঁর পূজা করছি। আর আমরা তো যুদ্ধ শুরু করে দিয়েছি। বিনা যুদ্ধে শান্তি আসবে না। ভীষ্ম বললেন: তোমরা কৃষ্ণকে উত্তমরূপে অবলম্বন করে শান্তিলাভ কর। দুর্যোধন বলল: পিতামহ, এমন সম্ভাবনা নেই যে, পাণ্ডবদের সঙ্গে মিলেমিশে ধনসম্পদ ভাগ করব। আমি পাণ্ডবদের পরমাশ্রয় কৃষ্ণকে বেঁধে রাখব—‘পরায়ণং পাণ্ডবানাং নিয়চ্ছামি জনার্দনম্।’ কৃষ্ণকে বেঁধে রাখলেই সমগ্র পৃথিবীটা আমার হবে। ভীত ধৃতরাষ্ট্র অনুরোধ করলেন: কৃষ্ণ বন্ধনের যোগ্য হবেন কী করে? এমন কথা বলো না, এমন কাজ করো না; এ সনাতন ধর্ম নয়। সে দূত এখন। ভীষ্ম ক্রোধে আরক্তনয়ন। বললেন: পাপাত্মা, নৃশংস, ধর্মত্যাগী, দুর্মতি এই দুর্যোধনের বিপত্তিজনক কোন বাক্যই শুনতে চাই না। এই বলে তিনি সভাস্থল ত্যাগ করলেন।

Advertisement

স্বামী সুপর্ণানন্দের ‘প্রসঙ্গ মহাভারত’ থেকে