গ্রামীণ ভোটব্যাংকেও ফাটল
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সকাল দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। মাত্র কয়েক মাস আগের কথা। বিহার, উত্তরপ্রদেশের মতো একাধিক রাজ্যের বিধান পরিষদের ভোটে রীতিমতো পর্যুদস্ত হতে দেখা গিয়েছে বিজেপিকে। শিক্ষিত ভোটারদের ক্ষোভের সেই বহিঃপ্রকাশ দেখে উত্তরপ্রদেশের এনডিএ জোট সরকারের এক মন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, শিক্ষিত মানুষ ওদের ভোট দিয়েছে, তাই এনডিএ প্রার্থীরা হেরেছেন। সে ছিল শহরের ভোট। শুক্রবার বিজেপি শাসিত রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে স্পষ্ট ইঙ্গিত, বিজেপির গ্রামীণ ভোটব্যাংকেও ফাটল ধরতে শুরু করেছে। জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির বেশিরভাগ আসন দখল করেছে কংগ্রেস সহ বিরোধীরা। শহর ও গ্রামের ভোটারদের মত পরিবর্তনের এমন খণ্ডচিত্র দেখে বিরোধীরা স্বভাবতই উল্লসিত। বিপরীতে অস্বস্তিতে শাসক বিজেপি। অনেকেই মনে করছেন, দশ বছর একক সংখ্যাগরিষ্ঠতার পর ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপি ৩০৩ আসন থেকে ২৪০-এ নেমে গিয়ে রাজনৈতিকভাবে বড়ো ধাক্কা খেয়েছে। তারপর থেকে বিভিন্ন রাজ্যে শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ক্ষোভের উদ্‌঩গিরণ, সাম্প্রতিক জেন-জি ও বিরোধী ইন্ডিয়া মঞ্চের আন্দোলন, কর্মসংস্থান থেকে মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণের উদ্বেগ—সব মিলিয়ে দেশের রাজনীতিতে এক পরিবর্তনের বাতাবরণ তৈরি হচ্ছে। ২০২৯-এর লোকসভা নির্বাচনের আগে রাজস্থানের ফলাফল সেই পরিবর্তনেরই হয়তো পূর্বাভাস। ব্যাকফুটে শাসক। 

Advertisement

পরিবর্তনের সম্ভাবনার পিছনে সবচেয়ে বড়ো কারণ বোধহয় অর্থনৈতিক অবস্থা। দেশের জিডিপি বাড়ছে, পরিকাঠামোর উন্নতি হচ্ছে, ডিজিটাল পরিষেবা বিস্তৃত হচ্ছে, কিন্তু তার সুফল সাধারণ মানুষ পাচ্ছেন না। দেশের শিক্ষিত যুবকদের কাছে উপযুক্ত চাকরি একটি বড়ো সমস্যা। খোদ প্রধানমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, চাকরি কোথায়? অন্যদিকে কৃষকদের ফসলের ন্যায্য দাম, ঋণ ও উৎপাদন খরচ নিয়ে তাঁরা গভীর সমস্যায় রয়েছেন। শিল্পে মুনাফা বাড়লেও সেই অনুপাতে কর্মসংস্থান ও বেতন যে বাড়ছে না, সেই স্বীকারোক্তি শোনা গিয়েছে খোদ প্রধানমন্ত্রীর মুখেই। সেইসঙ্গে মূল্যবৃদ্ধির চাপে গরিব-মধ্যবিত্তের হেঁশেলে ত্রাহি মধুসূদন অবস্থা। এর সঙ্গে যুক্ত হয়েছে কেন্দ্র-বিরোধী শাসিত রাজ্যের সম্পর্কে অবনতি ও বৈষম্যের অভিযোগ, তদন্তকারী সংস্থাগুলিকে শাসকের রাজনৈতিক স্বার্থে ব্যবহার, নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন সহ নানা বিতর্কিত ইস্যু। মুদ্রার উলটোপিঠে দেশের ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদের ঐতিহ্য ও সংস্কৃতি আজ কড়া চ্যালেঞ্জের সম্মুখীন। দেশকে হিন্দুরাষ্ট্র তৈরি করার লক্ষ্যে শাসক দল যেভাবে গায়ের জোরে হিন্দুত্ব প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার চালাচ্ছে, ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতিকে লালনপালন করা হচ্ছে— তা আসলে দেশের সংবিধানকেই চ্যালেঞ্জ জানানো। এই সত্য আর ধামাচাপা দেওয়া যাচ্ছে না। সর্বোপরি কেউ এসবের প্রতিবাদ করলেই ‘দিমাগি নকশাল’ বলে দেগে দেওয়া হচ্ছে! এই সবের কারণেই যে বিজেপি অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। বস্তুত, বিভিন্ন রাজ্যে বিধান পরিষদ ও রাজস্থানের পঞ্চায়েতের ফলাফল বৃহত্তর অর্থে মোদি সরকারের সর্বব্যাপী ব্যর্থতাকেই তুলে ধরে চোখে আঙুল দিয়ে বাস্তব পরিস্থিতিটা দেখিয়ে দিচ্ছে। 
কিন্তু সরকারের বিরুদ্ধে অসন্তোষ মানেই ক্ষমতার পরিবর্তন নয়। তার জন্য প্রয়োজন বিশ্বাসযোগ্য বিকল্প। শুধু মোদি বিরোধিতা দিয়ে পরিবর্তন হবে না। এ জন্য কর্মসংস্থান, কৃষি, মূল্যবৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তার মতো জ্বলন্ত ইস্যুগুলি নিয়ে মানুষের মনে বিশ্বাসযোগ্য বিকল্প কর্মসূচি রাখতে হবে বিরোধীদের। আগামী বছর ২০২৭-এ বিজেপি শাসিত পাঁচ রাজ্যে ভোট। এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, গুজরাতের মতো রাজ্য। ২০২৮-এ রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ত্রিপুরার মতো বিজেপি শাসিত রাজ্যের বিধানসভা ভোট রয়েছে। সন্দেহ নেই, ২০২৯-এর লোকসভা ভোটে কেমন ফলাফল হতে পারে, তার একটা আভাস পাওয়া যাবে এই রাজ্যগুলির ভোটের ফলাফলে। বিশেষজ্ঞদের একাংশের মতে, আপাতত তিনটি সম্ভাবনাই যথেষ্ট শক্তিশালী। এক, সরকার ও বিজেপি-বিরোধী ক্ষোভ ও আন্দোলন আরও জোরদার হতে পারে, দুই, বিরোধীরা সুযোগ পেয়েও হয়তো ঐক্যবদ্ধ হতে পারবে না। অথবা তিন, বিজেপি সময় থাকতে নিজেদের গুছিয়ে নেবে। সুতরাং, শেষপর্যন্ত লড়াইটা শুধু মোদি বনাম বিরোধীরা নয়। আসলে মোদি সরকারের ধারাবাহিক ব্যর্থতার কারণে বিজেপির ভোটব্যাংকে ফাটল তৈরি হয়েছে এবং সেই কারণে দিনবদলের স্বপ্ন দেখতে কোনো বাধাও নেই মানুষের। কিন্তু মানুষের সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে এই সুযোগকে একজোট হয়েই কাজে লাগাতে হবে বিরোধীদের। সেই সম্ভাবনা কতটা, তা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ এখনও আছে। সোজা কথায়, এখনও বিরোধীরা নিজেদের মধ্যে নানা ইস্যুতে মতবিরোধ চালিয়ে যাচ্ছে! কিন্তু নিজেদের মধ্যে লড়াই করে যাবতীয় সম্ভাবনার অপমৃত্যু ঘটালে ইতিহাস তাদের ক্ষমা করবে না। মনে রাখতে হবে, বিরোধী ঐক্যে ফাটল থাকলে বিজেপির ভরসার জায়গা সেটাই। তাই পরিবর্তনের স্বপ্ন দেখতে হলে বিরোধী ইন্ডিয়া মঞ্চকে ঐক্যবদ্ধ হয়েই লড়াইয়ের মাঠে নামতে হবে।