তোলাবাজি: গর্জন তো হচ্ছে, বর্ষণ কোথায়?
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তন্ময় মল্লিক: বাংলায় একটা প্রবাদ আছে, ‘টকের জ্বালায় পালিয়ে গিয়ে তেঁতুলতলায় বাস।’ বিজেপির তোলাবাজি নিয়ে বিরক্ত লোকজন এখন এমনটাই ভাবছে। তৃণমূলের তোলাবাজি থেকে রেহাই পাওয়ার আশায় মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল। কিন্তু, পালাবদলের পর রাজ্যে যে হারে তোলাবাজি শুরু হয়েছে, তাতে মুক্তির আশা নেই। বরং তৃণমূল যেখানে শেষ করেছিল, বিজেপি শুরুটা করেছে সেখান থেকেই। তোলাবাজি নিয়ে বিজেপির অনেক নেতানেত্রী ক্ষোভ জানাচ্ছেন। তাঁরা প্রকাশ্যে খুল্লামখুল্লা সমালোচনা করছেন। কিন্তু, পরিস্থিতি বদলাচ্ছে না। এসব দেখে নিন্দুকেরা বলছে, বিজেপি সাপ হয়ে কামড়ে ওঝা হয়ে ঝাড়ছে। তাই বিষ নামার বদলে উঠছে মাথায়।

Advertisement

পূর্বতন সরকারের আমলে বিভিন্ন সামাজিক প্রকল্পের সৌজন্যে মানুষ মোটামুটি খুশিই ছিল। তবে, তাদের প্রকল্পের লাভের গুড় অনেকটাই সাবাড় করে দিয়েছিল নিয়োগ দুর্নীতি ও তোলাবাজি। সামাজিক প্রকল্পের সুবিধা পেতে গেলে কাটমানি দেওয়াটা একপ্রকার প্রথা হয়ে গিয়েছিল। তাতে বেনিফিসিয়ারিরা খুশির চেয়ে নেতাদের উপর চটতেন বেশি। বিজেপির দিল্লির নেতারা বাংলায় এসে একটা কথাই বলতেন, ‘তাঁরা ক্ষমতায় এলে দুর্নীতি এবং তোলাবাজি বন্ধ হবে। না খাউঙ্গা না খানে দুঙ্গা।’ মানুষ তাঁদের বিশ্বাস করেছিল। রাজ্যে পালাবদল তারই ফল।
বাংলায় বিজেপি সরকারের বয়স ছ’মাস। এরই মধ্যে তোলাবাজি এমন পর্যায়ে পৌঁছেছে যে বহু বিজেপি নেতাও সহ্য করতে পারছেন না। কেউ মিডিয়ার সামনে ক্ষোভ উগরে দিচ্ছেন। কেউ মাইক হাতে রাস্তায় নেমে তোলাবাজির প্রতিবাদ জানাচ্ছেন। সেই তালিকায় বিধায়ক থেকে মন্ত্রী, সকলেই রয়েছেন। এব্যাপারে দৃষ্টান্ত তৈরি করেছেন বেলডাঙার বিজেপি বিধায়ক ভরত ঝাওর। তাঁর কথায়, বিজেপির কিছু নেতা কর্মী ও অসাধু ব্যক্তি লাগাতার কাটমানি তুলছে। আবাস ও অন্নপূর্ণা যোজনার নাম করে তোলাবাজি হচ্ছে। যাদের টাকা দিয়েছেন তাদের নাম জানান। টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করব। 
তাঁর দাবি, একাধিকবার তোলাবাজদের নামের তালিকা প্রশাসনের কাছে দিয়েও লাভ হয়নি। তাই রাস্তায় নেমেছেন। ভরতবাবু যখন তৃণমূলে ছিলেন তখনও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তাই তোলাবাজি বন্ধের ব্যাপারে তাঁর আন্তরিকতা ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন নেই। কিন্তু ভরতবাবু, মানুষ অভিযোগ জানাবে কোন সাহসে? অভিযোগ জানাতে গেলে লাগে খুঁটির জোর আর বুকের পাটা। বিজেপি বিরোধীদের যা অবস্থা করেছে তাতে ‘খুঁটি’ বলে কিছুই অবশিষ্ট নেই। যাঁদের ভরসায় মানুষ প্রতিবাদ করে সেই নেতারাই জেলযাত্রার ভয়ে ‘গৃহবন্দি’। ‘ভালো তৃণমূল’ সেজেও নিজের কেন্দ্রে যাওয়ার লাইসেন্স পাচ্ছেন না বহু বিধায়ক। আর কিছু সাংসদের কথা না বলাই ভালো। ২০জন তো ঘোষণাই করে দিয়েছেন, তাঁরা বিজেপির শরিক। এই অবস্থায় বিরোধিতা মানে জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই। তাই পাগল না হলে বিরোধীরা বিজেপির মাতব্বরদের বিরুদ্ধে নালিশ ঠুকতে যাবে না।
ফলে পরিণতি যা হওয়ার সেটাই হচ্ছে। তোলাবাজি মাত্রা ছাড়াচ্ছে। পরিস্থিতি বেগতিক দেখে তৃণমূলের বহু প্রধান, সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি পদত্যাগ করেছেন। তাতেও রেহাই পাচ্ছেন না। মোটা টাকা ‘জরিমানা’ আদায় করা হচ্ছে। বলছে, এতদিনের কামাইয়ের ভাগ দিতে হবে। না দিলেই লোকজন বাড়িতে গিয়ে হুজ্জুতি করবে। তাতেও কাজ না হলে সোজা জেল। গোদা বাংলায়, চোরের উপর বাটপারি চলছে। 
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের এক পঞ্চায়েতের উপপ্রধানের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা দাবি করার অডিও প্রকাশ্যে এসেছে। তাতে শোনা যাচ্ছে, ওই উপপ্রধানকে বিজেপি নেতা বলছেন, পাঁচ লক্ষ টাকা দিতে হবে। উপপ্রধান অক্ষমতা প্রকাশ করে বলেন, চাপ দিলে সপরিবারে আত্মহত্যা করতে হবে। বিজেপি নেতার দাবি, জেলা এবং রাজ্যের নির্দেশেই তিনি টাকা চাইছেন। কাকুতি মিনতিতে কাজ না হওয়ায় উপপ্রধান থানায় অভিযোগ জানান। কিন্তু, কোনো লাভ হয়নি। দলও ব্যবস্থা নেয়নি।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ক্যান্সারের মতোই বিপজ্জনক তোলাবজি। বিজেপি নেতৃত্ব রোগটা ধরেছে। কিন্তু, ‘সাইড এফেক্টে’র কথা চিন্তা করে ‘কেমো’ দিচ্ছে না। সব দোষ ‘চার ঘণ্টায় বিজেপি’র উপর চাপিয়ে দিয়ে হাত ধুয়ে ফেলছে। তাতে ক্যান্সার গোটা শরীরে ছড়াচ্ছে। তবে, ‘ফোর্থ স্টেজে’ চলে গেলে কোনো ‘কেমো’ই আর কাজ করবে না। 
বিজেপির তোলাবাজির প্রতিবাদ করার দম সাধারণ মানুষের নেই। তাই কিল খেয়ে কিল হজম করছে। প্রতিবাদ যেটুকু সেটা বিজেপির লোকজনই করছে। তবে, প্রতিবাদের জায়গাটাও দিন দিন সঙ্কুচিত হবে। কারণ প্রতিবাদের পরিণতি কী, সেটা পানিহাটির অরূপ সাহাকে দেখে সবাই বুঝতে পেরেছে। ব্যবসায়ীকে মারধরের ও তোলাবাজির প্রতিবাদ করেছিলেন অরূপবাবু। তার হিসাব চোকাতে হল জীবন দিয়ে। চুপ থাকতে পারেননি স্থানীয় বিধায়ক রত্না দেবনাথ। অরূপবাবুর সদ্য বিধবা স্ত্রীর পাশে বসে তিনি বলেছিলেন, ‘বিজেপি যদি না জিতত তাহলেই বোধহয় ভালো হত।’ 
এখানেই তিনি থেমে থাকেননি। এই পরিণতির জন্য রত্নাদেবী জেলার শীর্ষ নেতৃত্বের দিকে আঙুল তুলেছিলেন। বলেছিলেন, পুরসভার প্রতি ওয়ার্ডে তৃণমূলের লোকজনকে বসিয়ে দেওয়া হয়েছে। তারজন্যই আজ এই পরিণতি। অভয়ার মায়ের এই মন্তব্য রীতিমতো আলোড়ন ফেলে দেয়। পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ‘সমস্যা থাকলে 
পার্টিতেই বলা উচিত। মিডিয়ায় বললে সমস্যার সমাধান হয় না।’ 
‘সেয়ানা কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়।’ রত্নাদেবী তাঁর অবস্থান বদলাতে ২৪ ঘণ্টাও সময় নেননি। তাঁর বিতর্কিত বক্তব্যের দায় মিডিয়ার উপর চাপালেন। প্রেস বিবৃতি দিলেন, ‘দল ও সংগঠনের সঙ্গে আমি ছিলাম, আছি এবং আগামী দিনেও আমি নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে থাকব।’ রত্নাদেবী বিজেপির টিকিটে জিতেছেন। বিজেপি ক্ষমতায় রয়েছে। তাই তিনি বিজেপিতে থাকবেন, সেটাই স্বাভাবিক। সেটা কি প্রেস বিবৃতি দিয়ে জানানোর খুব প্রয়োজন ছিল? মোটেই ছিল না। তবুও দিলেন। কারণ দলীয় নেতৃত্বের চাপ। বিজেপির শীর্ষ নেতৃত্ব শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে বলেই তোলাবাজি রোগ দ্রুত ছড়াচ্ছে।
তোলাবাজি নিয়ে বিজেপির লোকজন অভিযোগ জানালেও পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। এই অভিযোগ বেলডাঙার বিজেপি বিধায়কের। আসলে পুলিশ বুঝতে পারছে না, কার পক্ষ নেবে। অভিযোগকারী, নাকি অভিযুক্তের।
কোন পক্ষের কানেকশন কত দূর, সেটা পুলিশ এখনও বুঝতে পারছে না। সেটাই স্বাভাবিক। বৃষ্টির জল নদীতে পড়লে নদীর জল ঘোলা হয়। জল না থিতলে তা ব্যবহারযোগ্য হয় না। পালাবদলের পর বিভিন্ন দল থেকে বিজেপিতেও লোকজন ঢুকেছে। পুলিশ ‘জল’ থিতনোর জন্য সময় নিচ্ছে। হটকারী ব্যবস্থা নিলে রোষের মুখে পড়ার আশঙ্কা প্রবল। তাই আপাতত নালিশ বা নির্দেশ উচ্চপর্যায় থেকে না আসা পর্যন্ত পুলিশ হাত গুটিয়ে থাকছে। নন্দকুমার-১ মণ্ডলের সহ সভাপতি অভিজিৎ করণের ক্ষেত্রে সেটাই ঘটেছিল। 
পদাধিকার বলে অভিজিৎ করণ তেমন কেউকেটা নন। তবে, মণ্ডলের সহ সভাপতি হলেও ওঠাবসা ছিল কেন্দ্রীয় নেতা-মন্ত্রীদের সঙ্গে। সেই অভিজিতের বিরুদ্ধে ছ’ কোটি টাকা তোলাবাজির অভিযোগ। মাত্র ছ’মাসে। পুলিশের কাছে খবর ছিল না, এমনটা নয়। তাও ব্যবস্থা নেয়নি। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টি জানার পর অভিযুক্তের হাতে পড়ল হাতকড়া। বিষয়টি মুখ্যমন্ত্রীর গোচরে না এলে তোলাবাজির অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াত, তা কল্পনা করাও কঠিন।
শমীক ভট্টাচার্য থেকে নেতা-মন্ত্রী সকলেই যখন দিশেহারা তখন তোলাবাজি ঠেকানোর দাওয়াই বাতলেছেন নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল। তাঁর দাবি, ‘চোরেরা কনভার্ট হচ্ছে—জয়বাংলা ছেড়ে জয় শ্রীরামে। দ্রুত এসআইআর প্রয়োজন দলেই।’ 
একেবারে হক কথা বলেছেন প্রলয়বাবু। তোলাবাজদের অনুপ্রবেশ শাসক দল ঠেকাতে না পারলে ‘ডবল ইঞ্জিন’ সরকারকে ঘিরে মানুষের প্রত্যাশা ভেঙে চুরমার হবে। তাই বিজেপিতে এসআইআর দরকার। কিন্তু সমস্যা হচ্ছে, ‘জ্ঞানেশ কুমার’ কে হবেন? সেই ‘রক্ষাকবচ’ তো বঙ্গ বিজেপির কারো নেই। সকলের অবস্থাই পদ্মপাতায় জলের মতো। টলমল করছে। যে কোনো সময় টুপ করে পড়ে যেতে পারে। পদক্ষেপ করলে যদি চেয়ার যায়! সেই ভয়েই গর্জন বেশি, বর্ষণ নেই।