সমৃদ্ধ দত্ত: বঙ্গ বিজেপির কিছু কাজ দেখলে সন্দেহ হয় যে, তারা যেন দ্রুত জনপ্রিয়তা হারানোর জন্য নিজেরাই অত্যন্ত মরিয়া হয়ে উঠেছে। এমন কিছু কর্মসূচির সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলছে দলের একাংশ, যা সাধারণ মানুষের মধ্যে বিরক্তির সৃষ্টি করছে। কিন্তু একটি দল ৬ মাস ক্ষমতায় এসে নিজেরাই আত্মঘাতী সিদ্ধান্ত এবং কার্যকলাপের মাধ্যমে এভাবে নিজের ভোটারদেরই ক্ষুব্ধ ও বীতশ্রদ্ধ করে তুলতে সচেষ্ট হবে সচেতনভাবে, এটা তো বিশ্বাসযোগ্য নয়। স্বাভাবিকও নয়। তাহলে ঠিক সমস্যাটা কোথায়? দলের অন্দরেই অন্তর্ঘাত চলছে না তো? দল ও সরকারের বদনাম হয়ে যাক এটা কারা চাইছে? কেন চাইছে? যারা করছে তাদের দমন করা যাচ্ছে না কেন? যাচ্ছে না? নাকি সম্ভব হচ্ছে না? এরকম অনেক প্রশ্ন উত্থাপিত হচ্ছে। বিজেপি বহু রাজ্যে অতীতে এবং সম্প্রতি ক্ষমতায় এসেছে। কোথাও তো এই অরাজকতা চলছে না! শিক্ষিত ভদ্রলোক শান্তিপ্রিয় শ্রেণিকে বিক্ষুব্ধ করে দিতে কোনো সরকারই চাইবে না। বরং সর্বদাই দেখা যায় এই শ্রেণিকে কাছে টানতে চায় সকল শাসক। বঙ্গ বিজেপি তাহলে এমন কাজ নিরন্তর করে চলেছে কেন হঠাৎ, যাতে এই শিক্ষিত ভদ্রলোক শ্রেণি সবার আগে বিরক্ত হয়? কারা এই প্ল্যানের পিছনে? অন্য রাজ্যে বিজেপির সরকার এরকম করছে না। বঙ্গে করছে কেন?
নতুন ক্ষমতায় আসা একটি সরকার সর্বদাই পূর্বতন সরকার ও শাসক দল থেকে নিজেকে সম্পূর্ণ ভিন্ন পথে চালিত করে দ্রুত প্রমাণ করার চেষ্টা করবে যে, তারা অন্যরকম। তারা আগের ভুল কিংবা
অন্যায় অপরাধ করবে না। অথচ বাংলায় বিজেপির একাংশ ঠিক বিপরীত আচরণ করছে। বরং
তৃণমূল আমলকেও সবদিক থেকে ছাপিয়ে যাওয়ার এক তাড়নায় যেন দৌড় শুরু করেছে দলের সমর্থক হিসাবে নিজেদের আখ্যা দেওয়া কর্মী, ছাত্র, ক্যাডারবাহিনী। একথা বিজেপি বিরোধীরা শুধু নয়, বিজেপির সর্বোচ্চ পর্যায়ের নেতারাই বলছেন প্রকাশ্যে। বোঝাই যাচ্ছে যে, তাঁরাও বিরক্ত এবং শঙ্কিত। কারণ, তাঁরাও যেন দিশাহারা যে, এসব কী হচ্ছে? কেন হচ্ছে? কারা করছে?
যে কারণগুলির জন্য বিজেপির বদনাম হচ্ছে, তার একটাও এমন নয় যে, প্রতিহত করা যায় না। সর্বোচ্চ স্তর থেকে কঠোর ধমক, ব্যবস্থা এবং কড়া বিধিনিষেধ দেখালেই এসব বন্ধ করা যায়। কিন্তু বঙ্গ বিজেপির মধ্যে সবথেকে বেশি যা প্রকট হচ্ছে, সেটি হল, দলে নিয়ন্ত্রণহীনতা। দলের কার উপর যে কার নিয়ন্ত্রণ, এটাই স্পষ্ট নয়। যে কার্যকলাপের জন্য বিজেপিকে এভাবে জনপ্রিয়তা হারাতে হচ্ছে, তার প্রত্যেকটি হল অপ্রয়োজনীয়। সরকার কিংবা দলের জন্য সেগুলি কোনোভাবেই উপকার করবে না। যারা এসবের সঙ্গে যুক্ত, তাদের ছাড়াই সরকার এবং দল চলবে। কিন্তু ব্যর্থ হিসাবে গণ্য হয়ে যাবে ক্রমেই দল এবং সরকার উভয় পক্ষই।
কিন্তু রহস্য হল, বঙ্গ বিজেপি একেবারে নিচুতলার এইসব ফ্রিঞ্জ এলিমেন্টকে পর্যন্ত দমন করতে পারছে না। কেন পারছে না? দেখেই বোঝা যাচ্ছে, একটি বিরাট অংশ এরকম কর্মী সমর্থক ক্যাডার উপরতলাকে ভয়ই পাচ্ছে না। তাদের আচার আচরণ কথাবার্তায় বেপরোয়া ভাব। তারা যেন বুঝতে পারছে না যে, এরকম সব কাণ্ড ঘটিয়ে আসলে দল ও সরকারকে তারা বিপুল ক্ষতি করে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হল, এভাবে অবাধে আইনশৃঙ্খলাকে অগ্রাহ্য করে গ্রাম শহরে দাপিয়ে বেড়ানোর সাহস তারা পাচ্ছে কীভাবে? তাদের মদতদাতা কে বা কারা? প্রত্যক্ষ প্রশ্রয় ও অভয়বাণী না থাকলে তো এরকম লাগাতার অরাজকতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাওয়া সম্ভব হত না! তাহলে কি সরকারের সর্বোচ্চ স্তর, দলের সর্বোচ্চ স্তরের বাইরে তৃতীয় কোনো স্বার্থান্বেষী চক্র কাজ করছে বিজেপির মধ্যে? কারা তারা?
সুতরাং বঙ্গ বিজেপি ও সরকারের সর্বোচ্চ নেতৃত্বকে আগে সন্ধান করতে হবে যে, দল ও সরকারকে বদনাম করার জন্য দলের মধ্যে থেকেই কোনো শক্তিশালী অংশ সক্রিয় নয় তো? তাদের লক্ষ্য ও স্বার্থ কী? কারণ, যে দলই ক্ষমতায় আসুক, এটা খুব অস্বাভাবিক যে, বাংলার সংস্কৃতিতে বইয়ের দোকান ভেঙে দেওয়া হল, বইয়ের উপর বোমা ছোড়া হল কিংবা বিরোধীদের উপর লাগাতার ডিম ছোড়া হচ্ছে অত্যন্ত সংগঠিতভাবে। বিরোধীদের সভা সমাবেশ করতে দেওয়া হবে না। এর কোনোটাই কিন্তু স্বাভবিক নয়। এই নতুন রাজনীতিকে হঠাৎ বিজেপির স্ট্র্যাটেজি হিসাবে প্রতিষ্ঠা করার প্রবল প্রবণতা ঠিক কোন কারণে কারা নিয়ে এসেছে? পৃথকভাবে দেখলে এর প্রত্যেকটি আইনভঙ্গ। অথচ ভিডিয়োতে সিংহভাগ ক্ষেত্রেই দেখা যায় আইনরক্ষক পুলিশ নীরব ও নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে দেখছে! এই ছবিটি প্রচারও হচ্ছে সুকৌশলে সোশ্যাল মিডিয়ায়। সেখানে বিরোধীরা বলার সুযোগ পাচ্ছে যে, এই তো পুলিশ চুপচাপ এই অরাজকতা দেখছে। কিছু করছে না। যা আদতে সরকারের দুর্বলতা ও ব্যর্থতার দিকে অঙ্গুলিনির্দেশ করে। সবটাই যেন একটা প্যাটার্ন। তৃণমূলের বিরুদ্ধে সবথেকে বড়ো অভিযোগ ছিল, তোলাবাজি, সিন্ডিকেট, দুর্নীতি। বিজেপিকে অবিজেপি ভোটারও ভোট দিয়েছে সেইসবের বিরুদ্ধাচারণের লক্ষ্যে। কিন্তু ক্ষমতাসীন হওয়ার পর দেখা যাচ্ছে সেইসব কার্যেই বিজেপির একাংশ জড়িত।
দলের প্রথম সারির নেতৃত্বের একাংশ নিয়ম করে বলছেন, অরাজকতা চলছে। মন্ত্রী বলছেন তোলাবাজি চলছে। কিন্তু কাকে বলছেন? সরকারে তো তারাই। এই অভিযোগ করে কী লাভ? মানুষ দেখতে চাইছে সক্রিয় ব্যবস্থা। বিজেপির অন্যতম পরিচয় হল রেজিমেন্টেড দল। অর্থাৎ সুসংগঠিত এবং সুশৃঙ্খল। শৃঙ্খলা বলতে দলীয় ডিসিপ্লিন। কিন্তু বিগত কিছু বছর ধরে দেখা গিয়েছে এই পরিচয় ক্রমেই ভেঙে গিয়েছে। বাংলায় প্রথমবার সরকারে আসার পর সেই শৃঙ্খলা যেন সম্পূর্ণ উধাও।
ক্ষমতাসীন হওয়ার কমবেশি ১২ বছর পর থেকে সিপিএমে বেনোজল ঢুকতে শুরু করেছিল। ঠেকানো যায়নি। প্রবীণ মন্ত্রী বিনয় চৌধুরী বিরক্ত হয়ে বলেছিলেন, এটা প্রমোটারের সরকারে পরিণত হয়েছে। পরবর্তীকালে শোনা যায় চোরদের ক্যাবিনেটে আমি থাকব না বলে বুদ্ধদেব ভট্টাচার্য পদত্যাগ করেছিলেন। কিন্তু সমস্যা আটকানো যায়নি। সিপিএমের নীতি ও আদর্শ বিচ্যুতির জন্য তাদের বিরুদ্ধে কেউ ভোট দেয়নি। তাদের বিরুদ্ধাচারণ করা হয়েছিল পাড়ায় পাড়ায় একাধিক মুখ্যমন্ত্রী তৈরি হয়ে যাওয়ায়। তারা সকলের সব ব্যাপারে হস্তক্ষেপ করত। সমাজের প্রধান বিচারপতি যেন তারাই। এই অংশের জন্যই প্রবলভাবে মানুষ ক্ষুব্ধ হয়। তৃণমূল সরকারের আমলেও এভাবে সাধারণ মানুষকে প্রতিদিন ক্ষুব্ধ করা, ক্রুদ্ধ করা, বিরক্ত করা শুরু হয়নি প্রথমেই। ধীরে ধীরে দ্বিতীয় সরকার ক্ষমতাসীন হওয়ার পর যথারীতি তোলাবাজি, সিন্ডিকেট, দাদাগিরি বেশি করে গ্রাস করেছে দলকে। ২০২১ সালের পর আরও বেড়েছে। সুতরাং তৃণমূলও বিদায় নিয়েছে।
মাত্র ৬ মাসের মধ্যেই বিজেপির প্রতি বহু মানুষের যেন মোহভঙ্গ হচ্ছে। এখনও বিজেপির রাজনীতি নিজেদের দলকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে না। তাদের একাংশ তৃণমূলকে আক্রমণ করছে। সিপিএমকে আক্রমণ করছে। এসব নিয়ে বেশি প্রচার হচ্ছে। পাশাপাশি সিংহভাগ চর্চা তৃণমূলের ভেঙে যাওয়া অংশ নিয়ে। তাদের ভবিষ্যৎ কী হবে, কে পাবে প্রতীক, এদের কি বিজেপি প্রার্থী করবে ভবিষ্যতে—এসব জল্পনাই সবথেকে বেশি রাজনৈতিক আলোচনা বঙ্গে। অথচ বিজেপি দল সম্পর্কে যখন আলোচনা হচ্ছে, তখন দেখা যাচ্ছে সবটাই নেগেটিভ কারণে। মন্ত্রী, বিধায়করা যে যেমন পারছেন মন্তব্য করছেন। সামনে মিডিয়া দেখলে নিজেদের নিয়ন্ত্রণ, সংযত করতে পারছেন না তাঁরা। কিছু যেন বলতেই হবে। হাস্যকর, উপহাসযোগ্য কথা বলে সোশ্যাল মিডিয়ায় অযথা ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হচ্ছেন। যাঁরা নেতা ছিলেন তাঁরা বুঝতেই পারছেন না যে, নেতা আর বিধায়ক অথবা মন্ত্রী হওয়ার পার্থক্য আছে। সেই ওজন, সেই ব্যক্তিত্ব, সেই দায়িত্ববোধ দেখা যাচ্ছে না। বরং প্রচার ও প্রতিষ্ঠা পাচ্ছে যে, অযোগ্যদের হাতে দায়িত্ব গিয়েছে।
বিজেপি সমর্থক, কর্মী, নেতাদের এটা ভেবে দেখা দরকার যে, তাদের দল ও সরকার সম্পর্কে ইতিবাচক আলোচনা, চর্চা কমে যাচ্ছে কেন? সরকারের প্রকৃত কাজ ঢেকে যাচ্ছে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত কার্যকলাপে? কারা এই কার্যকলাপের কারিগর? চক্রান্ত হচ্ছে না তো দলের মধ্যে? বই লক্ষ্য করে বোমা মারা, বুকস্টল ভেঙে দেওয়া, অবাধে তোলাবাজি করা, অশিক্ষিত আচরণ করা, মেডিকেল কলেজে হামলা করা, এই কাজগুলির দ্বারা দল ও সরকারের কী উপকার হচ্ছে? আর দল ও সরকারকে ভেবে দেখতে হবে, সর্ষের মধ্যে ভূত কারা? যাদের দিয়ে বিরোধীদের শায়েস্তা করা যাবে বলে ভাবা হচ্ছে, তারাই দলের সবথেকে বেশি লোকসান করছে না তো? বঙ্গ বিজেপির প্রকৃত সংকট কিন্তু আদি বনাম নব্য! আদিরা বেশি গুরুত্ব পাচ্ছে? নাকি নব্যরা? লাভ লোকসান কোনটায় বেশি? ঠান্ডা মাথায় ভাবুক বিজেপি!


