তোলাবাজির অমৃতকাল
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তোলাবাজি এখন ‘নিউ নর্মাল’! উপলব্ধি স্বয়ং রাজ্যের অর্থমন্ত্রীর। তোলাবাজদের হাত থেকে বাংলাকে বাঁচাতে এখন (অন্তত মৌখিকভাবে) দিনরাত এক করে ফেলছেন বিজেপির রাজ্য সভাপতি থেকে রাজ্যের মন্ত্রী, বিধায়ক, মায় শাসকদলের সাংগঠনিক নেতাও। কেউ সভায় গর্জন করছেন। কেউ মাইক হাতে রাস্তায় নামছেন। কেউ ফেসবুকে হুঁশিয়ারি দিচ্ছেন। কেউ আবার থানায় অভিযোগ জানাতে বলছেন। তবু তোলাবাজি থামছে না। বরং অভিযোগের বহর দেখে মনে হচ্ছে, রাজ্যে নতুন সরকার আসার পর তোলাবাজিরও যেন নতুন নতুন শাখা খুলেছে। আর সেই তোলাবাজদের পরিচয়? অতি-অবশ্যই বিজেপি নেতা কিংবা কর্মী। দলের শীর্ষ নেতারা অবশ্য তাঁদের আর একটা পরিচয় জানেন। সেটা হল, অভিযুক্তরা আসল বিজেপি নয়। তৃণমূল-সিপিএম থেকে আসা ‘খারাপ’ বিজেপি! তমলুক তথা নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পালের সাম্প্রতিক ফেসবুক পোস্ট যেন দলের অন্দরমহলের দরজাটাই খুলে দিয়েছে। তাঁর বক্তব্য, ‘চোরেরা কনভার্ট হচ্ছে জয় বাংলা থেকে জয় শ্রীরামে! দ্রুত দলে এসআইআর প্রয়োজন।’ কথাটা নিছক ফেসবুকের রসিকতা নয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই প্রলয় পালের সঙ্গেই ফোনে কথা বলেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে সাহায্য চেয়েছিলেন। প্রলয় তখন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতা। সেই শুভেন্দু আজ মুখ্যমন্ত্রী। আর তাঁর দলেরই এক নেতা আজ নিজের দলের সদস্য-তালিকা সংশোধনের দাবি তুলছেন। রাজনীতির কী অদ্ভুত সমাপতন! একসময় তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে ক্ষমতায় আসা দলের নেতারাই এখন নিজেদের ঘর সামলাতে নাজেহাল।

Advertisement

রাজ্যে পালাবদলের পরের ছ’মাসেই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে চাকরি ও কাজের বরাত পাইয়ে দেওয়ার নামে ৬ কোটি টাকা হাতানোর অভিযোগ উঠেছে নন্দকুমারের এক বিজেপি নেতার দিকে। স্বয়ং শুভেন্দু অধিকারী বিষয়টি জানতে পেরে অভিযুক্তকে গ্রেপ্তার করিয়েছেন। ভাবুন তো মুখ্যমন্ত্রীর কাছে তোলাবাজির খবর আছে, পুলিশের কাছে নেই! সামান্য তোলাবাজ ধরতেও মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিতে হবে? কেন? অভিযুক্ত বিজেপির নেতা বলে? এভাবে কতজনকে ধরাতে পারবেন তিনি? তাঁর কি আর কোনো কাজ নেই? সম্প্রতি পানিহাটিতে এক ব্যবসায়ীকে মারধর ও তোলাবাজির অভিযোগের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বিজেপি কর্মী অরূপ সাহা। অভিযোগের তির দলেরই একাংশের দিকে। পরিস্থিতি সামলাতে গিয়ে বিধায়ককে নিহতের স্ত্রীর পাশে বসে কাঁদতে হয়েছে। কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি এখনও। বারাকপুরে বিধায়ক হামেশাই দলের কর্মীদের ‘গো ব্যাক’ স্লোগানের শিকার হচ্ছেন। বলাগড়ের বিধায়ক তথা স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার আবার মাইক হাতে বাড়ি বাড়ি গিয়ে তোলাবাজির বিরুদ্ধে প্রচারের হুঁশিয়ারি দিয়েছেন। অথচ তাঁরই দলের জেলা সাধারণ সম্পাদক সন্দীপ সাধুখাঁ অভিযোগ করেছেন, মন্ত্রীর ভাই বাবন সরকারকে দিয়ে এলাকায় তোলাবাজি চলছে। বিজেপির শীর্ষ নেতৃত্ব সবটাই জানেন। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত স্বীকার করছেন, তাঁর বিধানসভা এলাকায়ও তোলাবাজি একশো শতাংশ বন্ধ হয়নি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আবার সিপিএমের তোলাবাজির সঙ্গে তুলনা টেনেছেন শুভেন্দু জমানার। আবার দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলছেন, কিছু পুলিশ নিজেদের মণ্ডল সভাপতি ভাবছেন, আবার কিছু মণ্ডল সভাপতি নিজেকে শুভেন্দু অধিকারী ভাবছেন। দুটোই চলবে না। পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের পরামর্শ, তোলাবাজি করলে থানায় জানান। বিজেপির কেউ তোলাবাজি করলে দলকে জানান। পার্টি ব্যবস্থা নেবে, না হলে পুলিশ ব্যবস্থা নেবে।
এখন প্রশ্ন হল, তোলাবাজদের বিরুদ্ধে এত ঘোষণা, এত হুঁশিয়ারি, এত আত্মসমালোচনার পরেও পুলিশে অভিযোগ, গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি কোথায়? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি সত্যিই বিষয়টি নিয়ন্ত্রণে আনতে পারবেন? নাকি তোলাবাজির বিরুদ্ধে লড়াইও শেষ পর্যন্ত দলের গোষ্ঠীদ্বন্দ্বের আর একটি মঞ্চ হয়ে থাকবে? প্রলয় পালের বক্তব্য গুরুত্বপূর্ণ, ‘দলের রাজ্য সভাপতি থেকে স্বাস্থ্যমন্ত্রী, বিধায়ক সকলেই দলের অন্দরে অবাঞ্ছিত কাজকর্ম নিয়ে সরব। অথচ অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। আসলে দলে অবাঞ্ছিত লোকের আনাগোনা বেড়ে গিয়েছে। তাই দলে এসআইআর দরকার।’ কিন্তু শুধু নেতা-কর্মীদের সংগঠন থেকে বাদ দিয়ে কী হবে? ক্ষমতার সঙ্গে সঙ্গে দলের আদর্শটাও কোথায় যেন বাদ পড়ে গেল কি না, সেটা দেখাও তো জরুরি!