কোভিডের পর ৬ বছরে অধিকাংশ ওষুধের দাম বেড়েছে দেড় থেকে দু’গুণ। চিকিৎসা খরচও বাড়ছে লাফিয়ে। বড়ো বেসরকারি হাসপাতাল কিংবা নার্সিংহোম সাধারণের সাধ্যের বাইরে। কর্পোরেট সুযোগ সুবিধা অধিকাংশেরই হাতের বাইরে। এই অবস্থায় গোদের উপর বিষফোঁড়া হল ওষুধের নিম্নমান এবং বাজার জুড়ে জাল ওষুধের রমরমা! পাল্লা দিয়ে প্রতি মাসে দাম বাড়ছে অথচ মানও ঠিক থাকছে না! কোনো সভ্য দেশে এ জিনিস মেনে নেওয়া সম্ভব? স্বাস্থ্য নিয়ে এমন ছিনিমিনি খেলার মানে কী? নিম্নমানের ওষুধ ধরা পড়লে আঙুল ওঠে কারবারিদের দিকে। যে দোকান থেকে উদ্ধার হল তারাই হয়ে যায় ভিলেন। কিন্তু নির্মাতা সংস্থার রাঘববোয়ালরা ছাড়া পেয়ে যায়। সরকারও তাদের মালিকদের বিশেষ ঘাঁটায় না। সবাই জানে গুণমান রক্ষায় ভ্রুক্ষেপ না করে কিছু সংস্থা মুনাফা বাড়াতে ব্যস্ত। সস্তা কাঁচামাল এবং আনুষঙ্গিক খরচ কমিয়ে মুনাফা বাড়ানোই তাদের লক্ষ্য। এটা ঠিক, সমাজে সবসময়ই অসাধু ব্যবসায়ী থাকবেই। জাল ব্যবসায়ী, প্রতারকের দেখা পাওয়াও কঠিন নয়। কিন্তু সরকার তাদের রমরমা বন্ধে কী করছে, সাধারণের প্রশ্ন এটাই। আর সেখানেই একরাশ হতাশা দানা বাঁধছে মধ্যবিত্তের মনে।
সুগার, প্রেশার, হার্ট, কোলেস্টেরল, হাঁচি, কাশি, পেট ব্যথার ওষুধ যদি জাল হয়, কাজ না করে তাতে ক্ষতিগ্রস্ত হয় কে? প্রাণ সংশয় হয় কার? একে আগুন দাম, তার উপর অসুখও না সারলে ভোগান্তি কার? অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে যদি সরকার সময়মতো তৎপর না হয়, পরীক্ষায় নিম্নমানের ওষুধ ধরা পড়লে অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে যদি দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া না হয় তাহলে অসহায় প্রবীণ মানুষ সুবিচার পাবেন কোথায়? ছোটো ছোটো শিশুদেরই বা কী হবে ভবিষ্যৎ? অবিলম্বে সরকারকে তাই দেশব্যাপী অভিযানে নামতে হবে এবং সংশ্লিষ্ট ওষুধ নির্মাতা সংস্থার লাইসেন্স বাতিল করতে হবে। বড়োদের ছোঁব না, শুধু মাঝারিদের শাসন করব, এই দু’মুখো মানসিকতা নিয়ে চললে হবে না। এবারের পরীক্ষায় দেখা যাচ্ছে, সব মিলিয়ে প্রায় দুশোটি ওষুধ গুণমানের পরীক্ষায় ফেল করেছে। আরও নজরকাড়া বিষয় হচ্ছে, এই তালিকায় শুধু ছোটোরা নয়, বেশ কিছু প্রতিষ্ঠিত মার্কেট লিডারও আছে। এককথায় যাদের ওষুধ শিল্পের কেষ্টবিষ্টু বলা হয় আর কী! যারা এতদিন কলার তুলে দেশের ওষুধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করত, অন্যদের শাসন করত তারাই যদি পরীক্ষায় ফেল করে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়! আর সব দেখে সরকার নীরবতা পালন করলে গরিবের কী লাভ? যুগ যুগ ধরে যেকোনো ব্যবসাই চলে বিশ্বাস আর ভরসার যুগলবন্দিতে। সব ওষুধ সব সময় পরীক্ষা করে দেখা সম্ভবও নয়। একটা জীবনদায়ী ওষুধ যদি কঠিন সময়ে কাজ না করে তার অর্থ গুরুতর রোগীর অকাল মৃত্যু ডেকে আনা। তার দায় কি শুধুই সংশ্লিষ্ট সংস্থার, নাকি সরকারেরও? যদি সিমেন্টে ভেজাল থাকে তাহলে সেতু ভেঙে পড়ে। যদি ওষুধ জাল হয় প্রাণ যায় অসহায় রোগীর, ফল ভুগতে হয় তার পরিজনদের। এখানেই জাল ব্যবসা ও তার বিষময় পরিণাম লুকিয়ে! কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল সংস্থা সূত্রের খবর, অপরিহার্য শেষ মুহূর্তে জীবন বাঁচানো একাধিক ওষুধ নিয়েও এই কারবার চলেছে কর্তাদের চোখের উপর। সরকার দেখেও দেখছে না। শুনেও শুনছে না। কিংবা এক শ্রেণির অফিসার আসাধু ব্যবসায়ীর সঙ্গে বন্দোবস্ত করে নিয়েছেন নিজের মতো করে। অর্থাৎ দুর্নীতির ফল ভুগতে হচ্ছে সাধারণকে। সবমিলিয়ে অসহনীয় পরিস্থিতি।
বলুন তো, আমাদের দেশে ক’টা মানুষ ঠিকঠাকভাবে চিকিৎসা বিমার আওতায়। কেন্দ্র যে বিমা চালু করেছে যার গালভরা নাম আয়ুষ্মান ভারত, তাতে সুবিধা পেতে হলে নানা শর্ত। এই অবস্থায় কেন্দ্র রাজ্য দু’তরফ থেকেই আরও সক্রিয়তা প্রয়োজন। আরও কড়া পদক্ষেপ চাই। যাতে স্বল্প খরচে ওষুধ ও চিকিৎসা পেতে মানুষের অসুবিধা না হয়। অন্যথায় সব বয়সের মানুষই সুস্বাস্থ্য ও সুলভ চিকিৎসা থেকে বঞ্চিত হতেই থাকবে। আবার দাম দিয়ে ওষুধ কিনেও যদি অসুখ না সারে নিম্নমানের জন্য তার দায় কার? এরকম চললে সরকারের প্রতিশ্রুতি ভোটের আগের ভাষণেই সীমাবদ্ধ থেকে যাবে। কাজের কাজ কিছুই হবে না। মানুষ কিন্তু মার খেতে খেতে একদিন পালটা সোচ্চার হবে। তাই শাসক সাবধান!


