প্রীতম দাশগুপ্ত: ২৮-এর দ্বিগুণ ৫৬। কিন্তু তাও ২৮ কে এত ভয় কেন ৫৬-এর? ২৮ বছরের এক তরুণীকে ভারতে ঢুকতেই দিতে রাজি নন ৫৬ ইঞ্চির ছাতি! মাস ছয়েক আগের ঘটনা কি কিছুতেই ভুলতে পারছেন না ‘নন বায়োলজিক্যাল’ প্রধানমন্ত্রী? এ কি ভয়-ইন?
হায়দরাবাদে দু’দিনের ‘ভারত সামিট ২০২৬’-এ র আয়োজন করা হয়েছিল। বিষয় ছিল ‘গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা’। সেখানেই আমন্ত্রণ জানানো হয়েছিল নরওয়ের দাগসাভিসেন পত্রিকার ২৮ বছরের তরুণী সাংবাদিক হেলে লিংকে। নিয়ম মেনে ভারতে আসার জন্য ভিসার আবেদনও করেছিলেন তিনি। সেই আবেদন মঞ্জুরও হয়। সব কিছু ঠিকঠাক। নির্দিষ্ট দিনে ভারতে আসার জন্য প্রস্তুতিও নিয়ে ফেলেছিলেন হেলে লিং। বিমানবন্দরে রওনা দেওয়ার মিনিট দশেক আগে দূতাবাসের তরফে জানিয়ে দেওয়া হয়, তিনি ভারতে আসতে পারবেন না। ভিসা বাতিল। কারণ কী? কেউ জানে না। অন্তত সোশ্যাল মিডিয়াতে হেলে লিংয়ের বিবৃতিতে শোনা গিয়েছে, এই ভিসা বাতিলের কোনো কারণ তাঁকে জানানো হয়নি। ঘটনাটি নিয়ে হইচই শুরু হতে শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল একটা বিবৃতি দিয়েছেন। কী বলেছেন তিনি? ভিসা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্তই একটি দেশের সার্বভৌম অধিকার। কী বুঝলেন? ইংরেজিতে একটি কথা আছে, হোয়াটাবাউটারি। এর আভিধানিক অর্থ হল সমালোচনা ঠেকাতে মূল প্রশ্ন এড়িয়ে গিয়ে গোলগোল উত্তর দেওয়া। এটাও তেমন। যেন কেউ জয়সওয়াল সাহেবকে বলেছিল, ভিসা দেওয়ার সার্বভৌম অধিকার ভারতের নেই। ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫’-এর বিধি অনুযায়ী কেন্দ্রীয় সরকার জাতীয় স্বার্থ বা নিরাপত্তার প্রয়োজনে যেকোনো বিদেশির প্রবেশ নিয়ন্ত্রণ বা ভিসা বাতিল করার আইনি ক্ষমতা রাখে। তাই হেলে লিং ভারতে এলে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কি না, তা স্পষ্ট করা উচিত ছিল সরকারের। এটাও ঠিক বিদেশ মন্ত্রক থেকে প্রাথমিক রাজনৈতিক ছাড়পত্র দেওয়া হলেও তা চূড়ান্তভাবে স্বরাষ্ট্র মন্ত্রক ও অন্যান্য নিরাপত্তা সংস্থার অনুমোদনের উপর নির্ভরশীল থাকে। অর্থাৎ জয়শংকরের মন্ত্রকের আপত্তি না থাকলেও, আপত্তিটা এসেছে স্বয়ং অমিত শাহের মন্ত্রকের থেকে। তাই মূল প্রশ্নটা হল, একজন সাংবাদিককে একটি আলোচনাসভায় অংশ নেওয়ার জন্য ভিসা দেওয়া হল। তারপর হঠাৎ করে কারণ না দর্শিয়ে ভারতে ঢোকা যাবে না বলা হল। সেই কারণ পরেও কেন বলছে না সরকার। কেন দেশের মানুষের কাছেই সবকিছু গোপন রাখা হচ্ছে? সরকার যদি সেটা না বলে তাহলে ধরে নিতে হবে, ছ’মাস আগে নরওয়েতে সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদিকে ‘আপনি কেন সাংবাদিকদের প্রশ্ন নেন না’ বলার সাজা পেয়েছেন লিং। শুধু নরওয়ের তরুণীই নন, ওই অনুষ্ঠানে আমন্ত্রিত শতাধিক বিদেশি প্রতিনিধির ভিসা বা ছাড়পত্র আটকে দেওয়া হয়েছে। আমন্ত্রিতদের কেউই পাকিস্তান বা চীনের বা নিদেনপক্ষে পাক-বংশোদ্ভূত নন। তাঁরা কেউ কাশ্মীর বা মণিপুরের মতো সংবেদনশীল এলাকায় যাবেন এমনও বলেননি। তারপরও তাঁদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া
হল না। কিন্তু কেন, তা নিয়ে মুথে কুলুপ এঁটেছে
মোদি সরকার।
হেলে লিংয়ের ঘটনা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ভারতে ২২ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা করছিলেন ফরাসি সাংবাদিক ভেনেসা দুগনাক। ভারতীয় মহিলাকে বিয়ে করার সূত্রে ওসিআই কার্ডও পেয়েছিলেন। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে স্বরাষ্ট্র মন্ত্রক কোনো সুনির্দিষ্ট কারণ না দেখিয়েই দুগনাকের সাংবাদিকতার পারমিটের আবেদন খারিজ করে দেয়। মন্ত্রকের অভিযোগ ছিল, তাঁর প্রতিবেদনগুলি ‘উদ্দেশ্যপ্রণোদিত’ এবং তা ভারত সম্পর্কে একটি ‘পক্ষপাতদুষ্ট নেতিবাচক ধারণা’ তৈরি করছে। এগুলি দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার স্বার্থের পরিপন্থী। ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি ভারত ছাড়তে বাধ্য হন। যদিও ২০২৫ সালের মার্চ মাসে স্বরাষ্ট্র মন্ত্রক তাঁকে ভারতে পুনরায় কাজ করার জন্য এক বছরের সাংবাদিকতা পারমিট মঞ্জুর করেছে। আর ফরাসি সাংবাদিক সেবাস্তিয়ান ফার্সিস টানা ১৩ বছর ভারতে কর্মরত ছিলেন। তিনিও ওসিআই কার্ডধারী ছিলেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ফার্সিসের সাংবাদিকতার ওয়ার্ক পারমিট নবীকরণ করতে অস্বীকার করে। ফলে তিনি ভারতের সাধারণ নির্বাচনের খবর সংগ্রহ করার অধিকার হারান। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের দক্ষিণ এশিয়া ব্যুরো প্রধান হিসাবে নয়াদিল্লিতে কর্মরত ছিলেন অবনী ডায়াস। ২০২৪ সালের এপ্রিল মাসে ভারতের লোকসভা নির্বাচন শুরু হওয়ার ঠিক মুখে তিনি ভারত ছাড়তে বাধ্য হন। শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরকে নিয়ে তাঁর একটি তথ্যচিত্র সম্প্রচারের পর তাঁর কর্মকাণ্ড আটকে দেয় সরকার।
এটি যে শুধু বিদেশি সাংবাদিকদের ক্ষেত্রেই হচ্ছে এমন নয়। ২০০২ সালের গুজরাত দাঙ্গায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল বিবিসির একটি তথ্যচিত্র। নাম ছিল, ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’। এরপরই সরকার তথ্যপ্রযুক্তি আইনের জরুরি ক্ষমতা ব্যবহার করে ভারতে সেটির প্রদর্শন বন্ধ করে দেয়। এর কয়েক সপ্তাহের মধ্যেই দিল্লি ও মুম্বইয়ে বিবিসির দপ্তরে আয়কর বিভাগ দীর্ঘ তল্লাশি চালায়। ২০২০ সালে উত্তরপ্রদেশের হাতরাসে দলিত তরুণীর নির্যাতনের খবর সংগ্রহ করতে যাওয়ার পথে কেরলের সাংবাদিক সিদ্দিক কাপ্পানকে গ্রেপ্তার করা হয়। দেওয়া হয় ইউএপিএ-র মতো কঠোর সন্ত্রাসবিরোধী ধারা। ২০২১ সালের কৃষক আন্দোলনের সময় সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে রাজদীপ সারদেশাই ও সিদ্ধার্থ বরদারাজনের মতো প্রবীণ সাংবাদিকের বিরুদ্ধে একাধিক রাজ্যে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয়েছিল। ২০২২ সালে উত্তরপ্রদেশের বালিয়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে খবর করেছিলেন সাংবাদিক অজিত ওঝা। পরের দিনই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। অভিযোগ ছিল, তিনিই নাকি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরেই নিউজক্লিক ও নিউজলন্ড্রি নামে দু’টি ইনডিপেনডেন্ট ডিজিটাল পোর্টাল মোদি সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা করে আসছে। ফলও পেয়েছে হাতেনাতে। ২০২১ সালের সেপ্টেম্বরে এই দুই সংস্থার দপ্তরেই আয়কর হানা হয়। পরবর্তীকালে ২০২২ সালের নভেম্বরে দিল্লির একটি আদালত নিউজলন্ড্রির বিরুদ্ধে আয়কর দপ্তরের কর ফাঁকির তিনটি অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে খারিজ করে দেয়। পাশাপাশি জানায়, সংস্থাটির হিসাবের খাতা বা আয়কর রিটার্নে কোনো ভুয়ো তথ্য পাওয়া যায়নি। ২০২৩ সালের অক্টোবরে নিউজক্লিকের প্রতিষ্ঠাতা সাংবাদিক প্রবীর পুরকায়স্থকে গ্রেপ্তার করে স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন দিল্লি পুলিশ। ২০২৪ সালের ১৫ মে সুপ্রিম কোর্ট তাঁকে মুক্তির নির্দেশ দেয়। যদিও দিল্লি পুলিশের চার্জশিটের ভিত্তিতে মূল মামলাটি চলছে। ২০২২ সালে নিরাপত্তার দোহাই দিয়ে মালয়ালাম নিউজ চ্যানেল মিডিয়া ওয়ানের সম্প্রচার লাইসেন্স নবীকরণ করেনি তথ্য সম্প্রচার মন্ত্রক। যদিও সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্ত খারিজ করে দিয়ে সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে রায় দিয়েছিল। জম্মু ও কাশ্মীরেও একাধিক স্থানীয় সাংবাদিককে জিজ্ঞাসাবাদ ও আটক করার ঘটনা ঘটছে। সাম্প্রতিক সময়ে এসআইআর বিক্ষোভের খবর করতে গিয়ে ৪০ জনেরও বেশি সাংবাদিক বিভিন্ন রাজ্যে আটক হয়েছেন। এমনকি মহিলা সাংবাদিকদের শারীরিক হেনস্তারও শিকার হতে হয়েছে।
একটি গণতান্ত্রিক দেশে সাংবাদিকের কাজই হল ক্ষমতাকে প্রশ্ন করা। কোনো সাংবাদিক সরকারের প্রতিনিধি নন। তিনি বিরোধী দলের মুখপাত্রও নন। তাঁর দায়বদ্ধতা জনগণের কাছে। তিনি জনগণের হয়েই প্রশ্ন করছেন। প্রধানমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন কি না, সেটি তাঁর বিষয় বলে কেউ যুক্তি দিতে পারেন। কিন্তু জনগণের কাছে জবাবদিহি করার দায় প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা অন্য মন্ত্রীদেরই। গণতন্ত্রে সরকারকে প্রশ্ন করা অপরাধ নয়। বরং প্রশ্ন করার অধিকারটুকু সুরক্ষিত রাখাই গণতন্ত্রের অন্যতম প্রধান শর্ত।
একজন সাংবাদিক যদি দেখেন খবর প্রকাশ করলে বা ক্ষমতাকে প্রশ্ন করলে মামলা হবে। বাড়িতে তদন্তকারী সংস্থা আসবে অথবা সোশ্যাল মিডিয়ায় তাঁকে ও তাঁর পরিবারকে ন্যক্কারজনক আক্রমণ করা হবে, তাহলে তিনি কি খবর প্রকাশ করতে পারবেন? দেশে এমন একটা পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে, যেখানে সরকারিভাবে সেন্সর করার দরকার নেই। এমন একটা ভয়ের পরিস্থিতি তৈরি করা হবে, যাতে আপনা থেকেই সাংবাদিক তাঁর কাজ থেকে বিরত থাকেন। অর্থাৎ ভয়-ইন।
একথা ঠিক, সাংবাদিকও আইনের ঊর্ধ্বে নন। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত হবে। আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কিন্তু তদন্তটাতো স্বচ্ছ ও নিরপেক্ষ হতে হবে। শুধুমাত্র ক্ষমতার প্রতিপক্ষ বলেই যদি সাংবাদিকদের হেনস্তা করা হয়, তবে গণতন্ত্রের মূল ভিত্তিতেই আঘাত আসবে। মনে রাখা দরকার, ক্ষমতাসীনদের প্রশ্ন করা সাংবাদিকের অপরাধ নয়। সেটা তাঁর কাজ। সেই কাজ বাধাপ্রাপ্ত হলে সাধারণ নাগরিকের প্রশ্ন করার অধিকার কতটা সুরক্ষিত, সেই প্রশ্ন উঠবেই। মুখে গণতন্ত্রের কথা বলব, আর সমালোচনা সহ্য করব না, এটা দ্বিচারিতা। প্রশ্ন করার অধিকার কোনো সরকারের দয়া নয়, এই অধিকার দিয়েছে খোদ সংবিধান। ক্ষমতার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করার সাহস এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার রাজনৈতিক সদিচ্ছা—দুটিই গণতন্ত্রের জন্য সমান জরুরি। যে সরকার আয়নায় নিজের প্রতিচ্ছবি
দেখতে ভয় পায়, তার গণতান্ত্রিক আত্মবিশ্বাস নিয়ে প্রশ্ন উঠবেই।


