রান্নাঘরের আর্তনাদ
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়লে লাভ কার? উত্তরটা জলের মতো সহজ। সরকারের। বেশি দাম মানে বেশি জিএসটি আদায়। এতে আম জনতার পকেট খালি হলেও কোষাগার ভরে সরকারের। এতদিন খুচরো বাজারে লাগামছাড়া দাম বৃদ্ধি নিয়ে অভিযোগ জানাচ্ছিলেন ভুক্তভোগী সাধারণ মানুষ। এবার সরকারি পরিসংখ্যানই সেই অভিযোগকেই সত্য প্রমাণ করেছে। মোদি সরকারের পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, অক্টোবরে দেশে খুচরো মূল্যবৃদ্ধির হার বেড়ে হয়েছে ৬.০৯ শতাংশ। গত দু’বছরে যা সর্বোচ্চ। রিজার্ভ ব্যাংকের নির্ধারিত সীমা ৬ শতাংশ, সেটাও পেরিয়ে গিয়েছে! এই বৃদ্ধি আচমকা আকাশ থেকে পড়েনি। গত জানুয়ারিতে খুচরো মূল্যবৃদ্ধির হার ছিল ২.৭৪ শতাংশ, তারপর টানা ন’মাস ধরে তা বেড়েই চলেছে। এই খুচরো পণ্যের মধ্যে খাদ্যদ্রব্যের দাম বেড়েছে সবচেয়ে বেশি। সেপ্টেম্বরে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার ছিল ৭.৭৪ শতাংশ। অক্টোবরে তা বেড়ে হয়েছে ৮.৯৪ শতাংশ। খাদ্যপণ্যের মধ্যে পেঁয়াজের দাম বেড়েছে ১১৬.২২ শতাংশ, রশুন ৬০.৭৪ শতাংশ, আদা ৪৮.৩২ শতাংশ, লেবু ৪৭.৩০ শতাংশ। অর্থ বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক মাসে মূল্যবৃদ্ধির হার ৬ শতাংশের নীচে নামার সম্ভাবনা প্রায় নেই। এর অর্থ, এই যন্ত্রণা দীর্ঘস্থায়ী হবে। গোদের উপর বিষফোঁড়ার মতো ডিসেম্বরে রিজার্ভ ব্যাংকের সুদ বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। তা হলে ব্যাংক ঋণের উপর সুদের বোঝা যে আরও বাড়বে, তাতে কোনো সন্দেহ নেই। অথচ ‘আচ্ছে দিন’ আনার স্বপ্ন দেখিয়ে, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে এই সরকার ক্ষমতায় এসেছিল। সেই স্বপ্ন, প্রতিশ্রুতি তো পূরণ হয়নি, বরং মোদি জমানায় দুধসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সব কিছুরই দাম বেড়েছে। যদিও সরকার ব্যস্ত থাকছে ধর্ম-কর্ম, বিভাজন আর ভোট রাজনীতি নিয়ে! 

Advertisement

দাম বাড়লে যে কোনো সরকারই প্রকৃতির খামখেয়ালিপনার দিকে আঙুল তুলে দায় ঝেড়ে ফেলতে চায়। এবারেও তার অন্যথা হচ্ছে না। এই বেলাগাম দামবৃদ্ধির জন্য প্রতিকূল আবহাওয়া, এল নিনোর প্রভাবে বৃষ্টির ঘাটতি, যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দামবৃদ্ধি এবং টাকার অবমূল্যায়ন—কাঠগড়ায় তোলা হয়েছে মূলত চারটি পরিস্থিতিকে। এর কোনোটাই অস্বীকার করার নয়। কিন্তু বিরুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় পণ্য জোগানের শৃঙ্খলকে স্বাভাবিক রাখা, খাদ্যপণ্যের জোগান বাড়িয়ে সাধারণ মানুষের হেঁশেলে স্বস্তি ফেরানো, কালোবাজারি ও মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার মতো কোনো পদক্ষেপ করেছে কি কেন্দ্রীয় সরকার? উত্তর হল না। অথচ এটাই সরকারের অগ্রাধিকার হওয়া ‌উ঩চিত ছিল। প্রশ্ন উঠেছে, ২০২৩ সালের পর এবার সবচেয়ে কম বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু সরকার কি এজন্য কোনো আগাম প্রস্তুতি নিয়েছিল? ‘বাফার স্টক’ কোথায়? পেঁয়াজ রপ্তানি নিয়ে চূড়ান্ত ছেলেখেলার কারণে কৃষক আত্মঘাতী হয়েছে, ক্রেতারও নাভিশ্বাস উঠেছে। মাঝখানে লাভ করেছে ফড়ে! অনেকের মতে, সাম্প্রতিককালে দেশের কয়েকটি আইনের পরিবর্তন ও সংশোধনও মূল্যবৃদ্ধির জন্য অনেকটাই দায়ী। এইসব পরিবর্তন ও সংশোধনের ফলে একাধিক কৃষিপণ্যকে অত্যাবশ্যক পণ্যের আওতার বাইরে রাখা হয়েছে। দাবি ছিল, এর ফলে কৃষকরা নাকি লাভবান হবেন, কৃষিক্ষেত্রে বিনিয়োগ বাড়বে। তা হয়নি। উলটে একাধিক কৃষিপণ্যের মজুতের ঊর্ধ্বসীমা উঠে যাওয়ায় বাজারের নিয়ন্ত্রণ চলে গিয়েছে বিত্তশালী মজুতদারদের হাতে। ফলে কৃত্রিমভাবে চাহিদা তৈরি করে খাদ্যসামগ্রীর দাম বাড়ানো হচ্ছে জেনেও আম জনতার অসহায় আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় থাকছে না এই জমানায়।
আসলে সত্যিটা হল, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের কোনো সদিচ্ছা নেই। মোদি সরকারের চেনা গল্প হল, জিডিপি ৭.১ শতাংশ বৃদ্ধি। কিন্তু সেই বৃদ্ধিতে বিশিষ্ট কোনো কোনো শিল্পগোষ্ঠীর ব্যালান্স সিট ফুলে ফেঁপে উঠলেও গরিব, মধ্যবিত্তের উনুনে আগুন নিভু নিভু। নেতা-মন্ত্রীদের কাছে যেটা পরিসংখ্যান মাত্র, আম জনতার কাছে তা দু’বেলা ভাত-ডাল জোটানোর মরিয়া চেষ্টা। ফলে দাম বৃদ্ধি আসলে গরিবের রান্নাঘরের আর্তনাদ। ৬.০৯ শতাংশ মূল্যবৃদ্ধি একটা সংখ্যা নয়, এটা কোটি কোটি মানুষের থালা থেকে একমুঠো খাবার কেড়ে নেওয়ার চেষ্টা। তত্ত্বের জাল বুনলে খালি থালা ভরবে না। এজন্য সরকারের সদিচ্ছা দেখাতে হবে। যদিও সেই সম্ভাবনা এ জমানায় কম। তাই বিরোধীদের ‘ভোট চুরি’র অভিযোগের পাশাপাশি লড়াইয়ে মূল্যবৃদ্ধি, রুটিরুজির লড়াইকেও তুলে এনে সরকারকে বাধ্য করতে হবে সমস্যা সমাধানে। একমাত্র সেটা হলেই সাধারণ মানুষ কিছুটা পরিত্রাণ পেতে পারেন।