সোনিয়ার আত্মজীবনী: প্রণব প্রসঙ্গ এভাবে কেন?
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সমৃদ্ধ দত্ত: সোনিয়া গান্ধীর এতকালের ভাবমূর্তির সঙ্গে যেন ঠিক মানানসই হল না এভাবে প্রয়াত রাষ্ট্রপতি সম্পর্কে অস্বস্তিকর কিছু ঘটনার উল্লেখ করে গোটা বিশ্বকে জানানো। সোনিয়া গান্ধীকে সৌজন্য, শালীনতা, সংযম ও মাত্রাজ্ঞানের বৈশিষ্ট্য সম্পন্ন এক ব্যতিক্রমী চরিত্র হিসাবেই নিরপেক্ষ রাজনৈতিক মহল সমাদর করে থাকে। কিন্তু আত্মজীবনীতে সোনিয়া গান্ধী যেন কংগ্রেস এবং তাঁর নিজের এতকালের এক বিশ্বস্ত সেনাপতিকে কিছুটা অসম্মানই করে ফেললেন। যা ঠিক কাঙ্ক্ষিত নয়। এবং কোনো প্রয়োজনও যে ছিল, এমন নয়। কংগ্রেস দল এবং তাঁর পরিবারের সম্মানও যে এই কাহিনি বর্ণনায় কিছুমাত্র উপকৃত হল, এমনও নয়। প্রশ্ন হল, তাহলে কেন সোনিয়ার মতো এক বিচক্ষণ, পরিণতমনস্ক, বহু ঘাতপ্রতিঘাতেও অবিচল এক স্থিতধী রাজনীতিক এরকমভাবে দফায় দফায় নিজের গ্রন্থে প্রণব মুখোপাধ্যায়কে বিব্রতই করলেন বা এরকম কথা বললেন! অথচ প্রণব মুখোপাধ্যায় গোটা জীবনে একবারই মাত্র কংগ্রেস পরিত্যাগ করে আবার দ্রুত ফিরে আসা ছাড়া কোনো রাজনৈতিক বিতর্ক ঘটাননি। দলের ক্রাইসিস ম্যানেজার বলা হত তাঁকে। 

Advertisement

সদ্য প্রকাশিত আত্মজীবনীতে সোনিয়া গান্ধী লিখেছেন,  ২০১০ সালে প্রণব মুখোপাধ্যায় তাঁকে এমন একটি কথা বলেছিলেন, যা শুনে তিনি চমকে যান। প্রণববাবু নাকি সোনিয়া গান্ধীকে বলেছিলেন, এখন সময় এসেছে সরকারের সর্বোচ্চ পদে রদবদল করার। সর্বোচ্চ পদের অর্থ প্রধানমন্ত্রী। অর্থাৎ ড.মনমোহন সিং। সোনিয়া গান্ধীর কথায়, প্রণববাবু চেয়েছিলেন মনমোহন সিংকে যেন ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আর এই মন্তব্য থেকেই সোনিয়া গান্ধীর ধারণা হয়েছে, প্রণববাবু চেয়েছিলেন মনমোহনকে অপসারিত করে তাঁকে প্রধানমন্ত্রী পদে বসানো হোক। প্রণব মুখোপাধ্যায় আজীবনই যে প্রবলভাবে প্রধানমন্ত্রী হওয়ার বাসনা পোষণ করতেন, এই কথাটি সোনিয়া গান্ধী তাঁর সদ্য প্রকাশিত আত্মজীবনীতে বারংবার বলেছেন। তিনি একটি অধ্যায়ে বলেছেন, প্রণববাবু মনে করতেন সিনিয়রিটি এবং অভিজ্ঞতার নিরিখে তি঩নিই দলের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। সোনিয়া গান্ধী কেন এরকম ধারণা পোষণ করতেন, সেটি প্রমাণ করার জন্য তিনি ওই গ্রন্থেরই পরবর্তী অধ্যায়ে বিশেষভাবে উল্লেখ করেছেন ২০১০ সালের একটি ঘটনা। যেখানে সোনিয়া বলেছেন, প্রণববাবুর সঙ্গে পি চিদাম্বরমের মতান্তর শুরু হয়। ড.মনমোহন সিং-এর সঙ্গেও দূরত্ব সৃষ্টি হয়। আর তারপরই তিনি ওই বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন যে, একটি বৈঠকের পর হঠাৎ প্রণববাবু সোনিয়ার কাছে এসে পৃথকভাবে পরোক্ষে প্রস্তাব দিয়েছিলেন, মনমোহন সিংকে যেন সরিয়ে দেওয়া হয়। 
সোনিয়া গান্ধী তাঁর আত্মজীবনীতে নিজের মনের কথা, স্মৃতি, মনোভাব, ঘটনার ঘনঘটা ইত্যাদি অনেক গোপন কথা লিখতেই পারেন। তাঁর সম্পূর্ণ অধিকার রয়েছে। বস্তুত তাঁর মতো এরকম এক আশ্চর্য ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন ভারত এবং বিশ্ব রাজনৈতিক ইতিহাসে বিরল। সুতরাং ইতালির তুরিন থেকে ৩০ কিলোমিটার দূরের এক ক্ষুদ্র শিল্পনগর অরবাসানো থেকে  কেমব্রিজ হয়ে দিল্লির জার্নি এক আশ্চর্য চিত্রনাট্য। সুতরাং প্রত্যেকটি ধাপে কী কী হয়েছিল, সেটা জানার আগ্রহ তাবৎ রাজনীতি অনুসন্ধিৎসু মানুষের। ভারতের ৬০ বছরের রাজনীতির বহু ঘটনার তিনি সাক্ষী। বহু কুশীলবকে তিনি সামনে থেকে দেখেছেন। অসংখ্য ইতিহাস বদলে দেওয়া ঘটনার সূত্রপাত কীভাবে হল সেটি চাক্ষুষ করেছেন। সেই কারণেই বুধবার তাঁর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে যেন আলোড়ন পড়েছে পাঠক সমাজে। হাজার হাজার কপি প্রথম দিনেই বিক্রি হয়ে গিয়েছে। যা অত্যন্ত প্রত্যাশিত। সেই গ্রন্থ পাঠ করে ভারতের অগুনতি অতীত ইতিহাসের সুস্পষ্ট অনেক চিত্রই প্রাঞ্জলভাবে পাওয়া গিয়েছে। আবার এটাও ঠিক যে, সোনিয়া যা লিখেছেন, সেখানে বহু কিছু অধরাও থেকে গিয়েছে। আরও বেশি বিস্তারিত নানাবিধ ঘটনা, ইতিহাস, অধ্যায়ের কথা লেখাই যেত। লেখেননি। সেরকমই প্রণব প্রসঙ্গে ওইসব ঘটনার উল্লেখ না করলেই পারতেন। 
সোনিয়া গান্ধী রাজনৈতিক মহলে একটি বিশেষ সম্মান অর্জন করেছেন। সম্ভ্রমও পেয়ে থাকেন। ভারতের সবথেকে পুরানো এবং প্রধান রাজনৈতিক দলের সুপ্রিমো হয়েও তিনি কম কথা বলেন। শোনেন বেশি। প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এলেও তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। একজন বিদেশি নারী একাকী এক ভারতীয় যুবককে ভালোবেসে সম্পূর্ণ ভিন্ন ভাষা ও সংস্কৃতির এক দেশে জানুয়ারি মাসের প্রবল শীতে দিল্লির পালাম বিমানবন্দরে হাজির হয়েছিলেন অজানা ভবিষ্যতের অনিশ্চয়তার শংকা জয় করে। তিনি কিছুটা হয়তো জানতেন। কিন্তু পূর্ণাঙ্গভাবে তাঁর ধারণা হয়তো ছিল না যে, তিনি কোন পরিবারের সঙ্গে নিজের জীবনকে সম্পৃক্ত করছেন? মতিলাল নেহরু, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধীদের পরিবারের সদস্য হয়ে এসে মানানসই আচার আচরণ করা এক বড়োসড়ো চ্যালেঞ্জ। যেটা করতে মানেকা গান্ধী হয়তো ব্যর্থ হয়েছেন। কিন্তু সোনিয়া গান্ধী আশ্চর্যভাবে বুঝে গিয়েছিলেন কীভাবে ইন্দিরা গান্ধী পরিচালিত পরিবারে থাকতে হবে। তাঁকে বাড়ির পরিচারক ও সহায়করা সম্বোধন করত বউরানি। আর মানেকাকে বলা হত ছোটোবউ। সোনিয়া গান্ধী এবং মানেকা গান্ধী ব্যক্তিগতভাবে প্রবল পারিবারিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। আশ্চর্যজনকভাবে উভয়ের স্বামী ও শাশুড়ির মৃত্যু হয়েছে মর্মান্তিকভাবে। বউরানি ও ছোটোবউয়ের জীবন ও রাজনীতির দু‌ই ঩ভিন্ন খাতে বয়ে যায় আটের দশক পরবর্তী যুগে। 
সোনিয়া গান্ধীর আত্মজীবনীতে তিনি কেন প্রয়াত প্রণববাবুকে আলাদাভাবে বেশ কয়েকবার কিছুটা প্রচ্ছন্নভাবে যেন বিব্রতই করলেন, এটা সঠিক বোঝা গেল না। প্রণববাবুর বাসনা ছিল প্রধানমন্ত্রী হবেন। তিনিই যোগ্যতম। এই ভাষায় বিষয়টা উল্লেখ করলেন কেন সোনিয়া? একজন রাজনৈতিক ব্যক্তির প্রধানমন্ত্রী হওয়ার বাসনা থাকা কি অপরাধ? ১৯৬৮ সালে প্রণববাবু রাজ্যসভায় প্রবেশ করেছিলেন। প্রথম বছরেই ব্যাংক জাতীয়করণ নিয়ে একটি আলোচনায় তিনি যে ভাষণ দিচ্ছিলেন, সেটি শুনে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী চমৎকৃত হন। ওম মেহতাকে প্রশ্ন করেছিলেন ছেলেটি কে? এরপর বাংলা কংগ্রেস ছেড়ে প্রণববাবু সাতের দশকেই কংগ্রেসে যোগ দেন। তিনি অল্পদিনেই বহু গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। 
সোনিয়া গান্ধী নিজেই লিখেছেন, প্রণববাবু যেন ভারত ও বিশ্ব ইতিহাসের এনসাইক্লোপিডিয়া। তাঁর অভিজ্ঞতা সোনিয়া গান্ধীকেও অনেক সাহায্য করেছে। সোনিয়া নিজেই লিখেছেন, যে কয়েকজন কংগ্রেস নেতা তাঁকে রাজনীতি প্রশিক্ষণে সাহায্য করেছেন, তাঁদের অন্যতম প্রণববাবু। 
প্রণববাবু যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসাবেই মুখার্জি গ্যাডগিল ফরমুলা করেছিলেন কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্ক নির্ণয়ে। অর্থমন্ত্রী, বিদেশমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী। প্রথম জীবনে শিল্প বাণিজ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। একজন রাজনৈতিক ব্যক্তি ভারত সরকার এবং যোজনা কমিশনের তাবৎ গুরুত্বপূর্ণ পদগুলিতে সফলভাবে নিজেকে নিয়োজিত করার পর যদি মনে করেন যে আমি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, এর মধ্যে অন্যায় কী আছে? 
ইন্দিরা গান্ধীর মৃত্যু পর পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে বিমানে ফেরার পথে রাজীব গান্ধীকে প্রণববাবু বলেছিলেন সবথেকে সিনিয়র মন্ত্রীর প্রধানমন্ত্রী হওয়া উচিত। এই জল্পনা ও চর্চা দীর্ঘকাল রাজনীতির অন্দরে চললেও সত্যতা প্রমাণ হয়নি। এমনকি সর্বোচ্চ স্তরের কংগ্রেস নেতৃত্ব পরবর্তীকালে স্বীকার করেছিলেন যে, এরকম কোনো কথা প্রণববাবু বলেননি। কিন্তু সেই থেকেই একটি ধারণা  তৈরি হয় যে প্রণববাবু প্রধানমন্ত্রী হতে চান। আর সেই কারণেই রাজীব গান্ধীর সঙ্গে দূরত্ব এবং প্রণববাবুর দলত্যাগ। পরে আবার দলে ফিরে আসেন বটে, কিন্তু ১৯৯১ সালের সরকারে মন্ত্রিসভায় স্থান পাননি। 
কিন্তু প্রণববাবু হাল না ছেড়ে কংগ্রেস রাজনীতির সর্বোচ্চ স্তরের নীতি নির্ধারণে যুক্ত হয়েই ছিলেন আজীবন। প্রধানমন্ত্রী হওয়ার বাসনার তুলনায় অনেক এগিয়ে তাঁর কংগ্রেসের প্রতি অবদান। তাঁর নামই ছিল ক্রাইসিস ম্যানেজার। দলের নির্বাচনি ইস্তাহার তৈরির সঙ্গেও যুক্ত ছিলেন বরাবর।
রাজনৈতিক জগতে আজকাল সবথেকে বেশি জনসমাজকে ধাক্কা দিচ্ছে প্রতিনিয়ত বিশ্বাসভঙ্গ। যখন তখন নেতানেত্রীরা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। অস্বস্তিতে ফেলছেন গোপন কথা প্রকাশ করে দিয়ে। নীতি, মূল্যবোধ ক্রমেই যেন কমছে। রাজনীতি অথবা সেলিব্রিটি তো বটেই, এমনকি সাধারণ ব্যক্তিজীবনে একটি করে ব্যক্তিগত মন্ত্রগুপ্তি থাকা কাম্য। অর্থাৎ অনেক কিছুর সাক্ষী হয়েও কোনোদিন সেটা প্রকাশ না করা। সৌজন্য বজায় রাখা। সুতরাং সোনিয়া গান্ধী যদি প্রণববাবুর কংগ্রেসের সঙ্গে সংযুক্তি, অবদান, দীর্ঘকালের সম্পর্ক এবং বিশ্বস্ততাকে বেশি গুরুত্ব দিতেন, সেটিই হত সোনিয়া গান্ধীর ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু প্রণববাবু মনমোহন সিংকে সরিয়ে দিতে চেয়েছিলেন, প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, এই প্রসঙ্গটি একাধিকবার উত্থাপন করায় প্রণববাবুকে কিছুটা হলেও অসম্মান করা হয়েছে। 
সোনিয়া গান্ধী এই ক্ষুদ্র প্রসঙ্গগুলি এড়িয়ে যেতে পারলেন না কেন? অসংখ্য বিতর্কিত বিষয়ে তিনি কোনো আলোকপাত করেননি। দলের এক দীর্ঘকালের নেতা, প্রাক্তন রাষ্ট্রপতির ভাবমূর্তি ভবিষ্যৎ রাজনৈতিক ইতিহাসে আগ্রহী মানুষের কাছে ক্ষুণ্ণ করে কী লাভ হল? সোনিয়া গান্ধীর ব্যক্তিগত ভাবমূর্তিও কি কিছুটা ধাক্কা খেল না?