ভোট চুরির ঘুঘুর বাসা
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভোট চুরি কি নিছক এসআইআর-এর কারচুপি? জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার হওয়ার আগে কি নির্বাচন কমিশন ছিল সম্পূর্ণ নিরপেক্ষ? নাকি ভোটের পরিসংখ্যান নিয়ে কারচুপির অভিযোগের শিকড় আরও গভীরে? কমিশনের অভ্যন্তরীণ অডিটের তথ্য সামনে আসার পর এই প্রশ্ন এড়ানোর উপায় নেই। কারণ, সেই নথি ঘেঁটে মহারাষ্ট্র, হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরের ৫১টি বিধানসভা ও লোকসভা কেন্দ্রে ভোটের হিসাবে গরমিলের তথ্য মঙ্গলবার সামনে এনেছে ‘দ্য রিপোর্টার্স কালেকটিভ’। রিপোর্টে দেখা গিয়েছে, কোথাও প্রদত্ত ভোটের চেয়ে গণনা হয়েছে কম, কোথাও আবার ঠিক উলটোটা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মুম্বই নর্থ কেন্দ্রে ইভিএমে ভোট পড়েছিল মোট ১৮ লক্ষ ১১ হাজার। অথচ  গণনা করা হয় মাত্র ১০ লক্ষ ৩৩ হাজার ভোট। বাকি ৭ লক্ষ ৭৮ হাজার ভোট হঠাৎ উধাও! কোথায় গেল প্রায় ৪৩ শতাংশ ভোট? কেউ জানে না। সেই নির্বাচনে সাড়ে তিন লক্ষের কিছু বেশি ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী পীযূষ গোয়েল। সেবছরই হরিয়ানার বড়খাল বিধানসভায় ৩ লক্ষ ৩২ হাজার ভোট পড়লেও গণনা হয় মাত্র ১ লক্ষ ৬০ হাজার। তার সুবাদেই মাত্র ৬ হাজারের কিছু বেশি ভোটে কংগ্রেস প্রার্থীকে হারিয়ে দেয় বিজেপি। এছাড়া ১৯টি কেন্দ্রে বুথে ভোটার উপস্থিতি দেখানো হয়েছে শূন্য। অথচ সেখানে লক্ষ লক্ষ ভোট পড়েছে। এর মধ্যে দশটি কেন্দ্রেই জিতেছে বিজেপি অথবা তার জোটসঙ্গী। এগুলি কোনো বিরোধী দলের বানানো অভিযোগ নয়। নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ অডিটের পরিসংখ্যান। এক-দু’টি ভুল হলে সেটিকে প্রশাসনিক গাফিলতি বলা যেত। কিন্তু এতগুলি কেন্দ্রে এমন ভয়াবহ অসংগতিকে সামান্য ভুল বলে চালিয়ে দেওয়া যায় না। এ তো শুধু চুরি নয়, দিনেদুপুরে ভোট-ডাকাতি!

Advertisement

মোদি জমানায় এসআইআর কিংবা জ্ঞানেশ কুমার বিতর্কের অনেক আগে থেকেই ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। বিরোধীদের অভিযোগ, স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান কমিশনকে কার্যত ঠুঁটো বানিয়ে রেখে শাসকদল বিশেষ রাজনৈতিক সুবিধা ভোগ করছে। বড়খাল কেন্দ্রে ভোটের হিসাব নিয়ে মামলা দায়ের হয়েছিল। কমিশনকে নথি এবং ভিডিয়ো ফুটেজ পেশের নির্দেশ দিয়েছিল  পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। কিন্তু মাত্র দশ দিন পরেই কেন্দ্র নির্বাচনি বিধিতে সংশোধন এনে ভোট সংক্রান্ত তথ্য প্রকাশের পথ বন্ধ করে দেয়। কেন? কী এমন গোপনীয়তা রয়েছে ভোটের হিসাবে? কতজন বুথে এলেন, কত ভোট পড়ল, কত ভোট গোনা হল—এই তিনটি সাধারণ তথ্য প্রকাশ করতে আপত্তি কোথায়? আইন অনুযায়ী, যে কোনো গরমিল ধরা পড়লে কমিশনের তদন্তের নির্দেশ দেওয়ার কথা। কিন্তু অভিযোগ, ২০২৪ সালে ওই ৫১টি আসনে ভোটের গরমিল নিয়ে কোনো পদক্ষেপই করা হয়নি। রিপোর্টার্স কালেকটিভের দাবি, কোনো প্রশ্নের জবাব না দিয়ে উলটে তাদের কাছ থেকে তথ্য চেয়েছে কমিশন। এব্যাপারে গোপনীয়তা বজায় রাখার আশ্বাসও দেওয়া হয়েছে। অর্থাৎ জবাব দেওয়ার বদলে প্রশ্নকেই চাপা দেওয়ার চেষ্টা! যে প্রতিষ্ঠানের দায়িত্ব নির্বাচনের পবিত্রতা রক্ষা করা, তার কাছেই যদি ভোটের হিসাব সঠিকভাবে না থাকে, তবে গণতন্ত্রের পাহারাদার কে? মোদি সরকারের আমলে একের পর এক সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা প্রশ্নের মুখে। এবার নির্বাচনের বিশ্বাসযোগ্যতার ধন্দ জাগছে মানুষের মনে। নির্বাচন শুধু পাঁচ বছর অন্তর ভোটের উৎসব নয়। জনগণের সম্মতির ভিত্তিতে ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক প্রক্রিয়া। সেই প্রক্রিয়াতেই যদি কারসাজির অভিযোগ ওঠে, তবে তা গোটা গণতন্ত্রের সংকট।
রাহুল গান্ধী বহু দিন ধরেই ভোটার তালিকা ও ভোটের হিসাব নিয়ে সরব। নরেন্দ্র মোদিকে প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জও জানিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রীর নীরবতা কাটছে না। বিতর্কে বসতে তাঁর এত ভয় কেন? অভিযোগ মিথ্যা হলে তথ্য দিয়ে খণ্ডন করুন। নির্বাচন কমিশনের নথি প্রকাশ করুন। দেশের মানুষকে বুঝিয়ে দিন, ভোটের হিসাবে কোনো কারচুপি হয়নি। কিন্তু তা না করে শুধু বিরোধীদের দেশদ্রোহী আখ্যা দিয়ে কি দায় এড়ানো যায়? সংসদে জবাব নেই, সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব নেই, বিরোধীদের সঙ্গে প্রকাশ্য বিতর্কে বসার সাহস নেই। তা হলে সংখ্যাগরিষ্ঠতার এত অহংকার কিসের? প্রধানমন্ত্রী কি মনে করেন, বিপুল ভোটে জিতলেই সব প্রশ্নের ঊর্ধ্বে উঠে যাওয়া যায়? প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনের কাছে তাই এখন একটাই দাবি, গরমিলের নিরপেক্ষ তদন্ত করতে হবে। দায়ীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে হবে।