দেদার শব্দবাজি, নিয়ন্ত্রণের  দায় কার?
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অভিযোগ এসেছে কয়েকশো। শনি ও রবিবার সংখ্যাটা ছিল ৪৩২। সোমবার রাতে তাতে যুক্ত হয়েছে আরও বেশকিছু। অধিকাংশ ক্ষেত্রেই পুলিশ নির্বিকার। পরিবেশকর্মীরা দিশাহারা। যাবতীয় আপত্তি নস্যাৎ করে মুখ্যমন্ত্রী এটাকে মানে অভিযোগ করার হীন ‘প্রবৃত্তি’কে কমিউনিস্টদের কাজ বলে লঘু করার চেষ্টা করলেও শব্দবাজির বাড়াবাড়ি নিয়ে সাধারণের প্রাণ যায় যায়। এঁদের সবাইকে কোনো একটি দল কিংবা মতের অনুগামী বলে দাগিয়ে দেওয়া কি ঠিক? ‘দিমাগি নকশালে’র মতো অভিযোগ করলেই কমিউনিস্ট! এই ব্যাখ্যা শাসকের মানসিক দৈন্যতাকেই প্রকাশ করে না কি? মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা দেবীকে রাস্তায় পর্যন্ত নামতে হয়েছে প্রতিবাদে। মুখ্যমন্ত্রীর কাছে সবিনয় প্রশ্ন, অগ্নিমিত্রা দেবীও কি তাহলে কমিউনিস্ট? যেমন বামেদের শিক্ষা দেওয়ার অছিলায় বইয়ের উপর আক্রমণ সঠিক কাজ নয়, ক্ষমার অযোগ্য অপরাধ, তেমনি শব্দবাজির বিরুদ্ধে প্রতিবাদ করলেই ‘কমিউনিস্ট’ আখ্যা দেওয়া ঘুরিয়ে বামপন্থীদেরই অক্সিজেন জোগাবে না কি? এতে বাম সাহিত্যের কাটতিই বাড়বে। মাননীয় মুখ্যমন্ত্রী শান্ত মনে কথাটা কিন্তু একবার ভেবে দেখবেন! এবার পরিবর্তনের বছর। আশা ছিল, ভরসা ছিল, সব আইন মেনেই হবে। মুখ্যমন্ত্রী নিজে মুখে বলেছেন, সব আইন মেনেই নিয়ন্ত্রণের মধ্যেই হয়েছে। বাড়াবাড়ি হয়নি। কিন্তু কালীপুজোর আগের দিন থেকেই পরিবেশবিদ, সাধারণ মানুষ, প্রবীণ নাগরিক, শয্যাশায়ীদের বাজির শব্দে প্রাণ ওষ্ঠাগত। পশুপাখি, কুকুর, বিড়াল আতঙ্কে নিঃশব্দ শান্তির আশ্রয়ের খোঁজে। বেশ কয়েকটি কুকুর মারাও গিয়েছে বলে খবর। তার চেয়েও বড়ো কথা রাজ্য মন্ত্রিসভার সদস্য থেকে শাসক দলের বিধায়ক পর্যন্ত বাজির এই অত্যধিক বাড়াবাড়িতে ক্ষুব্ধ। মাননীয় পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় সেই ক্ষোভের কথা প্রকাশ্যে জানিয়েছেনও কালীপুজোর রাতেই। যতদূর জানি অগ্নিমিত্রা ও রূপাদেবী দু’জনেই দক্ষিণেরই বাসিন্দা। তাঁরা দুজনেই কেমন অসহনীয় পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সবিস্তারে তা জানিয়েছেন। রাজ্যের স্বরাষ্ট্রসচিব থেকে ছোটো, বড়ো কর্তারা দীপাবলির আগে নানা আশ্বাস দিলেও বারংবার কালীপুজোর রাতে পুলিশকে অভিযোগ করেও যে সুরাহা মেলেনি, বিভিন্ন মহল থেকে এমন অভিযোগ করা হয়েছে। তবে রূপাদেবী সমাজমাধ্যমে তাঁর অসহায়তার কথা জানিয়েও পরে প্রত্যাহার করে নেন অজ্ঞাত কারণে। পরিবেশবিদ, সাধারণ মানুষ, প্রবীণ নাগরিক প্রত্যেকেই বাজির এই অত্যধিক বাড়াবাড়িতে ক্ষুব্ধ। অসুবিধায় পড়ে পুলিশকে অভিযোগ করেও যে মোটেই সুরাহা হয়নি তাও একাধিক মহল থেকে অভিযোগ করা হয়েছে। 

Advertisement

সবচেয়ে দুঃখের কথা বাজি দানবের হাত থেকে মুক্তি পায়নি হাসপাতাল থেকে নার্সিংহোমও। একাধিক হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রের গেটের ভিতর দেদার অত্যাচার চালিয়েছে শব্দদানব। অধিকাংশ ক্ষেত্রেই আইনরক্ষকরা ছিলেন নীরব দর্শক! গুরুতর রোগীরাও দু’চোখের পাতা এক করতে পারেনি। এটা কোনো সভ্য দেশে ভাবা যায়! পরিবেশকর্মীদের সংগঠন সবুজ মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন হাসপাতালে মধ্যরাত পর্যন্ত টহল দেওয়া হয়। ওই সংগঠনের পক্ষে নব কুমার দত্ত বলেছেন বিসি রায়, বাঙ্গুর, শিশুমঙ্গলে ভয়ংকর অবস্থা ছিল। আর জি করের চৌহদ্দির মধ্যে দেদার শব্দবাজির উৎপাত রোগীদের প্রাণ ওষ্ঠাগত করে দেয়। থানায় ফোন করলে শুধু বলা হয়েছে ফোর্স যাচ্ছে। কিন্তু শব্দ দানবে লাগাম টানা যায়নি এক মুহূর্তের জন্য।
এ তো গেল প্রশাসনিক গাফিলতির দিক। কিন্তু রাজ্য প্রশাসনের প্রধান যদি বলেন কিচ্ছু হয়নি, যা অভিযোগ এসেছে তার সিংহভাগই কমিউনিস্টদের করা, তাহলে তো আর কারোর কিছু করার থাকে না। আইনভঙ্গকারীরাই প্রশ্রয় পেয়ে যায়। তাহলে তো শব্দবাজির তাণ্ডবকে স্বাভাবিক বলেই মেনে নিতে হয়। স্বয়ং প্রশাসনের মাথা যদি এর পিছনে ‘সনাতনী উত্থান’ দেখতে পেয়ে থাকেন তাহলে মেনে নিতেই হবে তাঁর শাসনকালে শব্দবাজির এই উৎপাত ফি বছর কালীপুজোর রাতে উত্তরোত্তর বাড়বে। এবং পুলিশ প্রশাসন নির্বিকার হয়েই চাকরি বাঁচানো দায়িত্ব পালন করবেন। শাসকের মনে রাখা উচিত, অভিযোগ যেই করুন বাম কিংবা ডান, আপনার উৎসব যেন অন্যের নিরানন্দের কারণ না হয় তা নিশ্চিত করতে হবে পুলিশ ও প্রশাসনকে। নাহলে জনগণের জীবন বিপন্ন হতে বাধ্য।