হোয়াইট হাউসের দরজা খুলতে প্রয়োজন ছিল বিশেষ যোগাযোগের। আর সেই যোগাযোগ তৈরি করতেই কোটি কোটি টাকা খরচ! কখনো মার্কিন অর্থসচিব, কখনো জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দপ্তর, কখনো আবার ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে ফোনালাপের ব্যবস্থা। সব কিছুর নেপথ্যে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের ভাড়া করা লবিং সংস্থা। মার্কিন আইন ‘ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট’-এর আওতায় জমা পড়া নথি সামনে আসতেই প্রকাশ্যে এসেছে এই কূটনৈতিক তৎপরতার খুঁটিনাটি। রিপোর্ট বলছে, ডোনাল্ড ট্রাম্পের একেবারে ‘ইনার সার্কেল’-এর লোকেদের নিজেদের পকেটে পুরতে জলের মতো টাকা ঢেলেছে ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস। সেই বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করেছে ‘দি ইন্ডিয়ান এক্সপ্রেস’ সংবাদপত্র। নথি অনুযায়ী, ২০২৫ সালের মে ও জুন মাসে ভারতীয় প্রতিনিধি এবং হোয়াইট হাউসের শীর্ষ আধিকারিকদের মধ্যে অন্তত আটটি গুরুত্বপূর্ণ ফোনালাপের ব্যবস্থা করেছিল মার্কিন লবিং সংস্থা ‘এসএইচডব্লিউ পার্টনার্স’। সংস্থাটির মালিক ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী জেসন মিলার। ২০২৫ সালের এপ্রিলে ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস জেসন মিলারের সংস্থাকে নিয়োগ করে। চুক্তি অনুযায়ী, প্রতি মাসে দেড় লক্ষ মার্কিন ডলার পারিশ্রমিক পাওয়ার কথা ছিল সংস্থাটির। প্রাথমিকভাবে দু’বছরের জন্য এই চুক্তি করা হয়েছিল। কিন্তু কয়েক মাসের মধ্যেই বদলে যায় পরিস্থিতি। ২৩ জুন ২০২৫-এ জেসন মিলার ট্রাম্প প্রশাসনে ‘স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ি’ বা বিশেষ সরকারি কর্মচারী হিসাবে যোগ দেন। তার জেরে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতীয় দূতাবাসের সঙ্গে তাঁর সংস্থার চুক্তি বাতিল করা হয়। কিন্তু চুক্তি বাতিল হওয়ার আগে যে কাজগুলি হয়েছিল, তার বিবরণই এখন সামনে এসেছে ‘ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট’-এর নথিতে।
নথি বলছে, ২০২৫ সালের মে মাসে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর ভারত সফরের আগে থেকেই সক্রিয় হয়ে উঠেছিল জেসন মিলারের সংস্থা। ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে ফোনে কথা বলানোর ব্যবস্থা করা হয় মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল নিডহ্যাম এবং আন্ডার সেক্রেটারি জিন ল্যাঞ্জের। রুবিওর সফর শেষ হওয়ার পরও থেমে থাকেনি এই তৎপরতা। জুন মাসে ভারতীয় পক্ষের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা হয় ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার, প্রেসিডেন্টের নীতিবিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ বিভাগের ডিরেক্টর স্টিভেন চেউংয়ের। সব মিলিয়ে মে ও জুন মাসে অন্তত আটটি উচ্চপর্যায়ের ফোনালাপের সমন্বয় করে ‘এসএইচডব্লিউ পার্টনার্স’। অর্থাৎ, মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের সঙ্গে ভারতীয় প্রতিনিধিদের যোগাযোগ তৈরির দায়িত্ব পালন করছিল একটি বেসরকারি লবিং সংস্থা। আর সেই কাজের জন্য প্রতি মাসে খরচ হচ্ছিল দেড় লক্ষ ডলার। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে ফোনে যোগাযোগ তৈরি করাই সংস্থাটির একমাত্র কাজ ছিল না। ২৩ থেকে ২৬ মে ২০২৫ পর্যন্ত মার্কো রুবিওর ভারত সফরের সময় দিল্লিতে মার্কিন দূতাবাসে আয়োজিত দু’টি বিশেষ অনুষ্ঠানেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ‘এসএইচডব্লিউ পার্টনার্স’। সেই সময় জেসন মিলার নিজেও দিল্লিতে উপস্থিত ছিলেন। চুক্তির শর্ত অনুযায়ী, মার্কিন প্রশাসন, কংগ্রেস, বিভিন্ন রাজ্য সরকার, থিঙ্ক ট্যাঙ্ক এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত করা ছিল সংস্থাটির অন্যতম দায়িত্ব। পাশাপাশি, আমেরিকার নীতিনির্ধারণী মহলে ভারতের স্বার্থ তুলে ধরতে কৌশলগত পরামর্শ দেওয়ার কাজও করত তারা।
জেসন মিলারই একমাত্র নন। ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর তাঁর ঘনিষ্ঠ মহলের আরও একাধিক ব্যক্তির সঙ্গে যুক্ত লবিং সংস্থার উপর ভরসা রেখেছিল ভারতীয় দূতাবাস। তেমনই একটি সংস্থা মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স। প্রতি মাসে ৭৫ হাজার মার্কিন ডলারের বিনিময়ে এই সংস্থাকে নিয়োগ করা হয়েছিল। সংস্থাটির গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছেন ব্রায়ান লাঞ্জা। তিনি ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর দলের যোগাযোগ বিভাগের দায়িত্বে ছিলেন। শুধু তাই নয়, ট্রাম্পের বর্তমান চিফ অব স্টাফ সুসি ওয়াইলসও ২০২৪ সালের শেষ পর্যন্ত এই সংস্থার হয়ে লবিংয়ের কাজ করতেন। অর্থাৎ, একদিকে জেসন মিলারের সংস্থাকে মাসে দেড় লক্ষ ডলার, অন্যদিকে মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স -কে ৭৫ হাজার ডলার। দুই সংস্থাকে মিলিয়ে প্রতি মাসে ২ লক্ষ ২৫ হাজার ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি টাকারও বেশি। সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স -এর জমা দেওয়া নথির একটি উল্লেখ। ২০২৫ সালের জুনে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনের মাইলফলক ছোঁয়ার পর নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স-এর জমা দেওয়া কাজের বিবরণে সেই শুভেচ্ছাবার্তারও উল্লেখ রয়েছে। সংস্থাটি তাদের কূটনৈতিক উদ্যোগের অংশ হিসাবে বিষয়টি তুলে ধরেছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ট্রাম্পের ওই শুভেচ্ছাবার্তা প্রকাশের পিছনেও কি লবিং সংস্থার যোগাযোগ ও উদ্যোগ কাজ করেছিল? এই ঘটনাপ্রবাহ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনে দিয়েছে। ওয়াশিংটনের ক্ষমতার অলিন্দে প্রভাব বাড়াতে ভারতীয় করদাতাদের বিপুল অর্থ খরচ হচ্ছে। কিন্তু সেই অর্থের বিনিময়ে ঠিক কতটা কূটনৈতিক সুবিধা মিলছে? তাতে ভারতের কী সুবিধে হচ্ছে?



