একটি ভোটের গুরুত্ব
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শান্তনু দত্তগুপ্ত: ‘আপনার ভোটের গুরুত্ব আছে। কারণ, ওই একটি ভোট আপনার জীবনকে হয় খানিকটা মসৃণ করবে, কিংবা আরও একটু দুর্বিষহ। হ্যাঁ, একটা বিষয়ে সন্দেহ নেই, রাজনীতি সবার সব সমস্যার সমাধান করতে পারে না। সম্ভব নয়। দারিদ্র থাকবে। তা যেই সরকারে আসুক না কেন। একটা ভোট বা একটি প্রশাসনের জন্য জাতিবিদ্বেষ উধাও হয়ে যাবে না। রাতারাতি তা সম্ভব নয়। কিন্তু ধীরে ধীরে সম্ভব। এখন যে ফারাকটা একচুলের মতো মনে হচ্ছে, সেটাই তখন সমুদ্রের মতো হয়ে যাবে... বিরাট।’ 

Advertisement

বলতে পারেন, এই গোটা বক্তব্যটি কার? তাঁর কথায় দারিদ্র আসছে, জাতিবিদ্বেষও। আবার প্রত্যেকটি ভোটের গুরুত্বও তিনি বারবার মনে করিয়ে চলেছেন! খুব প্রাসঙ্গিক, ভয়ংকর দেশীয় বলে মনে হতেই পারে। আপনি ভাবতেই পারেন, এখন দেশে ভোটচুরি নিয়ে ফাটাফাটি চলছে। এসআইআরে নাম তোলার জন্য প্রত্যেক ভারতীয় ছুটোছুটি করছেন। জীবিতকে মৃত বলে চালিয়ে দেওয়া হচ্ছে। বাংলার লক্ষ লক্ষ মানুষ ট্রাইবুনাল নামক এক আইনি জাঁতাকলে পেষাই হয়ে চলেছে। জ্ঞানেশ কুমারের বাপান্ত করছে বিরোধী থেকে আম জনতা। সেক্ষেত্রে ‘একটি ভোট’ নিয়ে এত স্বস্তির কথা বললে কাশ্মীর থেকে কন্যাকুমারী খোঁজ পড়বেই। কিন্তু না। এখানেই তো গল্প! ভোটের গুরুত্ব শুধু ভারত নয়, সাত সাগর আর তেরো নদীর পারেও আছে। সদ্য ডোনাল্ড ট্রাম্প মহাশয় তা হাড়ে হাড়ে বুঝেওছেন। মেক আমেরিকা গ্রেট আগেন স্লোগানের চক্করে মার্কিন মুলুক যে বাস্তবে খাবি খাচ্ছে, তা টের পেয়ে গিয়েছেন সে দেশের নাগরিকরা। তাই মিড টার্ম বা মধ্যবর্তী নির্বাচনে আছাড় খেয়েছেন ট্রাম্পবাবু। তারপরই ওই বক্তব্য রেখেছেন বারাক ওবামা। বলেছেন, আজ একটা ভোট বলে বিষয়টিকে দুচ্ছাই করবেন না। এই এক একটি ভোটই এরপর বাকিদের সঙ্গে মিলেজুলে পাহাড়প্রমাণ হবে। ফারাকটা বোঝা যাবে তখন। 
আমাদের ভারতের মতো কি? না না, ঠিক তেমন নয়। এখানে ভোট, রাজনীতি, বিদ্বেষ, বিভাজন... সবই আছে বটে। নেই বলতে প্রশ্ন। মার্কিন মুলুকে নাগরিকরা সরকারকে, প্রশাসনকে প্রশ্ন করতে পারে। প্রশ্ন করে। সরকার তার উত্তর দিতে বাধ্য থাকে। উত্তর মনমতো না হলে সেই নাগরিকরাই ভোট দেয়... উলটে দেয় সরকারের হাঁড়ি-কলসি। এখানে আমরা অপেক্ষা করি... আচ্ছে দিনের। ১৩ বছর ধরে। সেই অপেক্ষা ফুরোয় না। আমরা ভাবনা-চিন্তার অস্ত্রে শান দিই। একে সরালে আসবে কে? সে যদি আরও খারাপ হয়? আমরা প্রচারের রোশনাই পছন্দ করি। তাই শাসক কী করেছে... সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে যায়। কত কী যে করেনি, সেটা আমরা ভুলে যেতে পছন্দ করি। বেমালুম। পার্থক্য অবশ্য আরও একটি আছে। ভারতে এখনও ৮০ কোটি মানুষ দারিদ্রসীমার নীচে। অর্থাৎ, প্রায় ওই সংখ্যক ভারতীয় এখনও বিনামূল্যে রেশন নিয়ে থাকে। পেটের টানে। বিনা পয়সার চাল, উজ্জ্বলায় গ্যাসের জন্য নাম লেখানো, কিংবা কাঠ-ঘুঁটে দিয়ে রান্না চড়ানো... তাদের ভাবনার সময় নেই। বিবেচনার মন নেই। এরা শুধু দেখে, আমি কী পেলাম। অতটুকুই। শিক্ষা নেই, স্বাস্থ্য পরিষেবা ধুঁকছে, জীবন যাপনের জন্য ন্যূনতম বেতন নেই। তারা আবার প্রশ্ন করবে? শাহরুখ খান সিনেমাতেই শুধু বলবেন... ‘পাঁচ টাকার একটা পেন কিনতে গেলে কত প্রশ্ন করেন, ঘষে ঘষে দেখেন কালি ঠিকমতো পড়ছে কি না। আর পাঁচ বছরের জন্য যাদের আপনার মাথার উপর ছড়ি ঘোরাতে বসাচ্ছেন, তাদের প্রশ্ন করবেন না?’ না স্যর, আপনি সিনেমায় ওসব বলতেই পারেন। আমরা দেখব, হাততালি দেব। কিন্তু প্রশ্ন আমরা করব না। আমরা ভোট দিই অভ্যাসে। প্রচারে। দানছত্রের লোভে...। সেই পরম্পরা আমরা ভাঙব না মশাই। তাই যেমন চলছে... চলবে। আমেরিকার সঙ্গে ভারতকে গুলোলে চলবে না। আমাদের কাছে জ্ঞানেশ কুমার আছেন। ওখানে নেই। এখানে তাই ভোট দেওয়ার আগেই লক্ষ লক্ষ ভোটার বাদ হয়ে যান। এসআইআর-এর নামে গোটা ভারতে ১৩ কোটি নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায়। আর ট্রাম্পের দেশে পাবলিক বিবেচনা করে, সরকারের কাজকর্ম দেখে ভোট দেয়। তাদের মনে আতঙ্ক থাকে না যে, এই আমার নাম বাদ পড়ে গেল। আমাদের দেশে ধর্মের নামে রাজনীতি চলে এবং তাতে হাত পাকানোর জন্য শাসকের লাইসেন্স লাগে। ট্রাম্প-ওবামার দেশে ওসব লাগে না। তাই তো নতুন প্রজন্মের প্রতি ১০ জন ভোটারের ৭ জন মিড টার্ম ইলেকশনে ভোট দেন ডেমোক্র্যাটদের। তাদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে। ৬১ শতাংশ মহিলা বলতে পারেন, আমরা ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিয়েছি। কারণ, এপস্টাইন ফাইল, প্রেসিডেন্টের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ। তাঁরা ভোট দেন জাতিবিদ্বেষের বিরুদ্ধেও। তাই তো সাদা চামড়ার নন, এমন ৯৩ শতাংশ মহিলা এবার বিরুদ্ধে গিয়েছেন ট্রাম্পের। আর ভারতীয় বংশোদ্ভূত? তাঁদেরও ৬২ শতাংশের সমর্থন গিয়েছে ডেমোক্র্যাটদের পক্ষে। ট্রাম্পের রিপাবলিকান নয়। সেই আঁচ কি ভারতের বুকেও পাওয়া যাচ্ছে। কারণ, এখানেও যুব সম্প্রদায় কিন্তু শাসকের উপর মোটেই খুশি নয়। শিক্ষা, স্বাস্থ্য, ভোট... সব ইস্যুতেই তারা ক্ষিপ্ত। এবং এই ক্ষোভ জেন জি লুকিয়ে রাখে না। বিস্ফোরণ ঘটিয়ে চলেছে তারা। লাগাতার। সাফ বলছে, আমরা অন্ধভক্ত হতে রাজি নই। আমাদের শিক্ষা চাই। সেটাও ‘অ্যাফর্ডেবল’। সাধারণ গ্র্যাজুয়েশনের জন্য আমরা বছরে ৬-৭ লক্ষ টাকা খরচ করতে পারব না। তারা বলছে, ভোট দেব। কিন্তু শর্ত মানতে পারব না। চোদ্দ পুরুষের খতিয়ান দেখাতে পারব না। আমরা ভারতীয়। শাসকের তাঁবেদার হতে পারব না। তুমি যদি কাজ করো, এমনিই ভোট পাবে। কিন্তু তোমার বস্তাপচা রাজনীতির জন্য যদি আমাদের পরীক্ষা বাতিল হয়... আমাদের আত্মহত্যা করতে হয়, এই ভোট তুমি পাবে না। সোশ্যাল মিডিয়ায় শুধু রিল বানিয়ে আমাদের প্রজন্মকে তোমরা ঘোল খাওয়াতে পারবে না। আমাদের বয়সও কিন্তু ১৮ থেকে ২৯ বছর। ২০২৪ সালের হিসাব বলছে, গোটা দেশে সংখ্যাটা ২১ কোটির উপর। আড়াই বছর পর যখন লোকসভা নির্বাচন হবে, পরিসংখ্যার আরও ভারী হবে। মোট ভোটার সংখ্যার অন্তত ২৫ শতাংশ হবেই। এর ২০ শতাংশও যদি সরকারের বিরুদ্ধে ভোট দেয়, কোনো জ্ঞানেশ কুমারই বাঁচাতে পারবে না। অঙ্ক কষেও না, ভোটার বাদ দিয়েও না। 
আগে বলা হত, ২ থেকে ৩ শতাংশ ভোট যদি স্যুইং করে, শাসকের ভবিষ্যৎ ‘খতরে মে’। তখনই পরিবর্তনের ডাক শোনা যায়। নতুন মেশিনারিতে ওই অঙ্ক পিছনের সারিতে চলে গিয়েছে। এখন ভোটার আর শাসক ঠিক করে না। বরং শাসক ঠিক করে দেয়, কে কে ভোট দেবে। একবারও তাদের মনে হয় না, সাধারণ মানুষ এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি ভালোভাবে নেয় না। তারা ফুঁসতে থাকে। সুযোগ খোঁজে। আমি ভোট দিতে পারব না... আমার পাশের লোকটা তো দেবে! সে না পারলে আর একজন। কতজন ভারতীয়কে আটকাবে তুমি। তারা ধরবে নজরুল, ‘জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে/জরায় মরা মুমূর্ষদের প্রাণ-লুকানো ঐ বিনাশে।’ তখন কিন্তু ১৫ শতাংশ ভোটার ‘নিশ্চিতভাবে’ বাদ দিয়েও লাভ হবে না। আমেরিকার নির্বাচন তার জ্বলজ্যান্ত প্রমাণ। ওখানে জ্ঞানেশ কুমার না থাকতে পারেন, কিন্তু প্রচারের প্রভাব ছিল। অর্থের দাপট ছিল। সর্বোপরি ছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর অভিবাসী খেদাও অভিযান। তারপরও মার্কিন নাগরিকরা মনে করেছেন, রিপাবলিকানদের এমন দক্ষিণপন্থা দেশের জন্য ভালো নয়। এই বিভাজন তারা চায়নি। মেনে নেয়নি। আন্তর্জাতিক বড়দা হয়ে যুদ্ধের নামে একের পর এক নিরপরাধ মানুষ, শিশুদের হত্যা আমেরিকা চায় না। তা সে ইরান হোক বা গাজা। একে নতুন আমেরিকা বললে চলবে না। ট্রাম্প যতই বলুন না কেন, মানুষ তা হজম করেনি। ট্রাম্পের ‘বন্ধু’ যদি একই পথে হাঁটেন, সেটাও কি দেশবাসী মেনে নেবে? প্রশ্ন করলেই আজ এখানে দিমাগি নকশাল হয়ে যেতে হয়। বিরোধিতা করলেই ডিম থেরাপি। বহু বছরের পুরানো মামলায় বাড়িতে পুলিশের আগমনি। 
ভোটের ফলের দিন ‘নিউ ইয়র্ক টাইমস’ লিখেছিল, ‘শেষ দুটো বছর গণতন্ত্র ধ্বংসের জন্য খরচ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর মঙ্গলবার, ভোটাররা রুখে দাঁড়াল তাঁর বিরুদ্ধেই।’ এই দু’টি বাক্য প্রমাণ করে, গণতন্ত্র স্রেফ নামে হয় না। কণ্ঠরোধে হয় না। মার্কিন মুলুকে কোনো ‘গোদি মিডিয়া’ হয় না। প্রচারের ঘোর থেকে বেরতে হলে শুধু মানসিকতা থাকাটাই যথেষ্ট। জয়ধ্বনি শোনা যাবে তার পরেই। 
‘দিগম্বরের জটায় লুটায় শিশু চাঁদের কর,
আলো তার ভরবে এবার ঘর!
তোরা সব জয়ধ্বনী কর!’
(কাজি নজরুল ইসলাম)