কেন সোনার পাহাড় গড়ছে চীন?
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মৃণালকান্তি দাস: একসময় বছরে মাত্র ১৩.৮ টন সোনা উৎপাদন করতে পারত চীন। আজ সেই দেশই বিশ্বের সবচেয়ে বড়ো স্বর্ণ উৎপাদক। কিন্তু এই গল্পের আসল চমক খনির গভীরে নয়, লুকিয়ে আছে বেজিংয়ের আরও বড়ো এক পরিকল্পনায়। চীন শুধু সোনা তুলছে না, সোনা জমাচ্ছে, বিদেশের খনি কিনছে, হংকংয়ে গড়ে তুলছে আন্তর্জাতিক স্বর্ণবাণিজ্যের নতুন কেন্দ্র। লক্ষ্য— বিশ্ব অর্থনীতিতে ইউয়ানের অবস্থান শক্তিশালী করা এবং মার্কিন ডলারের উপর নির্ভরতা কমানো।

Advertisement

প্রশ্ন হল, এই সোনার পাহাড় কি একদিন ডলারের সাম্রাজ্যকে কাঁপিয়ে দিতে পারবে? বেজিং জানে, 
বিশ্ব অর্থনীতিতে ক্ষমতার লড়াই শুধু অস্ত্র, প্রযুক্তি কিংবা শিল্প উৎপাদনে সীমাবদ্ধ নয়। মুদ্রার উপর আস্থাও ক্ষমতার একটি বড়ো উৎস। ডলার আজও সেই ক্ষমতার কেন্দ্রে। কিন্তু চীন চাইছে এমন একটি আর্থিক বিকল্প তৈরি করতে, যেখানে তার নিজস্ব মুদ্রা, সোনা এবং আন্তর্জাতিক বাণিজ্য পরস্পরের সঙ্গে যুক্ত থাকবে।
সোনা নিয়ে চীনের আবেগ হাজার বছরের। অথচ এই মূল্যবান ধাতুর উৎপাদনে দেশটির অবস্থান ছিল বেশ পিছিয়ে। ১৯৭৫ সালে অর্থনৈতিক আধুনিকায়নের পথে হাঁটতে শুরু করা চীনের বার্ষিক সোনা উৎপাদন ছিল মাত্র ১৩.৮ মেট্রিক টন। তখন বিশ্ব স্বর্ণবাজারের রাজা ছিল দক্ষিণ আফ্রিকা। উৎপাদনে চীনের চেয়ে অনেক এগিয়ে ছিল কানাডা, আমেরিকা ও অস্ট্রেলিয়াও। চীন বুঝেছিল এই সোনালি ধাতুর গুরুত্ব। ১৯৭৯ সালে শুরু বিশেষ অভিযান। গঠন করা হল ‘গোল্ড ট্রুপ’। তাদের দায়িত্ব—দেশের আনাচকানাচে সোনার সন্ধান করা। তারপর দীর্ঘ লড়াই। প্রযুক্তি, গবেষণা, বিনিয়োগ আর রাষ্ট্রীয় পরিকল্পনার সমন্বয়ে বদলাতে থাকল চীনের স্বর্ণশিল্প। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকাকে টপকে বিশ্বের এক নম্বর সোনা উৎপাদক হয়ে গেল চীন। সেই মুকুট আজও তাদের মাথায়। বর্তমানে বছরে প্রায় ৩৮০ মেট্রিক টন সোনা উৎপাদন করে দেশটি।
কিন্তু এই উত্থানের পিছনে আসল রহস্য কী? চীনের স্বর্ণবিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র ছিল একটি প্রযুক্তি— প্রেশার অক্সিডেশন বা পিওএক্স। সহজভাবে বললে, অনেক আকরিকের মধ্যে সোনা থাকলেও তা সরাসরি বের করা অত্যন্ত কঠিন। বিশেষ করে কম আকরিকমানের পাথরে সোনার পরিমাণ এত কম থাকে যে প্রচলিত পদ্ধতিতে তা উত্তোলন অর্থনৈতিকভাবে লাভজনক হয় না। পিওএক্স প্রযুক্তি সেই সমস্যার সমাধান করে। বিশেষ প্রক্রিয়ায় আকরিকের জটিল গঠন ভেঙে সোনাকে নিষ্কাশনের উপযোগী করা যায়। ফলে যে খনিগুলি একসময় প্রায় মূল্যহীন বলে বিবেচিত হতো, সেগুলিও হয়ে উঠল অর্থনৈতিক সম্পদ।
অথচ, পিওএক্স প্রযুক্তি চীনের আবিষ্কার নয়। আমেরিকা ও কানাডা বাণিজ্যিকভাবে এই প্রযুক্তির ব্যবহার শুরু করেছিল। রাশিয়ার আমুরস্ক কেন্দ্রে রয়েছে বিশ্বের বৃহত্তম পিওএক্স অটোক্লেভ ব্যবস্থাগুলির একটি। অর্থাৎ প্রযুক্তি আবিষ্কারে চীন প্রথম নয়। পরিচালন ব্যয়েও সব ক্ষেত্রে তারা প্রথম নয়। তাহলে এই প্রতিযোগিতায় তারা জিতল কীভাবে? এর উত্তর একটাই— সংগঠন।
চীন এক-দু’টি বিশাল খনির উপর নির্ভর করেনি। বরং দেশজুড়ে গড়ে তুলেছে শত শত মাঝারি ও ছোটো খনির সমন্বিত নেটওয়ার্ক। এই মডেলের সুবিধা বিশাল। আমেরিকার সোনা উৎপাদনের বড়ো অংশ আসে নেভাদার কার্লিন ট্রেন্ড অঞ্চল থেকে। ফলে একটি নির্দিষ্ট অঞ্চলে বড়ো বিপর্যয় ঘটলে উৎপাদনে বড়ো ধাক্কা লাগতে পারে। চীনের ক্ষেত্রে উৎপাদন ছড়িয়ে রয়েছে বিভিন্ন অঞ্চলে। একটি খনিতে সমস্যা হলেও গোটা ব্যবস্থাকে থামিয়ে দেওয়া কঠিন। তার উপর রয়েছে রাষ্ট্রীয় সমন্বয়। অর্থায়ন, উৎপাদন, পরিবহণ, নিরাপত্তা ও প্রক্রিয়াকরণ— সবকিছুকে একই শিল্পব্যবস্থার আওতায় আনার চেষ্টা করেছে বেজিং। চীন হয়তো বিশ্বের সবচেয়ে সস্তায় সোনা উৎপাদন করে না। কিন্তু তাদের শক্তি, বিপুলসংখ্যক উৎপাদনকেন্দ্রকে একসঙ্গে পরিচালনা করার ক্ষমতা। এ যেন একটি খনি নয়, গোটা দেশটাই একটি বিশাল স্বর্ণশিল্পের ইকোসিস্টেম। এর মধ্যেই চীনা খনি সংস্থাগুলি দেশের সীমানা ছাড়িয়ে আফ্রিকা, মধ্য এশিয়া, দক্ষিণ আমেরিকা ও পাপুয়া নিউগিনিতে ব্যবসা বিস্তার করছে। অর্থাৎ চীনের স্বর্ণবিপ্লব এখন আর শুধু চীনের মাটিতে সীমাবদ্ধ নেই।
চীনের আরেকটি কৌশল আরও বিষ্ময়ের। দেশটি তামা, সীসা ও দস্তার মতো ধাতুর বিশ্বের বৃহত্তম শোধনকারী। এই ধাতুগুলি পরিশোধনের সময় উপজাত হিসাবেও সোনা পাওয়া যায়। ফলে আলাদা করে সোনার খনি না চালিয়েও চীনের স্মেল্টারগুলি থেকে বছরে প্রায় ৮০ মেট্রিক টন সোনা উদ্ধার করা সম্ভব হচ্ছে। ভাবুন, একটি শিল্পের উপজাত আরেকটি শিল্পের সম্পদ হয়ে উঠছে! এখানেই চীনের আসল শক্তি। তারা শুধু প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করেনি। বরং খনি, প্রযুক্তি, ধাতু পরিশোধন, পরিবহণ ও অর্থায়নকে যুক্ত করে তৈরি করেছে একটি পূর্ণাঙ্গ শিল্পব্যবস্থা। রেয়ার আর্থ বা বিরল খনিজের বাজারেও চীনের প্রভাবের পিছনে একই ধরনের শিল্পসমন্বয় কাজ করেছে।
কিন্তু সোনার গল্পের সবচেয়ে বড়ো রহস্য এখনও বাকি। কারণ, বিশ্বের সবচেয়ে বেশি সোনা উৎপাদন করেও চীন থেমে নেই। তারা বিপুল পরিমাণ সোনা আমদানি করছে। একদিকে চীন বছরে প্রায় ৩৮০ টন সোনা উৎপাদন করছে। অন্যদিকে বিদেশ থেকেও বিপুল পরিমাণ সোনা কিনছে। দেশটির অভ্যন্তরীণ উৎপাদন ও আমদানি মিলিয়ে বার্ষিক সোনা সংগ্রহের পরিমাণ এখন প্রায় ১,৪০০ মেট্রিক টন। এর বড়ো অংশ যায় দেশীয় বাজারে। পাশাপাশি ক্রমাগত বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকের সোনার মজুত।
কেন? সোনা কি শুধুই সম্পদ সঞ্চয়ের মাধ্যম? নাকি এর পিছনে রয়েছে আরও বড়ো ভূরাজনৈতিক ও আর্থিক পরিকল্পনা? বেজিংয়ের এই পদক্ষেপের দিকে তাকিয়ে বিশ্বের অর্থনীতিবিদদের একাংশের ধারণা, চীন একই সঙ্গে দু’টি লক্ষ্য পূরণ করতে চাইছে। প্রথমত, মার্কিন ডলারের উপর নির্ভরতা কমানো। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাণিজ্যে নিজেদের মুদ্রা ইউয়ানের গ্রহণযোগ্যতা বাড়ানো। আর তাই ২৩ মাস ধরে সোনা কিনে চলেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক ‘পিপলস ব্যাংক অব চায়না’ বা পিবিওসি। শুনলে অবাক হবেন, ২০২৬ সালের প্রথম আট মাসে চীন ১ হাজার টনের বেশি সোনা আমদানি করেছে বলে তথ্যে উল্লেখ রয়েছে। এর আর্থিক মূল্য প্রায় ১৫ হাজার ৮৮০ কোটি ডলার। ফলে মোট সোনার মজুত দাঁড়িয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৭০ হাজার আউন্সে। অর্থাৎ প্রায় ২,৪০৯.৫৯ টন। যা কেউ টেরই পায়নি!
বেজিং এখন আমেরিকার ট্রেজারি বন্ডে বিনিয়োগের উপর নির্ভরতা কমিয়ে বিকল্প সম্পদ হিসাবে সোনাকে গুরুত্ব দিচ্ছে। কারণ সোনার একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। কোনো সরকারের প্রতিশ্রুতি, ঋণ পরিশোধের সক্ষমতা কিংবা নির্দিষ্ট দেশের আর্থিক ব্যবস্থার উপর এর অস্তিত্ব নির্ভর করে না। এই কারণেই ভূরাজনৈতিক সংঘাত ও নিষেধাজ্ঞার ঝুঁকির সময়ে সোনা অনেক কেন্দ্রীয় ব্যাংকের কাছে আকর্ষণীয় সম্পদ হয়ে উঠেছে।
তাছাড়া চীন চায় আন্তর্জাতিক বাণিজ্য ও আর্থিক লেনদেনে ইউয়ানের ব্যবহার বাড়াতে। বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং আর্থিক লেনদেনে মার্কিন ডলারের অবস্থান অত্যন্ত শক্তিশালী। এই ব্যবস্থায় পরিবর্তন আনা সহজ নয়। তবে চীন একটি বিকল্প পথ তৈরি করতে চাইছে। 
সেই পরিকল্পনার কেন্দ্রে রয়েছে সোনা। চীনা কোম্পানিগুলি আফ্রিকা, লাতিন আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে সোনার খনিতে বিনিয়োগ করছে। এর ফলে উৎপাদনস্থল থেকেই সোনা সংগ্রহের সুযোগ তৈরি হচ্ছে। অন্যদিকে, হংকংকে আন্তর্জাতিক স্বর্ণবাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে গড়ে তোলার চেষ্টা চলছে।
বিদেশি কোনো ক্রেতা যদি ইউয়ান দিয়ে হংকং থেকে সোনা কিনতে পারেন, সেখানে সোনা সংরক্ষণ করতে পারেন এবং আন্তর্জাতিক বাজারে সেই সোনা লেনদেন করতে পারেন, তাহলে তাঁর ইউয়ান ব্যবহারের প্রয়োজনও বাড়বে।
অর্থাৎ সোনা কেনাবেচার মধ্য দিয়েই ইউয়ানের আন্তর্জাতিক ব্যবহার ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হতে পারে। ভবিষ্যতে এই নেটওয়ার্ক সিঙ্গাপুর, কুয়ালালামপুর, দুবাই, রিয়াধ ও মস্কো পর্যন্ত বিস্তৃত করার সম্ভাবনাও আলোচনায় রয়েছে।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ডলারের সাম্রাজ্যে কি সত্যিই ফাটল ধরবে? চীনের সোনা কেনার প্রবণতাকে অনেকেই ডলারমুক্তকরণের বৃহত্তর কৌশলের অংশ হিসাবে দেখছেন। কিন্তু বাস্তবতা একটু জটিল। চীন আমেরিকার ট্রেজারি বন্ডে বিনিয়োগ কমিয়েছে, সোনার মজুত বাড়িয়েছে। কিন্তু তার অর্থ এই নয় যে তারা ডলার থেকে পুরোপুরি বেরিয়ে আসছে। চীনা বিনিয়োগকারীরা এখনও মার্কিন শেয়ারবাজারে বিনিয়োগ করছেন। আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাতেও ডলারের প্রভাব যথেষ্ট শক্তিশালী। আর ইউয়ানকে সত্যিকারের বৈশ্বিক মুদ্রা হিসাবে প্রতিষ্ঠা করতে 
হলে শুধু সোনা জমালেই চলবে না। বিদেশি বিনিয়োগকারীদের চীনের আর্থিক বাজারের উপর আস্থা থাকতে হবে। ইউয়ান সহজে অন্য মুদ্রায় রূপান্তর করার সুযোগ থাকতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য ইউয়ানে সম্পদ ধরে রাখা ও বিনিয়োগের সুযোগও বাড়াতে হবে। অর্থাৎ সোনার পাহাড় তৈরি করা সম্ভব, কিন্তু সেই সোনার জোরে রাতারাতি ডলারের জায়গা দখল করা সম্ভব নয়।
একসময় সোনার জন্য চীনকে বিশ্বের দিকে তাকাতে হতো। আজ বিশ্বের স্বর্ণবাজার তাকিয়ে আছে চীনের দিকে। আর বেজিংয়ের নজর? সোনার চেয়েও অনেক বড়ো— বিশ্ব অর্থনীতির ক্ষমতার ভারসাম্য।