তন্ময় মল্লিক: যিনিই রাম তিনিই কৃষ্ণ। এটাই তো সনাতনী শিক্ষা। শ্রীরামচন্দ্র এবং শ্রীকৃষ্ণকে হিন্দুরা ঈশ্বরের অবতার বলেই মনে করেন। অথচ কৃষ্ণ এবং রামচন্দ্রের মধ্যেও শুরু হয়েছে বিভাজনের চেষ্টা। একজনকে বড়ো করার জন্য অন্যজনকে ছোটো দেখানোর এই প্রয়াস কিসের স্বার্থে? প্রচারে ভেসে থাকার লোভ, নাকি নিজেকে বড়ো রামভক্ত প্রমাণ করে আরও কিছু বাগিয়ে নেওয়ার জন্যই বাগেশ্বর বাবার এহেন উক্তি! তবে, স্বঘোষিত ধর্মগুরু যাই বলুন না কেন, কোটি কোটি বাঙালির বিশ্বাস, ‘যত মত তত পথ’। একই দেহে যিনি শ্রীরামচন্দ্র এবং শ্রীকৃষ্ণকে ধারণ করে এই মর্তে অবতীর্ণ হয়েছিলেন সেই রামকৃষ্ণ আমাদের এই শিক্ষাই দিয়েছেন।
রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রধানমন্ত্রী বাংলায় এসে জানতে চেয়েছিলেন, পরিবর্তন কেমন লাগছে? পালাবদলের কিছু দিনের মধ্যেই এই প্রশ্ন করায় বাংলার মানুষ জবাব দেওয়ার জায়গায় ছিল না। নির্বাচনের জন্য বন্ধ থাকে উন্নয়ন। তারপর সরকার গঠন। মন্ত্রিসভা নিয়ে টানাপোড়েন। সবকিছু মিলিয়ে ‘হ্যাংওভার’ কাটিয়ে কাজ শুরু করতে সময় লাগে। তাই উন্নয়নমূলক কাজের মূল্যায়ন করতে হলে আরও কিছুটা সময় লাগবে। তবে, অল্প সময়ের মধ্যেও একটা পরিবর্তন রাজ্যবাসীর নজর কেড়েছে। ‘বাবা’দের দাপট বাড়ছে। বিজ্ঞান ও কারিগরি শিক্ষার পীঠস্থান যাদবপুর বিশ্ববিদ্যালয়েও টের পাওয়া গিয়েছে তাঁদের সক্রিয় উপস্থিতি। দুর্গাপুজোয় কী খাবেন, সেটাও ঠিক করে দিচ্ছেন বাগেশ্বর বাবার মতো স্বঘোষিত ধর্মগুরুরা। দিক নির্দেশ করছেন ‘বাবা’রা।
বাগেশ্বর বাবা অলৌকিক ক্ষমতার অধিকারী কি না, সমাজের উন্নয়নে তাঁর কী অবদান, সেটা বাগেশ্বরধামের মানুষ ভালো বলতে পারবে। তবে, বাংলা বাগেশ্বর বাবাকে অলৌকিক ক্ষমতার জন্য নয়, চিনেছে দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়ায়। শুধু নিদান দিয়েই তিনি ক্ষান্ত থাকেননি। তাঁর কথায়, দুর্গাপুজোর সময় যারা মাংস খাবে তারা ‘পাখণ্ডী’। অর্থাৎ দুর্গাপুজোর সময় যাঁরা আমিষ খাবেন তাঁরা বাবাজির চোখে ‘ভণ্ড’। তাঁর এই মন্তব্য ঘিরে অনেক বিতর্ক হয়েছে।
তবে, বার বার বিতর্কিত মন্তব্য করে মানুষের নজর কেড়েছেন এই যুবক ‘বাবা’। সরকার যখন ‘হাম দো হামারা দো’ নীতি নিয়ে জনবিস্ফোরণ ঠেকাতে চাইছে তখন তিনি হিন্দুদের চারটি সন্তান নেওয়ার পরামর্শ দিয়েছেন। তারমধ্যে একটি আরএসএসকে দেওয়ার পরামর্শ দেন। হিন্দুদের মিছিলে পাথর ছুড়লে তার বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার নিদান দেন। এই ধরনের মন্তব্য করে তিনি উগ্র হিন্দুদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন। তিনি সরাসরি হিন্দু রাষ্ট্রের পক্ষে সওয়াল করেন। সেই জন্যই কি ধীরেন কৃষ্ণ গর্গের ক্যান্সার হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে পৌঁছে যান দেশের প্রধানমন্ত্রী? সেই জন্যই কি ২০২৫ সালের ২৩ জানুয়ারির অনুষ্ঠানে পঁচাত্তরে পৌঁছানো নরেন্দ্র মোদি তিরিশে পা রাখা যুবক বাগেশ্বর বাবাকে ‘ভাই’ বলে সম্বোধন করেন?
শাস্ত্রজ্ঞান অর্জন না করেও এদেশে ‘শাস্ত্রী’ হওয়া যায়। ধীরেন কৃষ্ণ গর্গও শাস্ত্রী হয়েছেন। তিনি নাকি হাজার হাজার মানুষের মধ্যে থেকে একজনকে
মঞ্চে তুলে নিয়ে বলে দিতে পারেন, তাঁর অতীত
এবং ভবিষ্যৎ। মুখ দেখেই বলতে পারেন, সেই ব্যক্তির কী সমস্যা এবং কী করলে মিলবে তা থেকে মুক্তি। যদিও এসবই বাগেশ্বর বাবার অনুগামী এবং ভক্তবৃন্দের দাবি। অখিল ভারতীয় অন্ধ শ্রদ্ধা নির্মূল সমিতির সভাপতি শ্যাম মানব তাঁর অলৌকিক
শক্তি নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। কিন্তু, ‘বাবা’ তা গ্রহণ করেননি। তাই তাঁর অলৌকিক ক্ষমতা নিয়ে
যা প্রচারই থাকুক না কেন, এখনও ‘কষ্টি পাথরে’ যাচাই হয়নি। তবে, অলৌকিক ক্ষমতা নিয়ে বিতর্ক থাকলেও প্রভাবশালী রাজনীতিবিদদের সৌজন্যে তিনি যে অসীম ক্ষমতার অধিকারী, তা নিয়ে
কোনো সংশয় নেই।
মধ্যপ্রদেশের ছাত্তারপুর জেলার গড়া গ্রামে বাগেশ্বর মন্দির ঘিরেই ধীরেন কৃষ্ণ গর্গের ধর্মচর্চা শুরু। কিছু দিনের মধ্যেই তাঁর অলৌকিক ক্ষমতার নানান গল্প বাজারে ছড়িয়ে পড়ে। সমস্যা জর্জরিত জীবন থেকে মুক্তির আশায় মানুষ তাঁর কাছে ছুটে যায়। মুক্তি কতটা মেলে, তা নিয়ে বিতর্ক থাকলেও দিন দিন বাড়তে থাকে ভিড়। বিশেষ অনুষ্ঠানের দিনগুলিতে হয় লাখো মানুষের জমায়েত। এহেন ‘বাবা’দের গুরুত্ব বিজেপির কাছে যে কতটা সেটা রাম-রহিম বাবাকে দেখলেই বোঝা যায়।
গুরমিত রাম রহিম সিংহ গোটা দেশের মানুষের কাছে ‘রাম রহিম বাবা’ বলেই পরিচিত। তাঁর বিরুদ্ধে খুন, ধর্ষণের অভিযোগ উঠেছে বারবার। পুলিশ এবং প্রশাসনের চাপে বহু ক্ষেত্রেই তা থানা ও আদালত পর্যন্ত গড়ায়নি। কিন্তু, দুই শিষ্যাকে ধর্ষণের ঘটনা চাপা দেওয়া সম্ভব হয়নি। বিচার শেষে আদালত ২০১৭ সালে দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে ২০ বছর কারাদণ্ড দেয়। এমন একজন সাজাপ্রাপ্ত আসামিকেও বিজেপি নানানভাবে কাজে লাগিয়েছে এবং লাগিয়ে যাচ্ছে। কারণ রাম রহিম বাবা ভোট করাতে জানেন।
পরিসংখ্যান বলছে, আট বছরে রাম রহিম বাবা মোট ৪০৫দিন প্যারোলে জেল থেকে ছাড়া পেয়েছেন। যে সমস্ত এলাকায় তাঁর ভক্তের সংখ্যা বেশি সেই রাজ্যে নির্বাচন এলেই রাম রহিম প্যারোলে মুক্তি পান। পাঞ্জাব, হরিয়ানা, হিমাচলপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের ভোটের আগে তিনি কখনো ২১দিন, কখনো ৩০দিন, কখনো ৪০দিন প্যারোলে জেলের বাইরে থেকেছেন। জেল থেকে বেরলে কেউ তাঁকে ডিম ছোড়ে না। উলটে ফুলের মালা পরিয়ে বীরের সম্মান দেওয়া হয়। কারণ রাজনীতির কারবারিরা জানে, ‘বাবা’কে খুশি করতে পারলেই ভরে যাবে ভোটবাক্স। কুনকি হাতি মাহুতের নির্দেশিত পথে যেভাবে দলমার দামালদের নিয়ে যায়, ঠিক একইভাবে ধর্মান্ধরা রাম রহিম বাবাদের অনুসরণ করে। সেই সম্মোহনী ক্ষমতা আছে বলেই ‘বাবা’দের পায়ে মাথা ঠোকেন নেতা, মন্ত্রীরা।
তৃণমূলের আমলে এক বা দু’জনকে খুশি করলেই নম্বর চর চর করে বাড়ত। কিন্তু, বিজেপিতে কাকে খুশি করলে নম্বর বাড়বে, সেটা অধিকাংশ নেতা বুঝতে পারছেন না। সাপ লুডো খেলতে নেমে বঙ্গ বিজেপির নেতারা মই খুঁজে পাচ্ছেন না। সর্বদা সাপের মুখে পড়ার ভয় তাঁদের তাড়া করে বেড়াচ্ছে। তাই অনেকে ‘বাবা’দের শরণাপন্ন হচ্ছেন। কারণ ‘বাবা’দের তোয়াজ করছেন স্বয়ং প্রধানমন্ত্রীও। আর প্রধানমন্ত্রী কাউকে ‘ভাই’ বলে সম্বোধন করলে তাঁর সান্নিধ্য পাওয়ার জন্য বিজেপির নেতা, মন্ত্রীদের লাইন পড়বে, সেটাই তো স্বাভাবিক।
বিজেপির নেতা, মন্ত্রীরা শুধু বাগেশ্বর বাবার
সঙ্গে দেখাই করেননি। তাঁর আতিথেয়তায় পাত
পেয়ে ভোজন সেরেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাঁরা মনে করেছিলেন, ‘বাবা’ তাঁদের উপর সন্তুষ্ট এই বার্তা দিতে পারলেই বাড়বে নম্বর। কিন্তু, বাংলায় একটা কথা আছে, লেজ তুলে দেখতে হয় এঁড়ে না বকনা। সম্পর্ক স্থাপনের আগে তাকে যাচাই করে নিতে হয়। বঙ্গ বিজেপির অধিকাংশ নেতা সেটা করছেন না। তাঁরা হয়তো ভাবছেন, গেরুয়াধারী মানেই ত্যাগী। গেরুয়াধারী মানেই বিবেকানন্দের ভাবশিষ্য।
যে বাগেশ্বর বাবার সঙ্গে ছবি পোস্ট করে বিজেপি নেতারা ‘জাতে’ ওঠার চেষ্টা করেছিলেন তিনি সম্প্রতি এমন মন্তব্য করেছেন, যা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে। মধ্যপ্রদেশের শিবপুরীতে এক অনুষ্ঠানে তিনি রামচন্দ্র ও কৃষ্ণের মধ্যে তুলনা টেনেছেন। বাগেশ্বর বাবা কৃষ্ণভক্তদের উদ্দেশে বলেছেন, ‘তোমাদের ঠাকুর বাঁকা। কোমর বেঁকে থাকে, ঘাড় বেঁকে থাকে। বেঁকে বাঁশি বাজান। আর আমাদের ঠাকুর সোজা দাঁড়িয়ে থাকেন। আমাদের ঠাকুরের নাম সোজা। তোমাদের ঠাকুরের নাম বাঁকা। আমাদের ঠাকুরের ধামও সোজা, অযোধ্যা। তোমাদের ঠাকুরের ধামও বাঁকা, বৃন্দাবন।’
বিভেদ মানসিকতার এটাই সবচেয়ে খারাপ দিক। বিভেদ বাধাতে পারলেই মন খুশি হয়। প্রথমে ধর্মের সঙ্গে ধর্মের বিভেদ। তারপর একই ধর্মের উচ্চ বর্ণের সঙ্গে নিম্নবর্ণের। এতদিন তা মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবার দেখা গেল দেবতা ভাগের চেষ্টা। তোমাদের দেবতা, আমাদের দেবতা। এভাবেই আমরা এক ভয়ঙ্কর পরিণতির দিকে দ্রুত এগিয়ে চলেছি। না, ভুল হল। আমরা ক্রমশ পিছনের দিকে এগোচ্ছি। কারণ দিন দিন বাড়ছে স্বঘোষিত বাবাদের ‘বাবাগিরি’। শাস্ত্র মেনে ধর্ম এখন আর ধারণ করে না, ধর্মই সব নির্ধারণ করছে।


