সোনালি ঝলক
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ধনতেরস, দীপাবলি মিলিয়ে উৎসবের মরশুম যেন অলংকারপ্রিয় ভারতবাসীর মন ভরিয়ে দিয়েছে। সোনা-রুপোর গয়নার বিপুল কেনাকাটার ছবি অন্তত সেটাই বলছে। অনেকবছর বাদে এই চিত্র নিঃসন্দেহে চমকপ্রদ। গতবছরের তুলনায় এবার সোনা ও রুপোর চাহিদা বেড়েছে যথাক্রমে ৩০ ও ১০ শতাংশ। ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের হিসাব বলছে, ধনতেরস ও দীপাবলির দুদিনে দেশে ৫২ টন বা ৭২ হাজার কোটি টাকার সোনার অলংকার বিক্রি হয়েছে। পাশাপাশি রুপো বিক্রি হয়েছে ৫,৪০০ কোটি টাকার বা ৩০০ টন। প্রাকৃতিক হিরের বাজারও চাঙা। ধনতেরস ও দীপাবলিতে হিরের খুচরো বিক্রি বেড়েছে যথাক্রমে ২৫০ ও ৪৭ শতাংশ। এটি ক্রেতাদের আগ্রহ বৃদ্ধি এবং গয়না শিল্পের ঘুরে দাঁড়ানোর ছবি। কিন্তু এই উজ্জ্বল পরিসংখ্যানের আড়ালে রয়েছে এক গভীর অসংগতি ও উদ্বেগ। কিছুদিন আগেও প্রতি ১০ গ্রাম সোনা বিক্রি হয়েছে প্রায় ১ লক্ষ ৭০ হাজারে। পরে তা ১ লক্ষ ৩১ হাজারে নেমে আসতেই ক্রেতারা ফের বাজারমুখী হয়েছেন। একদিকে মাসের গোড়ায় উৎসব, অন্যদিকে আসন্ন বিয়ের মরশুম এবং দামের নিম্নগতি মিলিয়েই চাহিদার গ্রাফ অনেককাল বাদে এতটা ঊর্ধ্বমুখী হতে পেরেছে। কিন্তু বাজারের এই পুনরুজ্জীবনকে কেবল উৎসবের স্বাভাবিক অর্থনৈতিক প্রবণতার সহজ অঙ্ক ভাবলে বাস্তব পুরোটা ধরা পড়ে না। একটি গুরুত্বপূর্ণ দিক চাপা পড়ে যায়। বৈদেশিক মুদ্রার সংকট কাটিয়ে, অর্থনীতির হাল ফেরাতে প্রধানমন্ত্রী যতগুলি দাওয়াই দিয়েছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য একটি ছিল সোনার ক্রয়ে লাগাম।  নরেন্দ্র মোদির আবেদনের পর বহু ক্রেতা গয়না কেনাকাটা স্থগিতই রাখেন। তাতে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার কালো মেঘ ঘনিয়ে এসেছিল স্বর্ণশিল্পের উপর। গয়না ক্রয়কে নিছক অনুৎপাদনশীল ব্যয় হিসাবে ব্যাখ্যা করায়, বিশেষত এই শিল্পের সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের জীবিকা টলমল হয়ে উঠেছিল। কিন্তু বাস্তবে সোনা ভারতবাসীর জীবনে একসঙ্গে অনেক কিছু। সরকারি ভাবনায় তা অনুপস্থিত।

Advertisement

সোনার বাজারের গুরুত্ব কেবল ক্রেতা-বিক্রেতার লেনদেনের অঙ্কে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রয়েছেন অসংখ্য স্বর্ণকার, কারিগর, অলংকার নির্মাতা, ক্ষুদ্র ব্যবসায়ী, বিপণনকর্মী এবং তাঁদের পরিবার। বিশেষত বাংলার মতো রাজ্যে স্বর্ণশিল্পের সঙ্গে যুক্ত বহু প্রজন্মের কারিগর ও ছোটো উদ্যোক্তাদের কাছে এই শিল্প জীবিকার একটি বড়ো অবলম্বন। ক্রেতার চাহিদা কমলে প্রথম আঘাত আসে ছোটো দোকানগুলিতে, স্থানীয় গয়না নির্মাতা এবং মজুরির ভিত্তিতে কর্মরত কারিগরদের উপর। ব্যবসার সাময়িক মন্দা বড়ো সংস্থা সামলে নিতে পারলেও প্রান্তিক শিল্পী ও কারিগরদের পক্ষে তা সম্ভব হয় না। কাজ ও আয় যুগপৎ কমে, বাড়তে থাকে অনিশ্চয়তা। অতএব অলংকার কেনার নিরুৎসাহ শুধু বাজারের উপর প্রভাব ফেলে না, কর্মসংস্থান ও শ্রমজীবী মানুষের জীবনেও তার অভিঘাত স্পষ্ট হয়। এই বাস্তব দিকটি মাথায় রেখে স্বর্ণশিল্পের উৎপাদন, কর্মসংস্থান ও ক্ষুদ্র ব্যবসার স্বার্থ সুরক্ষিত রাখার দায়িত্ব সরকারকে নিতে হবে। সংশ্লিষ্ট শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, কারিগরি প্রশিক্ষণ, সহজ ঋণ এবং ক্ষুদ্র উদ্যোগের প্রসারে কার্যকর নীতি প্রয়োজন। একইসঙ্গে কমানো দরকার সোনার আমদানি নির্ভরতা। পুরানো সোনার বাজারকেও সংগঠিত করা জরুরি। দেশীয় পরিশোধন ও গয়না নির্মাণ শিল্পকে শক্তিশালী করা দরকার। প্রাকৃতিক হিরের ক্ষেত্রেও রাশিয়ার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাব এবং কৃত্রিম হিরের প্রতিযোগিতা নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। তৎসত্ত্বেও উৎসবের বাজারে প্রাকৃতিক হিরের বিক্রি আটবছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ হওয়ার ঘটনা প্রমাণ করে, ভারতীয় বাজারের সম্ভাবনা এখনো বিপুল। এই সম্ভাবনাকেই স্থায়ী সাফল্যে রূপান্তরিত করা চাই। তার জন্য শিল্পসংশ্লিষ্ট সকলের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।
উৎসবের বাজারে এই জোয়ার অলংকার শিল্পের জন্য অবশ্যই স্বস্তিদায়ক। কিন্তু মাত্র দিনকয়েকের বিক্রিবাটার খতিয়ান থেকে শিল্পের দীর্ঘকালীন সুস্থতা বোঝা মুশকিল। সোনার দাম ফের বাড়লে চাহিদা কতটা অক্ষুণ্ণ থাকবে, এই ফুরফুরে বাজার বিয়ের মরশুমেও বজায় থাকবে কি না, ছোটো ব্যবসায়ী ও কারিগররা কতটা কাজ পাবেন—এই সংশয় কাটেনি।  মোদির আরজির পর যে উদ্বেগ তৈরি হয়েছিল, শুধু উৎসব মরশুমের ছবি তা দূর করার পক্ষে যথেষ্ট নয়। দেশীয় উৎপাদন, ব্যবসা ও কর্মসংস্থানে ভারসাম্য রক্ষার উপযোগী আর্থিক নীতি গ্রহণ করা জরুরি। দামি অলংকার কেবল ধনীর বিলাসদ্রব্য নয়, এর পিছনে রয়েছে শ্রম, দক্ষতা, ঐতিহ্য এবং বহুজনের রুটিরুজি। শিল্পের অন্ধকার দূর করতে উৎসবের আলোয় ঝলমলে বাজারই যথেষ্ট নয়। সোনার চাহিদার পুনরুজ্জীবন তখনই প্রকৃত অর্থে সুখবর হয়ে উঠবে, যখন তার সুফল পৌঁছাবে এই শিল্পের সঙ্গে যুক্ত ছোটোবড়ো সকলের কাছে। বিষয়টি সরকারকে বিবেচনা করতে হবে এই মানবিক দৃষ্টিকোণ থেকেই।