হিমাংশু সিংহ: রাষ্ট্রপতি করাটা ছিল নেহাতই সান্ত্বনা পুরস্কার। বাঙালির কাটা ঘায়ে নুনের ছিটে। মনে করিয়ে দেওয়া আশি বছরেও একজন প্রধানমন্ত্রী জোটেনি বঙ্গজদের ভাগ্যে। আর এই ছাব্বিশের শেষ পর্বে বুঝিয়ে দেওয়া হল, সেই উচ্চাকাঙ্ক্ষা পোষণ করাও কত বড়ো অপরাধ! সোনিয়া গান্ধীর বিতর্কিত আত্মজীবনী, ‘বিলংগিং
আ জার্নি অব লাভ’ নেহরু গান্ধী পরিবারের
সেই বাঙালি-বিরোধী মানসিকতাকেই সামনে
এনেছে সোচ্চারে।
স্বাধীনতা আন্দোলনে যে জাতির ভূমিকা ও ত্যাগ ছিল সামনের সারিতে, তাদের নিয়ে দশকের পর দশক ছেলেখেলা করেছে একটি পরিবার। মহাত্মা গান্ধীর সৌজন্যে স্বাধীনতার পর দেশটা অল্প সময়েই নেহরুজির পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়। সেই চক্রান্তের অভিঘাতে দেশে আর ফেরাই হয়নি শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী বাঙালি বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর। সেই চক্রান্তেই কাশ্মীর আজও গলার কাঁটা হয়েই রয়ে গিয়েছে আমাদের। সেই সামন্ততান্ত্রিক মানসিকতা থেকেই ওই পরিবারের বাইরে কারও প্রধানমন্ত্রীর চেয়ারে বসার ইচ্ছাপ্রকাশও ক্ষমার অযোগ্য স্পর্ধা! প্রণববাবু হয়তো সেই ভুলই করেছেন, সেই অপরাধে মৃত্যুর পরও তাঁকে অপমান তো সহ্য করতেই হবে কংগ্রেসের বায়বীয় হাইকমান্ডের কাছে। অন্তত তাই মনে হচ্ছে সোনিয়ার লেখায়।
কংগ্রেস জমানায় পরিবারের বাইরে শীর্ষ আসনে বসার দুর্লভ সম্মান অর্জন করেছিলেন দুজন। এর মধ্যে অন্ধ্রের বনেদি ব্রাহ্মণ নরসিমা রাওয়ের শেষ পরিণতি সবাই জানে। রহস্যজনক কারণে তাঁর মরদেহ পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি এআইসিসির অন্দরে। তিনি নাকি চেয়ারে বসে পরিবারকে একটু এড়িয়ে চলতেন। আর ২০০৪ সালে প্রণববাবুকে বঞ্চিত করে শীর্ষ আসনে বসা বিদগ্ধ পণ্ডিত মনমোহন সিং-কে তো বলা হতো তিনি ছিলেন নেহাতই ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’! তিনি ছিলেন অনুগত সৈনিক। জেনারেল নন। সেই জমানায় পিছন থেকে সরকারের নিয়ন্ত্রক ছিলেন সুপার পিএম সোনিয়া স্বয়ং। তা সত্ত্বেও মনমোহন যখন মার্কিন মুলুকে তখন অর্ডিন্যান্সের কাগজ প্রকাশ্যে ছিঁড়ে ফেলে অপমান করতে ছাড়েননি পুত্র রাহুল গান্ধী। মুখ বুঝে সেই অসম্মান সহ্য করতে হয়েছে একদা দেশের উদার অর্থনীতির অবিসংবাদিত জনককে। আমৃত্যু আনুগত্যের জন্যই মৃত্যুর পরও সম্মান পেতে অসুবিধা হয়নি তাঁর।
সোনিয়া গান্ধী হয়তো যথার্থই বলেছেন, ‘প্রণববাবু প্রধানমন্ত্রী পদে বসার উচ্চাকাঙ্ক্ষা পোষণ করতেন শয়নে স্বপনে।’ পাঁচ দশকের সংসদীয় ওঠাপড়ায় বহু যুদ্ধের নায়ক, দীর্ঘদিনের সহকর্মী এবং দেশের প্রাক্তন রাষ্ট্রপতি সম্পর্কে একজন ‘বিদেশিনি’র এই মূল্যায়নই বুঝিয়ে দেয় বাকিদের ওঁরা কোন চোখে দেখেন। বিশেষ করে যিনি প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি, যাঁর এখন আর আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, তাঁর সঙ্গে এমন কেন করবেন দলের অলিখিত সর্বেসর্বা? অস্বীকার করার উপায় নেই আক্ষরিক অর্থেই ওই পদের
জন্য দীর্ঘতম সময় জুড়ে প্রণববাবুই ছিলেন
যোগ্যতম ব্যক্তি। বিশেষ করে ১৯৮৪ সালের ৩১ অক্টোবর নিজের বাসভবনে দেহরক্ষীদের হাতে ইন্দিরার আচমকা হত্যাকাণ্ডের পর। ওইদিন প্রণববাবু ছিলেন মেদিনীপুরে সোনিয়াপুত্র রাজীব গান্ধীর সঙ্গে ভোট প্রচারে। রামনগরের সভা শেষ করে কাঁথিতে পৌঁছে সবে মঞ্চে উঠে বলতে শুরু করেছেন
রাজীব। এমন সময় পুলিশের ওয়্যারলেসে খবর এল ইন্দিরা গুলিবিদ্ধ। এক মুহূর্তে রাজনীতি উথাল
পাথাল। তড়িঘড়ি একই বিমানে দুজনেই উড়ে যান দিল্লিতে। আজকের মতো টিভি চ্যানেল, সমাজ মাধ্যমের বাড়বাড়ন্ত তখনো শুরু হয়নি। ছোট্ট
একটা ট্রানজিস্টারই ভরসা আম জনতা থেকে নেতানেত্রীদের। তাতেই বিবিসি ধরে ক্রমাগত আপডেট নিচ্ছেন রাজীব।
সেদিন সন্ধ্যা নামার সামান্য আগে দিল্লি বিমানবন্দরে অবতরণ পর্যন্ত এক বাঙালির প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে দুশো জল্পনার স্রোত বয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কারণ অভিজ্ঞতায় সেদিনও আগেই ছিল সেকেন্ড-ইন-কমান্ড প্রণবের নাম। রাজীব গান্ধী মন্ত্রিসভার কনিষ্ঠতম সদস্যও ছিলেন না, ছিলেন দলের পদাধিকারী মাত্র। তাঁর একমাত্র যোগ্যতা, তিনি নিহত প্রধানমন্ত্রীর ছেলে। কুড়ি বছর পর, ২০০৪ সালেও সোনিয়া দান ছেড়ে দিতেই ব্রেকিং নিউজে সামনে আসে প্রণবেরই নাম। কিন্তু সবাইকে অবাক করে শেষ পর্বে বাজিমাত করেন মনমোহন! গঙ্গা দিয়ে ভেসে যায় বাঙালির দুরাশা। বাঙালির জাত্যভিমান!
পরবর্তী সময় নানান আলোচনার ফাঁকে প্রণববাবু বলেছিলেন, নিজেকে কখনোই তিনি ওই পদের জন্য যোগ্যতম মনে করেন না। তাঁর মতে, ওই চেয়ারটায় বসতে হলে হিন্দি ভাষা জানা অত্যন্ত জরুরি। হিন্দিতে তিনি ছিলেন বড্ড নড়বড়ে। কখনো বিশেষ ভাষণ দিতেও শোনা যায়নি। তাঁর ওই দুর্বলতার বিষয়টা তিনি শেষ দিকে সংযোজন করেছিলেন, নাকি আক্ষরিক অর্থেই বিশ্বাস করতেন, সেই প্রশ্নের উত্তর পাওয়ার কোনো সুযোগ আজ নেই। যেমন প্রধানমন্ত্রী হওয়ার পর রাজীবজি কেন প্রণববাবুকে মন্ত্রিসভা থেকে বাদ দিয়েছিলেন তার কোনো উল্লেখও সোনিয়াজির আত্মজীবনীতে নেই। যেমন নেই বফর্স দুর্নীতির ইতিবৃত্ত এবং তাঁর পরিবারের জড়িয়ে পড়া নিয়ে একটা লাইনও। কাত্রোচ্চি নিয়েও তিনি আশ্চর্যজনকভাবে নীরব! নেই সীতারাম কেশরীকে গলা ধাক্কা দেওয়ার প্রসঙ্গও।
বিগত পঞ্চাশ বছরের সবচেয়ে বড়ো রাজনৈতিক ঘটনা নিঃসন্দেহে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত। মানুষের অধিকার কেড়ে নেওয়া। রহস্যজনকভাবে সোনিয়াজির লেখায় ওই সিদ্ধান্তেরও যাবতীয় দায় চাপানো হয়েছে ইন্দিরার আরেক সন্তান সঞ্জয় গান্ধীর উপর। সঞ্জয় গান্ধীই নাকি জোর করে ইন্দিরাকে ইমার্জেন্সি জারি করতে বাধ্য করেছিলেন। তার চেয়েও ভয়ংকর ইন্দিরাজির মৃত্যুর পর দিল্লিতে যে শিখ নরসংহার চলেছে একসপ্তাহ ধরে, তার দায় সেনার উপর চাপানো হয়েছে। অথচ জেনারেল বৈদ্য একদশক আগে কমিশনের সামনে বলে গিয়েছেন সেনাবাহিনীর হাত ছিল বাঁধা, করার ছিল না কিছুই।
এটা ঠিক, প্রণববাবুর হিন্দি নিয়ে দুর্বলতা ঢেকে দেওয়ার মতো যোগ্য শিক্ষক ছিল না। সোনিয়াজির মতো হরিবংশ রাই কিংবা তেজি বচ্চনের মাপের বিদগ্ধ হিন্দির শিক্ষক তিনি পাননি। ইতালি থেকে এদেশে এসে অমিতাভ বচ্চনদের ১৩ ওয়েলডিং ক্রেসেন্টের বাড়িতেই উঠেছিলেন রাজীবের সেদিনের ভাবী পত্নী। পুরোটাই ঠিক করে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী স্বয়ং। প্রথমবার দিল্লিতে সোনিয়া যেদিন নামেন রাজীবের সঙ্গে বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন রুপোলি পর্দার লেজেন্ড অমিতাভও। আত্মজীবনীতে শুধু এটুকুই লেখা আছে। বিয়ের দিন অমিতাভের মা যে সাজাচ্ছেন সেই ছবিও আছে। কিন্তু পরে বচ্চন পরিবারের সঙ্গে সাতসমুদ্রের দূরত্ব কী কারণে তৈরি হল, তা নিয়ে কোনো আলোকপাত করা হয়নি। এটুকুই শুধু লেখা আছে, তাঁদের প্রথম সন্তান জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই মারা গেলে সোনিয়াজি ভেঙে পড়েন। সেই কঠিন সময়েও অমিতাভের মা তেজি বচ্চনই মায়ের মতো আগলে রেখেছিলেন রাজীবের ইতালিয়ান স্ত্রীকে। কীভাবে সেই তাল কাটল এবং আজ মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ কী কারণে, তার উল্লেখ নেই ৬৩৪ পৃষ্ঠার বইতে। অথচ ১৯৩৫ সালে আর এক বিদেশিনি যে বউ হয়ে নেহরু পরিবারে এসেছিলেন, তাঁর কথা আছে।
কীর্ণাহারের ব্রাহ্মণ প্রণববাবু ছিলেন আদ্যন্ত ধার্মিক বাঙালি, দক্ষ পেশাদার রাজনীতিবিদ। অন্তত চার দশকের রাজনৈতিক যাত্রায় এমন কোনো উচ্চপদ নেই যে গুরুদায়িত্ব তিনি সামলাননি। আজীবন কংগ্রেসের ম্যান ফ্রাইডে। সামলেছেন বিদেশ, অর্থ, প্রতিরক্ষা, বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব। ছিলেন লোকসভার লিডার অব দ্য হাউস। এ তো ইতিহাসের পাতাতেই সবিস্তারে লেখা। তার বাইরেও যখনই কোনো রাজ্যে কংগ্রেস সরকারের সামনে সংকট এসেছে। মুখ্যমন্ত্রী বদল নিয়ে দলের এক অংশ অন্য গোষ্ঠীর বিরুদ্ধে খড়্গহস্ত, তখনই হাইকমান্ডের পক্ষ থেকে পরিস্থিতি সামলানোর গুরুদায়িত্ব পড়েছে প্রণববাবুর উপর। ইন্দিরা জমানা থেকে রাজীব আমল পেরিয়ে মনমোহনের শাসনকাল, আড়াল থেকে সরকারের মুশকিল আসানের ভূমিকায় বারংবার অবতীর্ণ হয়েছেন তিনিই...।
দেশের সব মানুষ জানে, একবার নয় অন্তত তিনবার প্রধানমন্ত্রী পদের একবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি। ১৯৮৪, ২০০৪ এবং ২০১০। তার মধ্যে দুবার তিনিই ছিলেন ন্যাচারাল চয়েস। কিন্তু সত্যি কী কারণে তিনি বাসটা মিস করেছেন? বাঙালি বলে? হিন্দিটা কোনোদিন আয়ত্তে ছিল না বলে নাকি গান্ধী পরিবারের কাছে আনুগত্যের বিচারে তিনি ততটা বিশ্বস্ত ছিলেন না, এই অপরাধে!
যোগ্যতাকে দূরে সরিয়ে আনুগত্যই যদি উন্নতির একমাত্র সোপান হয় তাহলে দল দুর্বল হতে বাধ্য। এই কারণেই বিগত ১২ বছর ধরে প্রতিশ্রুতি পূরণে তেমন সাফল্য ছাড়াই এগিয়ে চলেছে বিজেপির রথ। ১৯৮৪ সালে যেমন মন্ত্রিসভার একদিনও সদস্য না-হয়েই রাজীব প্রধানমন্ত্রী হন। তেমনি ভবিষ্যতে সুযোগ এলে রাহুল গান্ধীও মন্ত্রিসভায় কোনো গুরুত্বপূর্ণ দপ্তর না সামলেই প্রধানমন্ত্রীর কুরসির প্রধান দাবিদার হিসাবে আত্মপ্রকাশ করবেন। এ দলের এটাই চেনা ক্লিশে সমীকরণ। এই ছকের খুব দূরে নেই প্রিয়াঙ্কা কিংবা পুত্র রেহান ওয়াধেরাও। সেদিনও কোনো ‘প্রণব’, কোনো ‘নরসিমা’, কোনো খাড়্গে কিংবা বিজয়ী রমেশের নাম আলোচনাতেই উঠবে না। কংগ্রেসি রাজনীতির এটাই দস্তুর! হয়তো এর পরীক্ষা হয়ে যাবে ঊনত্রিশেই! মসনদে আবার ফ্যামিলি প্রোডাক্ট!
সোনিয়ার এই ঐতিহাসিক বইয়ের প্রথম পাতায় রাজীব গান্ধীর তোলা সোনিয়ার ছবিটা ১৯৬৬ সালে তোলা। আর ব্যাক কভারের ছবিটা তোলা ৬০ বছর পর চলতি ২০২৬ সালে। তুলেছেন প্রিয়াঙ্কা-পুত্র রেহান ওয়াধেরা। উল্লেখ আছে রেহানের বাগদত্তা অভিভারও, তিনি নাকি বিখ্যাত চিত্রগ্রাহক। বইয়ের শেষে কৃতজ্ঞতা স্বীকার পর্বে সোনিয়াজি বিশেষ প্রশংসা করেছেন প্রিয়াঙ্কার কুশলী লেখার। এর উলটোপিঠে রাহুলের সাহায্য নিয়ে গড়পড়তা স্বীকারোক্তি। দুয়ে দুয়ে চার করছি না, সেরকম ইচ্ছাও নেই। তবে কংগ্রেস আবার কুরসির কাছাকাছি পৌঁছালে সোনিয়ার বাজি দ্রুত উঠে আসা প্রিয়াঙ্কা না রাহুল, তা নিয়ে একটা খটকা রয়ে গেল বইকি!
খটকা নেই শুধু একটি ব্যাপারে। গদিতে কংগ্রেস থাকুক কিংবা বিজেপি। বাঙালির শীর্ষ আসনে বসা শেষ পর্যন্ত মরীচিকা হয়েই থেকে যাবে না তো! পঞ্চাশ বছর পরেও কোনো বাঙালি কলমচিকে এই আক্ষেপ নিয়েই থামতে হবে।


