এক সন্ন্যাসীর একজন শিষ্য ছিল। শিষ্যের বাড়ি ঘর মা বাপ স্ত্রী পুত্র সবই ছিল। একদিন গুরু শিষ্যকে উপদেশ দিলেন, একমাত্র ঈশ্বরই তোমার আপনার আর কেউ আপনার নয়। শিষ্য বললে, আজ্ঞে মা পরিবার এঁরা আমাকে কত ভালবাসেন, কত যত্ন করেন! আমাকে না দেখলে তাঁরা জগৎ অন্ধকার দেখেন। তাঁরা আমার আপনার নন?
গুরু বললেন, ও তোমার মনের ভুল। আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, কেউ তোমার আপনার নয়।
সন্ন্যাসী তখন একটি ঔষধের বড়ি বের ক’রে শিষ্যের হাতে দিয়ে বললেন, তুমি বাড়ী গিয়ে এ ঔষধটি খেয়ে শুয়ে থেকো। এ ঔষধের গুণ এই, যে খাবে সে ঠিক মড়ার মতো হয়ে যাবে। সকলে মনে করবে লোকটি হঠাৎ মরে গেল। তোমাকেও সকলে তাই মনে করবে। কিন্তু ভিতরে তোমার জ্ঞান থাকবে আর সব তুমি বুঝতে পারবে। তারপর আমি যাব।
শিষ্যটি তাই করল। বাড়ী গিয়ে ঔষধ খেয়ে শুয়ে রইল। তাকে হঠাৎ এসে শুয়ে পড়তে দেখে স্ত্রীর মনে সন্দেহ হল। কিছু অসুখ-বিসুখ করেনি তো? স্ত্রী দেখে জিজ্ঞেস করল, এমন অবেলায় শুয়ে পড়লে যে, কি হয়েছে?
কোন সাড়া নেই। পরিবার তখন মহাচিন্তিত হয়ে কাছে গিয়ে দেখলে জীবনের কোন চিহ্ন নেই। তখন—কি হলো গো, আমার কি সর্বনাশ হলো গো, ব’লে চীৎকার ক’রে কাঁদতে লাগল। কান্না শুনে মা আর বাড়ীর অন্যান্য সকলে যে যেখানে ছিল দৌড়ে এল। লোকটি মরে গেছে ভেবে সকলে চীৎকার ক’রে কাঁদতে লাগল।
এমন সময় একজন বৃদ্ধ কবিরাজ সেখানে এসে উপস্থিত হলেন। কবিরাজ বললেন, তোমরা সকলে কাঁদছ কেন? তোমাদের কি হয়েছে?
একজন উত্তর করলে, এ ছেলেটি মারা গেছে।
—ছেলেটির কি হয়েছিল?
—কি যে হয়েছে, তা কেউ বুঝতে পারলে না। কোথায় গিয়েছিল, এইমাত্র বাড়ী এল। কোন অসুখ নেই বিসুখ নেই, হঠাৎ এ সর্বনাশ!
—বটে। আমি একজন কবিরাজ। তা তোমাদের যদি কোন আপত্তি না থাকে, তবে আমি ছেলেটিকে একবার দেখতে পারি কি?
সকলে আগ্রহ করে কবিরাজকে শবের কাছে নিয়ে গেল। কবিরাজকে দেখে সকলের কান্না থেমে গেল। মা ও স্ত্রী মাঝে মাঝে একটু একটু কাঁদছিলেন ও কবিরাজ কি করেন দেখছিলেন। শব পরীক্ষা করে কবিরাজ বললেন, ভাবনার কোন কারণ নেই; আমি একে বাঁচাতে পারব। আমার কাছে এ রোগের অব্যর্থ ঔষধ আছে। খাইয়ে দিলে এখনই ছেলে উঠে বসবে।
স্বামী প্রেমঘনানন্দের ‘রামকৃষ্ণের কথা ও গল্প’ থেকে


