বিশ্বাসযোগ্যতার সংকট
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রাজনীতির দুর্বৃত্তায়ন এক ক্রনিক ব্যাধি। সমাজনীতি, অর্থনীতি ও রাজনীতির পণ্ডিতরা মানেন যে, উন্নত গণতন্ত্র প্রতিষ্ঠা এবং উন্নয়নের পথে এই ব্যাধি প্রবলভাবে অন্তরায়। এনিয়ে জনমানসের বিরূপ প্রতিক্রিয়া নিরন্তর স্টাডি করেন রাজনীতির ধুরন্ধর কারবারিরা। এই বিরূপতা যাতে ভোটবাক্সে ব্যক্ত না-হয়, সেই সতর্কতা থেকে ভোটের বাজারে তাঁরা রাতারাতি সাধু এবং সমাজসংস্কারকের লেবাস ধারণ করেন। দিকে দিকে উচ্চৈঃস্বরে দাবি করেন, এই অনাচার দূর করাকেই চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছেন তাঁরা। তবে তার জন্য হাতে দরকার রাষ্ট্রক্ষমতা, আর যিনি ইতিমধ্যেই রাষ্ট্রের অধীশ্বর, তিনি পুনর্নির্বাচিত হয়ে আসার বিনীত প্রার্থনা জানান। অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক কালচার পৃথক, এখানে ঘন ঘন সরকার বদলায় না। যেমন বামফ্রন্ট রাজত্ব চলেছিল একাদিক্রমে ৩৪ বছর। অতঃপর তৃণমূল জমানায় তিন টার্মের। এবছরই প্রথম তৈরি হয়েছে বিজেপি সরকার। রাজনীতির দুর্বৃত্তায়নের সূত্রে কয়েক দশক যাবৎ পশ্চিমবঙ্গে জাঁকিয়ে রাজ করেছে তোলাবাজি এবং সিন্ডিকেট সংস্কৃতি। বিরোধী দল হিসাবে তৃণমূল এজন্য আঙুল তুলত সিপিএমের দিকে। তৃণমূল জমানায় বিরোধীরা লাগাতার দুষে গিয়েছে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই একই অভিযোগের তর্জনী ঘুরে গিয়েছে মোদি-শাহর পার্টির দিকে। শ্যামাপ্রসাদের বাংলার আরও দুর্ভাগ্য যে, বিজেপির দিকে এই মারাত্মক উঠেছে তাদের রাজ্য সরকার হাঁটি হাঁটি পা পা করা থেকেই। এখনো তো আস্তকাল পড়ে রয়েছে। পূর্ণ মেয়াদ পর্যন্ত আরও কী কী ভয়াবহ ছবি দেখতে হবে, এই শঙ্কা এখনই দানা বাঁধতে শুরু করেছে শান্তিপ্রিয় রাজ্যবাসীর মনে। আর ভয় ধরবে নাই-বা কেন, গেরুয়া সংস্কৃতির রেকর্ড কোনো রাজ্যেই সুবিধের নয়, তার উপর এরাজ্যে বিজেপির সংগঠনকে কোনোভাবেই পাকাপোক্ত বলে মনে হয় না। 

Advertisement

তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেটের দাপট এবং গোষ্ঠীদ্বন্দ্বের যে ছবি সামনে আসছে, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠে গিয়েছে বঙ্গ বিজেপিরই অন্দরে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ, এই অভিযোগ বিরোধীদের মুখ থেকে নয়, উঠে আসছে শাসক দলের নেতাদেরই বক্তব্যে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত প্রকাশ্যেই স্বীকার করেছেন, তোলাবাজি বন্ধ করা যায়নি। এমনকি নিজের বিধানসভা কেন্দ্রেও যে এই প্রবণতা পুরোপুরি নির্মূল হয়নি, তা মেনে নিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, তোলাবাজি মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। অর্থাৎ, রাজনৈতিক পালাবদল ঘটলেও প্রশাসন ও সমাজজীবনের গভীরে প্রোথিত এই বেআইনি অর্থ আদায়ের সংস্কৃতিতে এখনো যবনিকা পড়েনি। অর্থমন্ত্রীর এই স্বীকারোক্তি নিছক একটি রাজনৈতিক মন্তব্য নয়, নতুন সরকারের সামনে এক কঠিন বাস্তবের স্বীকৃতি। কারণ, যে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে, তার অন্যতম প্রধান অঙ্গ ছিল তোলাবাজি ও সিন্ডিকেটরাজের অবসান। অথচ সেই প্রতিশ্রুতি পূরণের আগেই, একই অভিযোগে বিদ্ধ হচ্ছে শাসক দল।
বস্তুত, পরিস্থিতি যে দলের শীর্ষ নেতৃত্বের উদ্বেগ ও অস্বস্তির কারণ হয়ে উঠেছে, তা স্পষ্ট তাঁদের একের পর এক হুঁশিয়ারিতে। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য থেকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, এমনকি মন্ত্রিসভার অন্য সদস্যরাও তোলাবাজি ও দলীয় কর্মীদের আচরণ নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন। প্রাক্তন রাজ্য সভাপতির ‘এই মোডে চললে সুইচড অফ’ হয়ে যাওয়ার সতর্কবার্তা কিংবা শমীকের এফআইআর করার নির্দেশ—কোনোটিই যে নিছক কথার কথা নয়, তা বোঝাতে ইতিমধ্যে দুশোর বেশি নেতা-কর্মীকে শোকজ এবং সাসপেন্ড করার খতিয়ান সামনে এনেছে দল। ৩০ জনের বেশি তোলাবাজকে সাসপেন্ড করা হয়েছে বলেও শোনানো হয়েছে। কিন্তু প্রশ্ন হল, এত হুঁশিয়ারি, শাস্তির ঘোষণা এবং সাংগঠনিক তৎপরতার পরেও অভিযোগের পুনরাবৃত্তি কেন? কাশীপুরে ছটের ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, বারাকপুরে বিধায়ককে ঘিরে বিক্ষোভ, নানুরে তোলাবাজি ও অন্য দলের নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে দলীয় মণ্ডল সভাপতিকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নিগ্রহের ঘটনাকে লঘু করে দেখার উপায় নেই। বরং ক্ষমতার সঙ্গে স্থানীয় কর্তৃত্ব ও আর্থিক স্বার্থের সংঘাত কীভাবে দলের অভ্যন্তরকে নাড়া দিয়েছে, এটি তারই ইঙ্গিত। আরও উদ্বেগের বিষয়, যে-দল একসময় তোলাবাজি ও দখলদারি নিয়ে তৃণমূলকে দুষেছে তাদেরই একাংশের বিরুদ্ধে এখন অবিকল অভিযোগ! প্রশ্ন উঠেছে দলবদলুদের খাতির করার অবাঞ্ছিত কালচার নিয়েও। তোলাবাজি কোনো দলের একার সমস্যা নয়, এটি প্রশাসন, অর্থনীতি ও জনজীবনের সঙ্গে যুক্ত একটি গুরুতর ব্যাধি। এর প্রত্যক্ষ শিকার সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, ঠিকাদার এবং বিনিয়োগকারীরা। আন্তরিক শিল্পায়ন প্রচেষ্টাও ভন্ডুল করে দেওয়ার জন্য এই সংক্রমণ যথেষ্ট। রাজনৈতিক পালাবদলকে প্রকৃত পরিবর্তনে রূপান্তরিত করতে হলে শাসক দলকে আগে নিজের অন্দরেই এই সংস্কৃতির অবসান ঘটাতে হবে। নচেৎ তোলাবাজি বন্ধের প্রতিশ্রুতি এবং তাকে বন্ধ করতে না-পারার স্বীকারোক্তির মধ্যেই নতুন সরকারের বিশ্বাসযোগ্যতার সংকট ক্রমশ ঘনীভূত হবে।