বার্তা খুব স্পষ্ট। কার্যত কোনো রাখঢাক নেই। পুলিশকে গুলি করতে এলে পুলিশ তো ফুল ছুড়বে না, বাতাসা খাওয়াবে না। পুলিশকে ‘ফ্রি হ্যান্ড’ দেওয়াই আছে। বাংলায় ধর্ষক, খুনি, গুন্ডাদের কোনো জায়গা নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বার্তা দেওয়ার পাশাপাশি এটাও জানাতে ভোলেননি, পুলিশ ভারতীয় ন্যায়সংহিতা অনুযায়ী যা করার করবে। বাকিটা হবে পরিবেশ, পরিস্থিতি অনুযায়ী। সেই ‘পরিস্থিতি’র এবারের শিকার বীরভূমের রতন শেখ। আপাতত ছ’মাসে পুলিশের ‘এনকাউন্টারে’ মৃত্যু পাঁচজনের। প্রতিটি ঘটনারই চিত্রনাট্যে ‘পরিস্থিতি’ মোটামুটি এক। অভিযুক্ত পুলিশের বন্দুক কেড়ে নিয়েছে বা পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। বাধ্য হয়ে আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে পুলিশ। এতে কোনো পুলিশকর্মীর জীবনহানি না হলেও পাঁচজন দুষ্কৃতীরই ভবলীলা সাঙ্গ হয়েছে। প্রতিটি এনকাউন্টারের শেষেই প্রশাসনের তরফে গুলি চালানোর স্বপক্ষে এমন ‘পরিস্থিতি’র ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হলেও একরাশ অবিশ্বাস আর সন্দেহকে কিন্তু এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আত্মরক্ষার্থে ‘এনকাউন্টারই’ যদি একমাত্র পথ হয় তাহলে সশরীরে জীবিত অবস্থায় দুষ্কৃতী ধরতে পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে অবাক হওয়ার নয়। ওঠে ব্যর্থতার প্রসঙ্গও। রাজ্যের প্রায় সব বিরোধী দল ও মানবাধিকার কর্মীদের দাবি, প্রতিটি ঘটনাতেই চিত্রনাট্য প্রায় একই। কেউ বা মনে করছেন যেন ‘সাজানো’ ঘটনা। প্রশাসনের সর্বোচ্চ মহলের ইঙ্গিতেই কি বিচার বিভাগকে এড়িয়ে আইন নিজের হাতে তুলে নিচ্ছে পুলিশ? প্রশ্ন উঠছে। ফলে আরও প্রশ্ন উঠেছে, এটা অপরাধ দমন, নাকি আইন হাতে তুলে নেওয়া? আর এনকাউন্টারের ক্ষেত্রেও অভিযুক্ত বা দুষ্কৃতীর পা লক্ষ্য করে গুলি না করে তা এমন জায়গায় লাগছে যাতে তার মৃত্যু নিশ্চিত হয়ে যাচ্ছে! এক্ষেত্রে নিয়মের প্রশ্নটি ওঠা কি খুবই অসংগত?
রাজ্যে প্রায় হাফ ডজন এনকাউন্টারের পর ‘পরিস্থিতি’, ‘ফ্রি হ্যান্ড’ ‘সাজানো ঘটনা’র মতো চাপানউতোরের বাইরে সরকারের নৈতিকতার প্রশ্নটি অনেক বড়ো হয়ে দেখা দিয়েছে। প্রথমত, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিটি এনকাউন্টারের পর ম্যাজিস্ট্রেটের বাধ্যতামূলক অনুসন্ধান ও স্বাধীন তদন্ত হয়েছে কি? দ্বিতীয়ত, আজ ধর্ষক খুনিকে এনকাউন্টার করা হচ্ছে, কাল এই ক্ষমতা রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা হবে না বা অন্য কোনো অপব্যবহার হবে না, তারই বা গ্যারান্টি কী? একবার পুলিশকে ‘বিচারক’ হওয়ার ছাড়পত্র দিলে তা কি ফিরিয়ে নেওয়া সম্ভব? ভয়ংকর হতে পারে। তৃতীয়ত, অভিযুক্তকে শাস্তি কে দেবে? সংবিধান বলছে, শাস্তি দেবে আদালত, পুলিশ নয়। পুলিশের কাজ গ্রেপ্তার করা, প্রমাণ জোগাড় করা। পুলিশ কোন আইনে বিচারের দায়িত্ব তুলে নিচ্ছে? চতুর্থত, অভিযুক্ত যত বড়ো অপরাধীই হোক তার কি বিচার পাওয়ার অধিকার নেই? এনকাউন্টারে মৃত্যুতে কি সেই বিচার পাওয়ার অধিকার থেকে অভিযুক্তকে বঞ্চিত করা হচ্ছে না? প্রশ্ন হল, এনকাউন্টারে কি অপরাধ কমেছে? তথ্য বলছে, এ রাজ্যে মে থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ২৪৫৪টি ধর্ষণ, ৬০০টি খুন, ১৩ হাজার ১১৪টি খুনের চেষ্টার অভিযোগ লিপিবদ্ধ হয়েছে। এই তথ্য কি ত্রাসের রাজত্ব তৈরি করে অপরাধ কমানোর তত্ত্বকে খারিজ করছে না? কে না চায় রাজ্যে খুন, ধর্ষণ, অপরাধমূলক কাজ বন্ধ হোক। শান্তি বিরাজ করুক। দোষী শাস্তি পাক। কিন্তু সব কিছুই হোক আইন মোতাবেক, নিয়ম মেনে। ত্রাসের রাজত্ব কে-ই বা চায়?
তথ্য জানাচ্ছে, রাজ্যে বর্তমান ৬৯ জন সাংসদ, বিধায়কের বিরুদ্ধে মহিলাঘটিত ব্যাপারে অভিযোগের মামলা রয়েছে। এরমধ্যে রয়েছে ধর্ষণ, শ্লীলতাহানি, যৌন হেনস্তা, অ্যাসিড হামলা, বিয়ের জন্য অপহরণ, ভয় দেখানোর মতো অভিযোগ। আবার রাজ্যের ১৯০ জন বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলাও আছে। এর মধ্যে ১৪ জনের বিরুদ্ধে আছে খুনের মামলা, ৫৪ জনের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা। এটা ঠিক, এরা কেউই পুলিশকে আক্রমণ করেনি। অনেক ঘটনার অভিযোগই হয়তো আগের আমলের। হয়তো বা তাঁদের ফাঁসানোর চেষ্টাতে অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু তাতে অভিযোগের গুরুত্ব কমে না। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পথেও কোনো বাধা থাকা উচিত নয়। কিন্তু সেসব হচ্ছে কোথায়? বরং এক্ষেত্রে সরকারের সদিচ্ছা নিয়েই প্রশ্ন তোলার অবকাশ আছে। আসলে ধর্ষণ, খুনের মতো জঘন্যতম অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই দেওয়া দরকার। কঠিন থেকে কঠিনতম শাস্তি হলে বলার মতো কিছুই থাকে না। সন্দেহ নেই, এই ধরনের অপরাধের বিচার পেতে বছরের পর বছর গড়িয়ে যায়। যে কারণে রতন শেখের মতো দুষ্কৃতীর বিরুদ্ধে ৩৬টি মামলা থাকলেও সে ছাড়া পেয়ে যায়! কিন্তু বিচার ব্যবস্থার এই দীর্ঘসূত্রতা বা পুলিশ প্রশাসনের ব্যর্থতা ঢাকতে পুলিশের বন্দুককে বিচারের হাতিয়ার করা কোনো সরকারের উপযুক্ত কাজ হতে পারে না। এটা সংবিধানের নামে অনৈতিক কাজ। প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা করে অপরাধ দমন ও অপরাধীর শাস্তির ব্যবস্থা করবে প্রশাসন—যেকোনো শুভ বুদ্ধিসম্পন্ন নাগরিক সেটাই আশা করে।


