শান্তনু দত্তগুপ্ত: এই ভারতের স্বপ্ন আমরা কেউ দেখিনি। কারণ, আমরা এমন লেভেলে ভাবতেই পারিনি। আমাদের মহামহিম বিশ্বগুরু ভেবেছেন। তাই বলেছেন। তাও জাতীয় স্তরের একটি অনুষ্ঠানে। মোবাইল ফোন যে কত উপযোগী... প্রযুক্তি যে কোন স্তরে পৌঁছে গিয়েছে, এর থেকে ভালো প্রমাণ আর কীই বা হতে পারে! ফোনটি হাতে নিলেন। তার উপর দু’চিমটে মাটি ছড়িয়ে দিলেন। ফোন সঙ্গে সঙ্গে বলে দেবে, এই মাটিতে কী ফসল ফলবে। কোন সার, কতটা প্রয়োজন হবে। সত্যিই এ এক যুগান্তকারী বিষয় বটে। টেকনোলজিতে মার্ভেলের সিনেমা হার মেনে যাবে। আর লোকজনের খেয়েদেয়ে কাজ নেই, এই বিষয়েও প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে চলেছে! বিশেষ করে কংগ্রেস। বোঝে না, বিরোধিতা করব বলেই করা যায় না। কিন্তু এরা তাই করছে। আরে সোনিয়া গান্ধীর বই বেরিয়েছে। মেতে থাক না ভাই। তা নয়, বিশ্বগুরুর ভুল ধরতে নেমে পড়েছে। উনি না হয় একটু এদিক-ওদিক বলেই ফেলেছেন। কেউ কেউ বলছে, টেলিপ্রম্পটার থেকে চোখ সরে গিয়েছিল। হতেই পারে। আরে বাবা মানুষ তো! থুড়ি, ভুল হয়ে গেল... নন বায়োলজিকাল মানুষ। তা বলে সমালোচনা করতে হবে? এই তো, ফ্যাক্ট চেকাররা পালটা দিয়েও দিয়েছেন। প্রধানমন্ত্রী নাকি এমন বলতে চাননি। ভুল বোঝা হয়েছে। এবং বোঝানো চলছে। আসলে সত্যিই এমন টেকনোলজি আছে। একটি ডিভাইসের সঙ্গে মোবাইলের সংযোগ করাতে হবে, তারপর একটি অ্যাপভিত্তিক প্রযুক্তির মাধ্যমে মাটি পরীক্ষা করা সম্ভব। তখন কিন্তু ওই ডিভাইসের উপর মাটি ছড়িয়ে দিলেই হবে। কী এমন ভুল বলেছেন গুরুজি? ওই ডিভাইস, আর অ্যাপের ব্যাপারটা বলেননি। তা সে না-ই বলতে পারেন। উনি তো ইঞ্জিনিয়ার নন। যে স্ট্রাগল করে তিনি আজ এই জায়গায় পৌঁছেছেন, সমালোচকরা সে কথা ভাবতেও পারে? স্টেশনে বাবার সঙ্গে চা বিক্রি, কুমিরের সঙ্গে যুদ্ধ, ঝোলা নিয়ে বেরিয়ে পড়া, গোটা দেশ হেঁটে ঘোরা, আর তারপর সংঘ ও বিজেপির দীর্ঘ পথ অতিক্রম করে প্রশাসনিক প্রধান। এমন বায়োডেটা কার আছে? হতে পারে তিনি দুন স্কুলে পড়েননি, হতে পারে ইকনমিক্সে গোল্ড মেডেলিস্ট নন, রিজার্ভ ব্যাংকের গভর্নরও ছিলেন না। দেশ চালানোর জন্য ওসব লাগে না। আম আদমি হতে হয়। তবে বোঝা যায় যন্ত্রণা। মানুষের নিত্যদিনের ব্যথা। বোঝেন বলেই তো গ্যাসের দামে এক চিমটে সোনা হয়ে যেতে পারে জেনেও আম আদমি কিছু বলে না। বিজেপিও বলে, আমাদের নেতা মানুষের মধ্যে থেকে এসেছেন। তিনিই প্রকৃত ভারতবাসী। এমন একজনের জমানায় দেশে প্রযুক্তির জোয়ার এসেছে... তারপরও কটাক্ষ করবেন? লজ্জা হওয়া উচিত।
বিজেপি জনগণের পার্টি। মাটির সঙ্গে যোগ আছে। তাই তো মাঝেমধ্যে এমন একটু স্লিপ হয়ে যায়। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা যেমন বলে ফেলেছিলেন, ‘একিউআই আসলে তাপমাত্রা। যা খুশি দিয়ে মাপা যেতে পারে।’ একটু তলিয়ে ভাববেন, সাধারণ মানুষ তো একে তাপমাত্রার মতোই ভাবে। এর ‘ডিগ্রি’টা শুধু একটু আলাদা। উনি হয়তো মানুষের কথা ভেবেই বলে ফেলেছিলেন। বিশ্বগুরুও তো এই আম জনতার কথা ভেবেই বলেছিলেন... ‘জলবায়ুর পরিবর্তন হয়নি। আমরা বদলে গিয়েছি।’ সত্যিই, কত বদলেছি আমরা। আরামপ্রিয় হয়েছি, রিল দেখে বুঁদ হয়ে থাকছি, বিবেচনা বোধ হারিয়ে ফেলছি। পরিবর্তন আমাদের নিজেদের হচ্ছে, আর দোষ চাপাব জলবায়ু আর বিশ্বগুরুর উপর! এও হয় নাকি? সবই হল গিয়ে ভাগ্যের ফের। সেটা বুঝেই তো উত্তরাখণ্ডের বিজেপি মুখ্যমন্ত্রী রমেশ নিশাঙ্ক বলেছিলেন, ‘জ্যোতিষশাস্ত্রের সামনে বিজ্ঞান স্রেফ বামন ছাড়া কিছুই না।’ প্রধানমন্ত্রীর মুখ রেখেছিলেন বিজেপি নেতা সত্যপাল সিংও। চার্লস ডারউইনকে সাফ ‘ভুল’ বলে দেগেছিলেন তিনি। হক কথা বলেছিলেন, ‘শিম্পাঞ্জি থেকে মানুষের বিবর্তন কে দেখেছে? কেউ দেখেনি। তাই ডারউইনের তত্ত্বই ভুল।’ উত্তরাখণ্ডের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী তো সবাইকে ছাপিয়ে গিয়েছিলেন। তাঁর দাবি ছিল, ‘গোরু একমাত্র প্রাণী, যে অক্সিজেন ছাড়ে।’ এরপরও বিজ্ঞান-টিজ্ঞান পড়ে লাভ আছে? সেটা শাসক বিলক্ষণ বোঝে। তাই তো নতুন নতুন থিওরিতে বাজার ছেয়ে যাচ্ছে। পুরানো ‘বস্তাপচা’ সব বাদ হচ্ছে। মায় ইতিহাসও। ২০১৪ সালে যে নতুন ভারতের জন্ম হয়েছে, সেটাই এখন আমাদের পাথেয়। আগে কী হয়েছিল, তা আঁকড়ে থেকে কান্নাকাটি করে কী লাভ? তা সত্ত্বেও আমরা ঘ্যানঘ্যান করছি। অতীতের দিকে তাকিয়ে আছি। আমাদের মহামহিম রাষ্ট্রনেতা কিন্তু এগিয়ে চলেছেন। ২০৪৭ সালে তাঁর নজর। আমাদেরও তাই হওয়া উচিত। ওই সময় আমরা ক’জন বেঁচে থাকব, সেটা আলাদা প্রশ্ন। তাই ওসব ভুলে নিজেদের ভাবনা-চিন্তা মডিফাই করা দরকার। ঠিক যেভাবে আমাদের বিশ্বগুরু করেছেন। কংগ্রেস আমলে তিনিই বলতেন, আজ করতে হবে। ভবিষ্যৎ কে দেখেছে? ভবিষ্যতের প্রতিশ্রুতি শুনব কেন? এখন তিনিই ভবিষ্যতের কথা ভাবছেন। দারুণ এই পদক্ষেপ। সত্যিই তো, বর্তমান নিয়ে ভেবে কী হবে? ভবিষ্যতের জন্য কাজ করতে হবে। এখন মূল্যবৃদ্ধি, বেকারত্ব, ধুঁকতে থাকা অর্থনীতি... হতেই পারে। ভবিষ্যতে ভালো হবে। অথচ, বিরোধীরা বর্তমান নিয়েই পড়ে আছে। তারা বলছে, ডলারের দাম নব্বইয়ের ঘর ছাড়ছে না। শেয়ারবাজারের মুড স্যুইংয়ের সঙ্গে পাল্লা দেওয়া যাচ্ছে না। লক্ষ লক্ষ কোটি টাকা বেরিয়ে যাচ্ছে মার্কেট থেকে। কিন্তু আমাদের বুঝতে হবে, এটা সাময়িক। বিরোধী কুটবুদ্ধির লোকজন বলবে, এই সাময়িকটা তো দশ বছর ধরে চলছে। আসলে এরাই টুকরে টুকরে গ্যাং। ধৈর্য ধরতে জানে না। আর ভুলভাল প্রচার করে। তার থেকে একটু ধম্মকম্ম তো করতে পারে! আর পারে মুখ বন্ধ রাখতে। তা করবে না। শুধুই উসকানি। এখন পড়েছে প্রধানমন্ত্রীর ‘মাটি-মন্তব্য’ নিয়ে। ভাবনাকে সম্মান করার মুরোদ নেই। খালি নিন্দা! কত কী ভাবতে হয় তাঁকে। সেই কারণেই না রাহুল গান্ধীর চ্যালেঞ্জ নিয়ে মুখোমুখি বিতর্কে বসতে পারছেন না। অবশ্য বসবেনই বা কেন? লেভেলে আসে নাকি? অত শখ থাকলে পার্লামেন্টে যাচ্ছেন না কেন? ওখানে গিয়ে না হয় রাহুল গান্ধী অপেক্ষা করুন। এটাও তো শিখতে হবে... অপেক্ষা। প্রধানমন্ত্রী দেশসেবা ছেড়ে সময় পেলে আসবেন, না হলে আসবেন না। মাঝেমধ্যে টেকনিকাল বিভ্রাট হবে। মাইক বন্ধ হয়ে যাবে। তা কিন্তু হতেই পারে। সেই জন্যই অপেক্ষা করতে শিখতে হবে। ভোট চুরি, নিট দুর্নীতি, মূল্যবৃদ্ধি... সব নিয়ে আলোচনা হবে। কিন্তু কবে হবে, জানা নেই। জানতে চাওয়াটাও অপরাধ। ওই যে বললাম, আগে লেভেলে পৌঁছাতে হবে। সেই চেষ্টা না করে রাহুল গান্ধী হায়দরাবাদে সম্মেলন করছেন। বিদেশি সাংবাদিক, থিঙ্ক ট্যাঙ্কদের আমন্ত্রণ জানাচ্ছেন। তাঁরা এখানে এসে বিজেপির নামে গাল পাড়বেন। ঠিক হয়েছে, বেশিরভাগ অতিথি ভিসা পাননি। যাঁরাও পেয়েছেন, তাঁদের হায়দরাবাদে পৌঁছানোর পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত সরকারের বিরুদ্ধে গালি দেবেন? নিজের দেশে বসে দিন। এখানে এসে খারাপ খারাপ কথা বলার কী আছে? বেশ হয়েছে... আসতে পারেননি। সে নিয়ে আবার রাহুল ক্ষমা চেয়েছেন। বলেছেন, ‘সমাজে আপনি দু’ধরনের মানুষ দেখতে পাবেন। একদল জানতে চায়, শিখতে চায়। তাই তারা প্রশ্ন করে। ভুল করে তারা। সেটা স্বীকার করে, আর শুধরানোর চেষ্টা করে। দ্বিতীয় ধরনের লোকজন খুব কম সংখ্যায় থাকলেও, দেখতে পাওয়া যায় সর্বত্র। শিক্ষাক্ষেত্র, ব্যবসা, রাজনীতি... সব জায়গায়। রাজনীতিতে এদের আমরা ফ্যাসিবাদী বলি।’ এই ভাষায় সরকারকে আক্রমণ করছেন বিরোধী দলনেতা? মানা যায়? বিশ্বগুরু বলতে পারেন। রাহুল গান্ধীকে ‘পাপ্পু’। তাঁর মা সোনিয়াকে ‘জার্সি গোরু’... এটা তাঁর অধিকার। উনি বলছেন বলেই বাকিরা যা খুশি বলবে, সেটা চলবে না।
যদিও লোকজন যা খুশি তাই বলে। দুঃসাহস তাদের। আর আমাদের বিশ্বগুরুর ‘মহত্ত্ব’। তিনি হেলায় সব উড়িয়ে দিতে পারেন। এই তো সেবার স্ট্যান্ড আপ কমেডিয়ান কুনাল কামরা একটি শো’তে বলছিলেন টাইম মেশিনের কথা—‘জিজ্ঞেস করছিলাম, টাইম মেশিন পেলে কী করবেন। একজন বলল, ১৯৮৩ সালে ফিরে যাব। লর্ডসে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল দেখব। ভিসার কী হবে, টিকিট কে দেবে... কেউ জানে না। আমি কিন্তু অনেক বাস্তব ভেবে থাকি। আমাকে টাইম মেশিনে চাপালে সাতের দশকে ফিরে যাব। ট্রেন চড়ে ঘুরে বেড়াব। ইচ্ছে হলে একটা স্টেশনে নেমে চা খাব। আর মুখে দিয়েই বলব, বিচ্ছিরি চা। সঙ্গে তার আবার একটা ছোটো ছেলে। চাওয়ালাকে বলব, এই ছেলে বড়ো হয়ে মাথা খাবে।’ তিনি আবার সংযোজন করেছিলেন, ‘এখানে আমি কারও নাম বলিনি। আমার বিরুদ্ধে মামলা করতে গেলে বলতে হবে আমি কার কথা বলতে চেয়েছি। আর আপনার সঙ্গে আমার ভাবনা মিলবে, তার কোনো মানে নেই। রেগে গেলে আপনার মনেই খারাপ আছে।’ আমি এখনও বুঝিনি, কুনাল কামরা কার কথা বলেছিলেন। আপনি বুঝলে যাই বলুন না কেন... একবারও বলবেন না ‘মাটি করেছে’। প্রযুক্তি ধরে ফেলবে কিন্তু!


