সুদীপ্ত রায়চৌধুরী: ‘উইন্টার ইজ কামিং।’ জর্জ আর আর মার্টিনের ‘গেম অব থ্রোনস’ সিরিজের যতগুলি বিখ্যাত উক্তি রয়েছে, তার মধ্যে স্টার্ক পরিবারের এই ‘হাউজ ওয়ার্ড’টি বোধহয় এই সিরিজের ভক্তদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়। যদিও স্টার্কদের কাছে এই কথাটি আসলে ছিল ভবিষ্যতের এক সতর্কবার্তা। আমাদের, অর্থাৎ ‘গেম অব থ্রোনস’-এর ভারতীয় ভক্তদের কাছেও এই লাইনটি একই ধরনের আতঙ্ক জাগিয়ে তুলতে পারে। কারণ, শীতকাল আসার সঙ্গেই আমাদের দেশের চেহারাটাও বদলে যায়। অন্তত পরিবেশগতভাবে।
শীত আসার কিছুটা আগে থেকেই আমাদের দেশে শুরু হয় উৎসবের মরশুম। আলোর রোশনাই, আনন্দ আর মিলনের উৎসবে মেতে ওঠে গোটা দেশ। ফি বছর কালীপুজো ও দীপাবলির রাত আলোর উৎসবে সাজলেও, বাস্তবে তা কানে তালা ধরা শব্দ ও দমবন্ধকর ধোঁয়ার এক ভয়াবহ তাণ্ডবে পরিণত হয়। প্রশ্নের মুখে পড়ে যায় সমস্ত আইনি নির্দেশিকা, মানবিকতা এবং পরিবেশের ভারসাম্য সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ। আর ভুক্তভোগী শিশু থেকে প্রৌঢ়, এমনকি অবলা পশু-পাখিরা।
আলোচনা শুরু করা যাক আমাদের রাজ্য দিয়েই। প্রতি বছরই আলোর উৎসবের রাতটা শুরু হয় আতশবাজির রোশনাইয়ে। রাত যত গভীর হতে থাকে, তীব্র শব্দবাজির দাপটে ততই ভারী হয়ে ওঠে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের আকাশ-বাতাস। এবছর খাস কলকাতায় দীপাবলির রাতে বায়ুদূষণের মান ভয় ধরাতে বাধ্য। কারণ এ শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) পৌঁছে গিয়েছিল প্রায় ৬০০-র ঘরে। সরকারি তথ্য অবশ্য বলছে, অতটাও খারাপ ছিল না পরিস্থিতি। পরে বিক্ষিপ্ত বৃষ্টিতে বাতাসের মান কিছুটা ভালো হলেও ফের অবনতি হয় ছটপুজোর রাতে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রেকর্ড বলছে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কাছে একিউআই ছিল ২১৯ আর ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে ২১২। উৎসবের মরশুম এলেই প্রশাসনের পক্ষ থেকে বারবার নিষিদ্ধ বাজি ও শব্দবাজি নিয়ন্ত্রণের কথা বলা হয়। বাজি ফাটানোর জন্য সময় বেঁধে দেওয়া হয়। পুলিশ ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্তারা বিভিন্ন বাজিবাজার ঘুরে দেখেন, তল্লাশিতে অল্পবিস্তর নিষিদ্ধ বাজিও উদ্ধার হয়—কিন্তু ওই পর্যন্তই। যাবতীয় বিধিনিষেধ খাতায়কলমেই থেকে যায়। আর রাত বাড়লেই শব্দবাজির দাপট বাড়ে। বাদ যায়নি হাসপাতাল চত্বরগুলিও। সেই আগুনে ঘৃতাহুতির কাজ করেছে জনপ্রতিনিধিদের একাংশের বিতর্কিত মন্তব্য। কেউ বলেছেন, বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়। পরে সুর বদলালেও তাতে ড্যামেজ কন্ট্রোল কতটা হল, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
শব্দ-সন্ত্রাস নিয়ে সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন টলিপাড়ার তারকা থেকে বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্বরা। অভিনেত্রী মানসী সিংহ ও শ্রীলেখা মিত্র তীব্র নিন্দা করে প্রশ্ন তুলেছেন এই সংবেদনহীন আনন্দের উৎস নিয়ে। মমতাপন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষও পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তোপ দেগেছেন। আবার, কলকাতা পুলিশকে ট্যাগ করে ফেসবুকে শাসকদলের বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় পর্যন্ত লিখতে বাধ্য হন, ‘কখন থামবে এই শব্দের দাপট ? ঘুমোতে পারছি না।’ পরে অবশ্য সেই পোস্ট ডিলিট করে দেন রূপা। তবে ব্যতিক্রমী ছবিও রয়েছে। শব্দবাজি নিয়ন্ত্রণে গভীর রাতে পুলিশের সঙ্গে পথে নামতে হয় স্বয়ং পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালকে।
কলকাতার গণ্ডি পেরিয়ে নজর রাখা যাক রাজধানী দিল্লি এবং বাণিজ্যনগরী মুম্বইয়ে। দেশের অন্যতম প্রধান দুই শহরের পরিস্থিতি আরও ভয়াবহ। দিল্লিতে দীপাবলির দিন গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩৭৬, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। কোথাও কোথাও এই সূচক ৪০০ ছাড়িয়ে ‘অত্যন্ত বিপজ্জনক’ স্তরে পৌঁছে যায়। এর মধ্যেই সামনে এক চাঞ্চল্যকর তথ্য। দেখা যায় যে, দীপাবলির মধ্যরাতে ও দীপাবলির পরের দিন ভোরে একাধিক মনিটরিং স্টেশন থেকে দূষণের ডেটা উধাও হয়ে গিয়েছে। মুম্বইয়ে ছবিটা আরও ভয়াবহ। বম্বে হাইকোর্টের স্পষ্ট নির্দেশ ছিল যে, জনবহুল রাস্তা বা পাবলিক প্লেসে বাজি ফাটানো নিষেধ। কিন্তু তা সত্ত্বেও গত ৬-১০ নভেম্বরের মধ্যে মুম্বইয়ে ৩৩৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাজির কারণে। ফায়ার সার্ভিসের কাছে মোট ৪৯৯টি ফোন আসে। কালবাদেবী, বান্দ্রা, আন্ধেরি বা ঘাটকোপারের মতো এলাকায় কোথাও চলন্ত গাড়িতে, কোথাও আবার বহুতলের দেওয়ালে আছড়ে পড়ে রকেট। শব্দবাজির তাণ্ডবে প্রাণ হারান দু’জন, জখম ৮। আর প্রকাশ্য রাস্তায় কেন এভাবে বাজি ফাটানো হচ্ছে, তা নিয়ে প্রতিবাদ করতে গিয়ে হেনস্তা ও লাঞ্ছনার শিকার হতে হয় অনেককে।
দিল্লি এবং মুম্বই— দুই শহরেই এই পরিবেশ দূষণ ঘিরে শুরু হয়েছে তুমুল চাপানউতোর। দিল্লির ব্যবসায়ী সংগঠন চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির তথ্য অনুযায়ী, রাজধানীতে প্রায় ৩০০ কোটি টাকার বাজি বিক্রি হয়েছে। ব্যবসায়ীদের দাবি, শুধু বাজির ঘাড়েই সমস্ত দূষণের দোষ চাপানো অন্যায়। কারণ অক্টোবর থেকে জানুয়ারি মাস জুড়ে নাড়া পোড়ানো এবং ধূলিকণাজনিত সমস্যা লেগেই থাকে। অন্যদিকে, মুম্বইয়ে অভিনেত্রী দিয়া মির্জার দূষণহীন দীপাবলির প্রচারমূলক ভিডিয়ো সরিয়ে দেওয়া নিয়ে শিবসেনা-বিজেপি শিবিরে তীব্র বিতর্ক তৈরি হয়। শাসকদলের একাংশ দিয়া মির্জাকে ‘হিন্দু-বিরোধী’ তকমা দিয়ে আক্রমণ করেন এবং ধর্মীয় ভাবাবেগের দোহাই দিয়ে অবাধে বাজি ফাটানোর পক্ষে অবস্থান নেন। দীপাবলিতে বাজি ফাটানো নিয়ে সমালোচনার মুখে স্বপক্ষে যুক্তি দিয়েছেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দাবি, উৎসবের কারণে হওয়া দূষণ নিতান্তই সাময়িক। তা এমনিতেই কমে যাবে।
আসলে অধিকাংশ রাজনীতিবিদের কাছেই পরিবেশের খুব একটা গুরুত্ব নেই। বরং দল ভাঙানো, পাইয়ে দেওয়ার রাজনীতির এই দুনিয়ায় প্রয়োজন জনগণকে। কারণ তাঁরাই তো ভোট-বৈতরণি পেরতে সহায় হন। তাই দিনরাত মাইক-ডিজে বাজিয়ে বা নিষিদ্ধ শব্দবাজি ফাটিয়ে যাঁরা উৎসবে মেতে ওঠেন, তাঁদের বিরুদ্ধাচারণ করা কোনো রাজনৈতিক দলের কাছেই খুব একটা বুদ্ধিমত্তার পরিচয় নয়। সেই কারণে দেশের নানা প্রান্তে দেদার বাজি ফাটলেও শব্দজব্দ করতে কোনো দলই এগিয়ে আসে না। সেই সুবাদে প্রতি বছর দীপাবলি থেকে ছটপুজো পর্যন্ত শব্দযন্ত্রণা পাওয়াটাই আমাদের সামাজিক দায়িত্ব হয়ে উঠেছে। প্রতিবাদ করতে গিয়ে অনেকে প্রাণ হারিয়েছেন। অনেক প্রতিবাদীর বাড়ির সামনে দেদার চকোলেট বোম ফাটিয়ে ‘পালটা জবাব’ দেওয়া হয়েছে। শারীরিক অত্যাচারের শিকারও হয়েছেন অনেকে। রাজ্যে রাজ্যে সময়ে সময়ে সরকার বদলেছে, কিন্তু এই ছবিটা একই রয়ে গিয়েছে। কারণ, আজীবন রাজনৈতিক দলগুলি মনে করে ভোটের অঙ্কে পরিবেশের বিশেষ গুরুত্ব নেই। আম জনতার কাছে পরিবেশের চেয়ে ব্যক্তিস্বার্থের গুরুত্ব অনেক বেশি। যাঁরা দিন আনেন, দিন খান, তাঁদের কোন ঠেকা পড়েছে বাজি পোড়ানোর দূষণ নিয়ে ভাবতে! এই ভাবনা যে ভুল, তা হয়তো বলা যাবে না। তবে এটাও ঠিক যে, মানুষ বদলাচ্ছে। বদল আসছে ভাবনাতেও। হয়তো খুব ধীরে, কিন্তু আসছে। সেই কারণেই ছয়ের দশকে রেচেল কার্সনের ধাক্কায় কীটনাশক নীতি বদলাতে বাধ্য হয়েছিল আমেরিকা। আবার সাতের দশকের চিপকো আন্দোলনও তুমুল সাড়া ফেলেছিল। আবার এখন দূষণ নিয়ে তপ্ত দিল্লির রাজনীতি। গত সোমবারই আইসা সভাপতি নেহা বোরার নেতৃত্বে জোরবাগে পরিবেশ মন্ত্রকের অফিসের সামনে প্রতিবাদে সরব হয় নাগরিক সমাজ। দূষণ নিয়ে যমুনা অববাহিকাভুক্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করেছে সুপ্রিম কোর্টও। এখন মোবাইল- ইন্টারনেটের সৌজন্যে পৃথিবীর সর্বত্র নজর সকলের। এহেন পরিস্থিতিতে উন্নত পরিবেশের চাহিদাও বাড়ছে। আর বাড়বেও। রাজনৈতিক দলগুলির মনে রাখা দরকার, পরিবেশ ধ্বংস নিয়ে বহু মানুষই বিরক্ত। হয়তো সেই রাগ ইভিএমে সুদেআসলে পুষিয়ে নেবেন তাঁরা। তাই নিজেদের স্বার্থেই আজেবাজে কথা বলার থেকে পরিবেশ রক্ষা ও শব্দদানবকে বোতলবন্দি করার কথা ভাবা দরকার রাজনীতিবিদদের।
শব্দ-সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করলে বা সোশ্যাল মিডিয়ায় দু’লাইন লিখলে অনেকেই পালটা বলেন, ‘রাশিয়া-ইউক্রেন বা ইরান-আমেরিকা যুদ্ধে দূষণ হয় না? বড়োদিন বা অন্য ধর্মের উৎসবে তো কেউ কিছু বলে না! এটা আসলে হিন্দু ধর্মকে খাটো করার চক্রান্ত।’ এই ধরনের (কু)যুক্তি আজ রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে। অথচ সনাতন সংস্কৃতি ও হিন্দু ধর্মে প্রকৃতিকে পুজো করার ঐতিহ্য রয়েছে। নদী, পাহাড়, গাছপালা এবং ধরিত্রীকে মা হিসাবে সম্মান করা এই সভ্যতার মূল ভিত্তি। রামায়ণে বা প্রাচীন ঐতিহ্য অনুযায়ী দীপাবলি ছিল তেলের প্রদীপ বা ‘দিয়া’ জ্বালিয়ে আলোর উৎসব উদযাপন করা। বারুদের ব্যবহার হয়েছে বহু পরে।
ধর্মীয় স্বাধীনতা বা উৎসব উদযাপনের অর্থ অন্যের বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হতে পারে না। কলকাতা, দিল্লি বা মুম্বই— প্রতিটি ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, প্রশাসনের মৌখিক প্রতিশ্রুতি বা নামমাত্র নজরদারি এই আইন ভাঙার প্রবণতাকে রুখতে ব্যর্থ। দেশের শীর্ষ আদালত পর্যন্ত মেনে নিয়েছে, রাস্তায় পুলিশ মোতায়েন করে বাজি পোড়ানোর সময়সীমা ও মাত্রা কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা কার্যক্ষেত্রে প্রায় অসম্ভব। তাই মানুষের সচেতনতা ও শুভবুদ্ধির উদয়ের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই সময় থাকতে সচেতন হোন। কারণ দেবতারা যদি জানতে পারেন যে, তাঁদের নামে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে, তাঁরাও কিন্তু আতঙ্কিত হয়ে পড়বেন। রুষ্ট দেবকুলের অভিশাপ বড়ো ভয়ংকর।


