মৃণালকান্তি দাস: প্রায় দুই দশক ধরে কালো চামড়ার জ্যাকেট ছিল এনভিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান সিইও জেনসেন হুয়াংয়ের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। প্রযুক্তির দুনিয়ায় তিনি যতটা পরিচিত বিপুল সাফল্যের জন্য, ততটাই পরিচিত তাঁর পোশাকের জন্য। কালো টি-শার্ট, কালো জিনস আর গায়ে কালো চামড়ার জ্যাকেট— এটাই তাঁর নিজস্ব স্টাইল। কিন্তু আজ সেই জ্যাকেটই হয়ে উঠেছে হাসি-ঠাট্টার বিষয়। একসময় যে পোশাক তাঁকে অন্য বিলিয়নেয়ারদের থেকে আলাদা করত, এখন সেটাই তাঁকে অস্বস্তিকর বিদ্রুপের মুখে দাঁড় করিয়েছে।
জেনসেন হুয়াংকে ঘিরে একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। এই বিতর্কের মধ্যেই সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় উঠে এসেছে তাঁর বহুদিনের সঙ্গী কালো চামড়ার জ্যাকেট। ফ্যাশন পত্রিকা ‘দ্য কাট’ প্রকাশ করেছে একটি ব্যঙ্গাত্মক প্রতিবেদন। শিরোনাম: ‘জেনসেন হুয়াংয়ের স্বীকারোক্তির আগেই সব কথা বলে দিয়েছিল তাঁর চামড়ার জ্যাকেট।’ অর্থাৎ, মানুষ মুখে যা গোপন রাখে, কখনো কখনো তার পোশাকই নাকি সেই গোপন কথা ফাঁস করে দেয়! নিউ ইয়র্ক টাইমস প্রশ্ন তুলেছে, মধ্যবয়সি কোনো পুরুষের গায়ে দামি চামড়ার জ্যাকেট কি এখন ‘হানিপট’-এর শিকার হওয়ার নতুন প্রতীক?
ইন্টারনেটে ইতিমধ্যেই শুরু হয়েছে মিমের বন্যা। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ছবিতে দেখা যাচ্ছে, ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের বাইরে অর্ধনমিত অবস্থায় উড়ছে একটি কালো চামড়ার জ্যাকেট! যেন জ্যাকেটটিরই মৃত্যু হয়েছে। অর্থাৎ, কালো চামড়ার জ্যাকেট এখন আর শুধু ফ্যাশন নয়। তার সঙ্গে জুড়ে গিয়েছে অহংকার, প্রেম এবং ব্যক্তিগত জীবনের সংকটের নানা ইঙ্গিত। অথচ, একসময় এই কালো জ্যাকেটের আড়ালে তৈরি হয়েছিল এক ব্র্যান্ড।
স্টিভ জবসের কালো গলাবন্ধ জামা আর জিনস যেমন তাঁর পরিচয়ের অংশ হয়ে উঠেছিল, তেমনই মার্ক জুকেরবার্গের সাধারণ ধূসর হুডি কিংবা স্লোগান লেখা টি-শার্টও একসময় তাঁর ব্যক্তিত্বের প্রতীক ছিল। জেনসেন হুয়াংয়ের ক্ষেত্রে সেই জায়গা নিয়েছিল কালো চামড়ার জ্যাকেট। গত সেপ্টেম্বরে সংবাদসংস্থা সিবিএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে হুয়াং জানিয়েছিলেন, তাঁর সংগ্রহে রয়েছে ৩০ থেকে ৪০টি চামড়ার জ্যাকেট। সেগুলির বেশিরভাগই বেছে দেন তাঁর স্ত্রী লরি হুয়াং। জ্যাকেটগুলির ধরনও বিচিত্র। কখনো মোটরবাইকারদের মতো আঁটসাঁট পোশাক, তাতে সারি সারি চেন। কখনো কুমিরের চামড়ার নকশা করা কলারবিহীন জ্যাকেট। আবার কখনো পরিপাটি ডিজাইনের জ্যাকেট। প্রযুক্তি সম্মেলন থেকে পার্টি, বড়ো মঞ্চে বক্তৃতা থেকে আন্তর্জাতিক অনুষ্ঠান— প্রায় সর্বত্রই এই পোশাকে দেখা গিয়েছে তাঁকে। ২০২১ সালে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদেও তাঁর পরনে ছিল টম ফোর্ডের কালো চামড়ার জ্যাকেট। গত জুলাইয়ে তাঁর ব্যবহৃত এবং স্বাক্ষর করা আর একটি টম ফোর্ড জ্যাকেট নিলামে বিক্রি হয় ৯ লক্ষ ৬০ হাজার ডলারে। আসল দামের দশ গুণেরও বেশি!
লেখক ও স্টাইল বিশেষজ্ঞ পিটার বেভানের মতে, চামড়ার জ্যাকেটের মধ্যে রয়েছে বিদ্রোহের ইতিহাস। হুয়াং সেই ইতিহাস থেকেই ধার করেছেন কিছুটা ‘কুল’ ভাবমূর্তি। কর্পোরেট দুনিয়ার চেনা স্যুট-টাইয়ের বদলে চামড়ার জ্যাকেট পরে তিনি যেন বার্তা দিতে চেয়েছেন— তিনি অন্য ধরনের বস। নিয়ম মেনে চলা সাধারণ বিলিয়নেয়ার নন, তিনি ব্যতিক্রমী। বেভানের কথায়, হুয়াংয়ের পোশাকের ভাষা অনেকটা এমন—‘আমি আর পাঁচজন বিলিয়নেয়ারের মতো নই। আমি একজন কুল বিলিয়নেয়ার!’
কালো চামড়ার জ্যাকেটের ইতিহাস অবশ্য হুয়াংয়ের অনেক আগের। ১৯৫৩ সালে হলিউডের ছবি ‘দ্য ওয়াইল্ড ওয়ান’-এ মার্লন ব্র্যান্ডো মোটরবাইক গ্যাংয়ের নেতা হিসাবে পরেছিলেন এক ধরনের অসমান চেনওয়ালা চামড়ার জ্যাকেট। সেই পোশাক রাতারাতি হয়ে উঠেছিল বিদ্রোহের প্রতীক। জেমস ডিনও একই ধরনের জ্যাকেট পরে তৈরি করেছিলেন এক নতুন স্টাইল। ডেভিড বোয়ির ‘হিরোজ’ অ্যালবামের প্রচ্ছদে কালো চামড়ার জ্যাকেট ছিল তাঁর ব্যক্তিত্বের অংশ। ডার্টি ডান্সিং-এ প্যাট্রিক সোয়েজ, গ্রিজ-এ জন ট্রাভোল্টা এবং ইন্ডিয়ানা জোন্স ছবিতে হ্যারিসন ফোর্ড— প্রত্যেকেই এই পোশাককে জনপ্রিয়তার নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। চামড়ার জ্যাকেট তাই শুধু শরীর ঢাকার পোশাক নয়। এর সঙ্গে জড়িয়ে আছে স্বাধীনচেতা মনোভাব, বিদ্রোহ, সাহস এবং প্রচলিত নিয়ম ভাঙার আকাঙ্ক্ষা। হুয়াং সম্ভবত সেই ভাবমূর্তিই নিজের মধ্যে ধারণ করতে চেয়েছিলেন।
তবে পোশাক নিয়ে তাঁর নিজের ব্যাখ্যা আরও বাস্তববাদী। গত অক্টোবর সিবিএস-কে তিনি জানিয়েছিলেন, প্রতিদিন একই ধরনের পোশাক পরার পিছনে রয়েছে একটি বিশেষ কারণ। সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি এড়াতে চান তিনি। তাঁর কথায়, ‘কালো মানে পছন্দের কোনো বিকল্প নেই।’ প্রতিদিন সকালে উঠে কী পরবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় নষ্ট করতে চান না। অন্যদের হয়তো পোশাক বেছে নিতে একাধিক সিদ্ধান্ত নিতে হয়। তিনি সেই ঝামেলাটাই জীবন থেকে বাদ দিয়েছেন। সকালে ঘুম থেকে উঠেই বরং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবতে চান।
হুয়াংয়ের এই পোশাকের প্রতি আকর্ষণ শুধু সাধারণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। প্রযুক্তি দুনিয়ার আর এক মহারথী মার্ক জুকেরবার্গও তাঁর জ্যাকেটের ভক্ত। ২০২৪ সালে জুকেরবার্গ একটি ছবি পোস্ট করেছিলেন, যেখানে দেখা যায়, দু’জনে নিজেদের জ্যাকেট অদলবদল করছেন। পরে কলোরাডোয় সিগগ্রাফ সম্মেলনে জুকেরবার্গ হুয়াংকে উপহার দেন আর একটি কালো চামড়ার জ্যাকেট। জ্যাকেটটির বর্ণনা দিতে গিয়ে জুকেরবার্গ বলেছিলেন, এটি কালো চামড়া ও শিয়ারলিং দিয়ে তৈরি। শিয়ারলিং হল, ভেড়া বা মেষশাবকের চামড়া, যার একদিকে চামড়া এবং অন্যদিকে স্বাভাবিক পশম বা উল অক্ষত থাকে। অর্থাৎ, পশম-সহ প্রক্রিয়াজাত ভেড়ার চামড়া। চামড়ার জ্যাকেট, কোট, কলার, হাতার ভিতরের অংশ এবং শীতের পোশাকে এটি ব্যবহার করা হয়। দেখতে দারুণ। তারপর মজা করে বলেছিলেন, ‘এই লোকটার একটা চেন দরকার!’ হুয়াংও পালটা নিজের পরা জ্যাকেটটি তাঁকে দিয়ে দেন। জানান, ওই বছরের সম্মেলন উপলক্ষে তাঁর স্ত্রী লরি জ্যাকেটটি কিনে দিয়েছিলেন। জুকেরবার্গ সেটি গায়ে চাপিয়ে মজা করে বলেছিলেন, ‘এটার দাম আরও বেশি। কারণ, এটা ব্যবহৃত!’
জেনসেন হুয়াংয়ের সামনে এখন পোশাকের প্রশ্নটি নিছক ফ্যাশনের বিষয় নয়। প্রযুক্তি দুনিয়ার একসময়ের পরিচিত এই পোশাক তাঁকে এতদিন দিয়েছে আলাদা পরিচিতি। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর সেই পরিচিতিই এখন বিদ্রুপের অস্ত্র। সেই কবেই জেনসেন হুয়াংয়ের মতো বিখ্যাত মানুষদের সতর্ক করেছিলেন প্রাক্তন সিআইএ অফিসার কিথ রিগিন। বেজিংয়ে পা রাখার আগে মার্কিন ব্যবসায়ীদের একটি অদ্ভুত সতর্কবার্তা দিতেন কিথ। কথাটা খুব সহজ— চীন সফরে গিয়ে হঠাৎ নিজেকে আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় মনে হতে শুরু করলে সাবধান হবেন। আপনার চেহারা রাতারাতি বদলে যায়নি। বদলে গিয়েছে আপনার চারপাশের মানুষের আগ্রহ।
কথাটি নিছক রসিকতা ছিল না। এর পিছনে লুকিয়ে ছিল চীনের গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটির (এমএসএস) বহুদিনের একটি কৌশল। হানিট্র্যাপ। লক্ষ্যবস্তুকে প্রথমে কাছে টানা। তারপর বিশ্বাস অর্জন। ব্যক্তিগত সম্পর্ক তৈরি। আর একসময় সেই সম্পর্ককে কাজে লাগিয়ে হাতিয়ে নেওয়া গোপন তথ্য, ব্যবসায়িক কৌশল কিংবা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ নথি।
ঘটনার শুরু তাইওয়ানের তাইপে শহরে। ২০২৪ সালের জুনে একটি বারে এবং পরের বছর মে মাসে একটি বাণিজ্য মেলায় জেনসেন হুয়াংয়ের সঙ্গে এক মহিলার ছবি সামনে আসে। নাম অ্যালিস হুয়াং। প্রাথমিকভাবে তাঁকে আর দশজন ব্যবসায়িক পরিচিতের মতোই মনে হয়েছিল। কিন্তু পরে তাঁর পরিচয় ঘিরে সন্দেহ তৈরি হয়। অভিযোগ ওঠে, তিনি চীনের গোয়েন্দা সংস্থা এমএসএসের সঙ্গে যুক্ত। সবচেয়ে অস্বস্তিকর বিষয় ছিল, অ্যালিস শুধু হুয়াংয়ের ব্যক্তিগত পরিসরেই প্রবেশ করেননি। তিনি এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত ছিলেন, যেটি এনভিডিয়ার কাছ থেকে উন্নত প্রযুক্তির চিপ কিনছিল। প্রতিষ্ঠানটির নাম মেগাস্পিড। সিঙ্গাপুরভিত্তিক এই সংস্থার শিকড় ছিল একটি চীনা গেমিং কোম্পানিতে। এখানেই প্রশ্নের শুরু।
একজন সন্দেহভাজন গোয়েন্দা এজেন্ট কীভাবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানের এত কাছে পৌঁছালেন? তাঁর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক তৈরি হল কীভাবে? আর সেই সম্পর্কের সূত্র ধরে এনভিডিয়ার মূল্যবান প্রযুক্তি কি কোনোভাবে চীনের নাগালে পৌঁছে গিয়েছিল? এসব প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। কিন্তু এই বিতর্কের জের কাটতে না কাটতেই নিউ ইয়র্ক টাইমস আরও একটি খবর ফাঁস করে। অভিযোগ, এনভিডিয়ার স্বাস্থ্যপ্রযুক্তি বিভাগের ভাইস প্রেসিডেন্টের সঙ্গেও জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ফলে বিতর্কে নতুন মাত্রা যোগ হয়। খবর প্রকাশ্যে আসার পর সংস্থার প্রধান সিইওর পদ থেকে ইস্তফা দেন জেনসেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে শুরু হয় ব্যঙ্গ-বিদ্রুপ। ছড়িয়ে পড়ে তাঁর কালো চামড়ার জ্যাকেটের একাধিক মিম।
জেনসেন হুয়াংয়ের কালো চামড়ার জ্যাকেট এখন ইন্টারনেটের হাসির খোরাক। যে পোশাক এতদিন তাঁকে অন্য বিলিয়নেয়ারদের থেকে আলাদা করেছিল, সেটাই এখন তাঁর ব্যক্তিগত জীবনের বিতর্কের সঙ্গে জড়িয়ে গিয়েছে। কিন্তু এই গল্পের আসল প্রশ্ন জ্যাকেট নয়, কিংবা একজন ধনকুবেরের ব্যক্তিগত সম্পর্কও নয়। প্রশ্ন হল, বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি সংস্থার প্রধানের ব্যক্তিগত পরিসরে যদি কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা প্রবেশের চেষ্টা করে, তাহলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে?


