ওরা যত বেশি পড়ে...
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আজন্মকাল ধরে কলকাতার বইপাড়া তর্ক-বিতর্ক ও মতাদর্শগত সংঘাতের ক্ষেত্র হিসাবে সুপরিচিত। ব্রিটিশ আমল থেকে স্বাধীনতা-উত্তর নানা পর্বে এই কলেজ স্ট্রিট চত্বর বহু আন্দোলনের সাক্ষী। কিন্তু বইয়ের স্টলকে কেন্দ্র করে বোমা ও ডিম ছোড়ার মতো নজির এই প্রথম। আর সেই কারণে বিষয়টি নিয়ে রাজনীতি-সমাজ সচেতন মহলের পাশাপাশি আম জনতার মধ্যেও যে উদ্বেগ দেখা দিয়েছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত বুধবার এসএফআই ও এবিভিপি-র সংঘর্ষে কলেজ স্ট্রিট কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। দিনের শুরুতে অনুমতি ও স্টল বসানোকে কেন্দ্র করে টানাপোড়েন থাকলেও সন্ধ্যা গড়াতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইট, ডিম, চায়ের ভাঁড় ও চকোলেট বোমা ছোড়ার অভিযোগ ওঠে, সেই সঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর মতো বর্ষীয়ান নেতাকে ঘিরে ‘গো ব্যাক’ ও কুরুচিকর স্লোগান দেওয়ার ঘটনা রাজনৈতিক শালীনতার সীমা নিয়ে প্রশ্ন তোলে।

Advertisement

এই বুকস্টল বিতর্ক কেবল একটি দিনের বিচ্ছিন্ন ঘটনা নয়। দুর্গাপুজোর সময় থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বামপন্থী সংগঠনগুলির বুকস্টল ঘিরে হামলার অভিযোগ সামনে এসেছে। সেই সময়ে রাজ্য সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এবং একাধিক বিজেপি নেতা ও পদাধিকারী এ ধরনের ঘটনার নিন্দা করলেও বাস্তব পরিস্থিতির খুব একটা বদল হয়নি। বরং সেই অসহিষ্ণুতার ট্র্যাডিশন আরও বেড়েছে। কলেজ স্ট্রিটের সাম্প্রতিক সংঘর্ষে দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পালটা অভিযোগ তুলেছে। এসএফআইয়ের দাবি, এবিভিপি তাদের স্টলের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঋত্বিক ঘটক, সুকান্ত ভট্টাচার্যের ছবি দেওয়া ফ্লেক্স ছিঁড়ে দেয়, কার্ল মার্ক্সের ছবিতে আগুন দেয় এবং সন্ধ্যায় স্টল লক্ষ্য করে ইট, ডিম ও চকোলেট বোমা ছোড়ে। এমনকি জাতীয় পতাকার উপরও ডিম পড়ে বলে অভিযোগ। অন্যদিকে এবিভিপির দাবি, তারা বইয়ের মোকাবিলা বই দিয়েই করতে চেয়েছিল, কিন্তু এসএফআই তাদের স্টল ভেঙেছে ও ঢিল ছুড়েছে। পাশাপাশি, রাষ্ট্রবিরোধী বই বিক্রির অভিযোগ তুলে প্রতিবাদ জানানোর কথাও বলেছে তারা। দু’পক্ষের এই তরজার জেরে কলেজ স্ট্রিটজুড়ে সৃষ্টি হওয়া আতঙ্ক ও অচলাবস্থা সাধারণ পথচারী, শিক্ষার্থী ও বইপ্রেমীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বড়ো প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে। মঙ্গলবার কলেজ স্ট্রিটে স্টল বসানো নিয়ে পুলিশের বাধার পর এসএফআইয়ের একাধিক কর্মীকে আটক করা হয়েছিল। অথচ বুধবার পুলিশের উপস্থিতিতেই দফায় দফায় সংঘর্ষ ও সন্ধ্যায় বোমা ছোড়ার অভিযোগ উঠলেও প্রশাসনের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছে এসএফআই নেতৃত্ব। রাতে জোড়াসাঁকো থানার সামনে অবস্থান-বিক্ষোভও হয়। এই ঘটনায় রাজনৈতিক মহলেও তুমুল প্রতিক্রিয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন, বইটই কিছু না, নির্বাচনে হেরে এসব করা হচ্ছে এবং কাস্তে-হাতুড়ি ছেড়ে বই চিহ্নে ভোটে লড়ার কথা বলেছেন। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের মতে, বামেদের বই কেউ পড়ে না এবং রাজনীতিতে এর কোনো প্রভাব নেই। সিপিএম নেতা সুজন চক্রবর্তী পালটা প্রশ্ন তুলেছেন, ‘গুন্ডামি’ নিয়ে কড়া বার্তা ও এনকাউন্টারের প্রসঙ্গ এলেও বইয়ের বিপণির উপর বোমাবাজির ঘটনায় পুলিশ কেন নিষ্ক্রিয়! আবার, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের মন্তব্য, ছাত্র রাজনীতিতে এমন অনেক কিছুই হয়। ওদের রক্ত গরম। এখানে ছাত্র আন্দোলন কখনোই নিরামিষ ছিল না।
বই ও বুকস্টলকে ঘিরে এই রাজনৈতিক সংঘাত আমাদের গণতান্ত্রিক ও নাগরিক পরিসরের এক গভীর সংকটকে সামনে নিয়ে এসেছে। বই নিয়ে তর্ক বা পালটা মতাদর্শের প্রচার গণতন্ত্রে স্বাভাবিক, কিন্তু যুক্তি ও প্রতি-যুক্তির লড়াইয়ে বইয়ের বদলে যখন ইট, ডিম ও বোমা জায়গা করে নেয়, তখন ক্ষতিগ্রস্ত হয় শিক্ষাঙ্গন ও প্রকাশ্য বিতর্কের সুস্থ পরিবেশ। বর্ষীয়ান নেতার প্রতি অশোভন স্লোগানই হোক বা ফ্লেক্স ছেঁড়া ও স্টলে হামলার মতো ঘটনা—কোনোটাই সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিচয় বহন করে না। ‘রক্ত গরম’ বা ‘ছাত্র আন্দোলন নিরামিষ নয়’—এমন যুক্তিতে হিংসার ঘটনাকে লঘু করে দেখলে ভবিষ্যতে আরও বড়ো বিপদের রাস্তা তৈরি হতে পারে। কলকাতার বইপাড়া শুধু ব্যবসার জায়গা নয়, ঐতিহাসিকভাবে এটা একটি সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক পরিসর। সেখানে অনুমতি, শৃঙ্খলা ও আইনের শাসন বজায় রাখা যেমন প্রশাসনের দায়িত্ব, তেমনই রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলিরও সংযম দেখানো জরুরি। বইয়ের উপর বোমা বা ডিম নয়, বরং তর্ক-আলোচনা ও সহনশীলতার পরিবেশই ফিরিয়ে আনা প্রয়োজন।