বাংলাদেশ কি আরও এক ভয়ংকর রাজনৈতিক পালাবদলের মুখে? প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশে প্রত্যাবর্তনের ঘোষণা ঘিরে পদ্মাপারের রাজনীতিতে উত্তেজনার পারদ ক্রমশ চরমভাবাপন্ন। শুরু হয়ে গিয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, নৈরাজ্যের চেহারা নিচ্ছে। সংঘাতের আঁচ ইতিমধ্যেই দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছে সুদূর লন্ডনেও। তারও কিছুদিন আগে নিউ ইয়র্ক বিমানবন্দরে আকস্মিক বিক্ষোভের মুখে পড়েন বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের তৎকালীন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। তার রেশ কাটতে না কাটতেই ১৭ নভেম্বর পূর্ব লন্ডনের রমফোর্ডে এনসিপি এবং আওয়ামি লিগ সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন জখম হন। এনসিপি নেতা নাহিদের নাগরিক সংবর্ধনাকে কেন্দ্র করে এই সংঘাতের সূত্রপাত। এরপর বাংলাদেশে যা ঘটে চলেছে, তা নিছক রাজনৈতিক উত্তেজনা বলে উপেক্ষা করার উপায় নেই। হাসিনার নিজের জেলা গোপালগঞ্জ থেকে শুরু করে রাজধানী ঢাকা-সহ ১৮-১৯টি জেলায় ছড়িয়ে পড়েছে হিংসা। থানা, পুলিশ চৌকি, সরকারি অফিস, রাজনৈতিক দলের অফিস, এমপিদের ঘরবাড়ি, নানাধরনের গাড়িঘোড়ায় অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ—সব মিলিয়ে এক অরাজক পরিস্থিতি। উত্তেজনা উদ্বেগের আকার নিচ্ছে বইকি। এমনকি ইউনুসের চট্টগ্রামের পৈতৃক বাড়িতেও পেট্রল বোমা হামলা হয়েছে। প্রাণ গিয়েছে অন্তত চারজনের। আহতের সংখ্যা আরও অধিক। সামনে এসেছে গ্রামীণ ব্যাংকের একাধিক শাখায় হামলার ঘটনাও। যে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন এবং রাজনৈতিক স্থিতিশীলতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেখানে আজ রাজনৈতিক প্রতিহিংসাই যেন রাষ্ট্রজীবনের প্রধান চালিকাশক্তি হয়ে উঠছে।
এই পরিস্থিতির দায় অনেকের। কোনো একটিমাত্র রাজনৈতিক দলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেনা রাস্তা কেউ কেউ নেবেন হয়তো, কিন্তু তাতে সুরাহা মিলবে না। ইউনুস জমানায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামি লিগ সমর্থকদের বিরুদ্ধে নাশকতা, অগ্নিসংযোগ ও হিংসা ছড়ানোর অভিযোগ যেমন গুরুতর, তেমনই রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে রাষ্ট্রীয় ক্ষমতার যথেচ্ছ প্রয়োগও গণতন্ত্র ফেরানোর লক্ষণ নয়। যেকোনো অপরাধের আইনি বিচারই কাম্য। তার জন্য তদন্ত হওয়া দরকার সার্বিক নিরপেক্ষতার নীতিতে। কাঁটার মুকুট মাথায় যার প্রথম দিন থেকেই, সেই তারেক সরকার এখন অগ্নিপরীক্ষার সম্মুখীন। একদিকে আইনশৃঙ্খলা রক্ষা, অন্যদিকে বিরোধী রাজনৈতিক মতের সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করা—দুই দায়িত্বই পালন করতে হবে তাঁকে। প্রধানমন্ত্রী যদি সত্যিই গণতান্ত্রিক শক্তিগুলিকে ঐক্যবদ্ধ করতে চান, তবে সেই আহ্বান যেন কোনোভাবেই প্রতিহিংসার নতুন রাজনৈতিক মেরুকরণের হাতিয়ার না-হয়ে ওঠে। একইসঙ্গে আওয়ামি লিগকেও বুঝতে হবে, অতীতের ক্ষমতার রাজনীতিতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা কিংবা হিংসার মাধ্যমে রাজনৈতিক পুনর্বাসন আদায়ের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক অধিকারসংক্রান্ত প্রশ্ন হতে পারে, কিন্তু সেই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশকে অগ্নিগর্ভ করে তোলার অধিকার কারও নেই। তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনও এই রাজনৈতিক বাস্তবতারই একটি তাৎপর্যপূর্ণ দিক। প্রশ্ন হল, বাংলাদেশ কি আইনি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই প্রশ্নগুলির মীমাংসা করতে পারবে?
বাংলাদেশের রাজনীতি ক্রমশ ব্যক্তি ও দলকেন্দ্রিক সংঘাতের এমন এক বৃত্তে নিজেকে বন্দি করছে, যেখানে রাষ্ট্র ও নাগরিকের নিরাপত্তার বিষয়টি তুচ্ছ দেখাচ্ছে। এই প্রবণতা রীতিমতো উদ্বেগের, যা আন্তর্জাতিক মহলেরও দৃষ্টি এড়াচ্ছে না। এক পক্ষের হাতে ক্ষমতা থাকলে অন্য পক্ষের অস্তিত্ব বিপন্ন হবে—এই বিপজ্জনক মানসিকতা থেকে বেরিয়ে আসতে না-পারলে কোনো নির্বাচন, ক্ষমতার অলিন্দে পরিবর্তন অর্থবহ হয়ে উঠতে পারবে না। প্রতিষ্ঠা হতে পারবে না স্থায়ী শান্তি। রাজনৈতিক দলগুলির সংঘাতের মূল্য দিতে হয় মূলত নিরীহ নাগরিকদের। ধ্বংস হয় তাঁদের সম্পত্তি, বিপন্ন হয় রুটিরুজি, স্তব্ধ হয় শিক্ষা ও জনজীবন। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা, মিডিয়ার স্বাধীনতা, বিচারব্যবস্থার নিরপেক্ষতা এবং প্রশাসনের বিশ্বাসযোগ্যতা সংক্রান্ত প্রশ্নগুলি আরও গভীর হতে পারে। নিকটতম পড়শির অঙ্গনে পুনঃপুন অস্থিরতা সবচেয়ে উদ্বেগের কারণ হয়ে ওঠে ভারতের জন্য। সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য, যোগাযোগ এবং দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের ভবিষ্যৎও জড়িয়ে রয়েছে এই বৃত্তে। তাই ঢাকার রাজনৈতিক নেতৃত্বের কাছে এখন সবচেয়ে জরুরি কাজ—প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করা নয়, সভ্য দুনিয়ার নিয়মে হিংসা বন্ধ করা এবং সকলের জন্য সমান আইনি সুরক্ষা নিশ্চিত করা। শেখ হাসিনার শীঘ্রই প্রত্যাবর্তন সে-দেশে নতুন এক রাজনৈতিক অধ্যায়ের সূচনা করবে, নাকি আরও একদফা ক্ষমতার সংঘাতের উপলক্ষ হয়ে উঠবে, তা নিয়ে কৌতূহল এখন সারা দুনিয়ার। তবে একটি সত্য ইতিমধ্যেই স্পষ্ট যে, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হওয়া উচিত ব্যালট বাক্সে, কোনো ধরনের বর্বরতার মাধ্যমে নয়।


