হিমাংশু সিংহ: ৬ মাসে পাঁচ পাঁচটা এনকাউন্টার হয়েছে। ধর্ষক, খুনি, ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের কথা সোচ্চারে ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ঘোষণাকে স্বাগত, কিন্তু কার্যক্ষেত্রে? একজন তোলাবাজও কঠোরতম শাস্তি পেয়েছে বলে শোনা যায়নি। সেরকম ইচ্ছা আছে বলেও মনে হচ্ছে না। পুলিশ নাম কা ওয়াস্তে শাসক দলের কয়েকজনকে গ্রেপ্তার করেছে ঠিকই, কিন্তু অভিযোগের তুলনায় ধরপাকড়ের সংখ্যাটা নস্যি। জামিনও সহজলভ্য। ১৭০০ অভিযোগ, এফআইআর হয়েছে মাত্র ১১৩টা। কেন? ভয়ে না ভক্তিতে! মানুষ কিন্তু বিগত নির্বাচনে দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধেই রায় দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য বঙ্গবাসীর। শাসক বদলালেও তোলাবাজি বন্ধ হয়নি। দুর্নীতি কমেনি। নেতাদের অনেকে দু’হাতে তোলা তুলছেন, অথচ লক্ষ্মীর ভাণ্ডারের সবাই অন্নপূর্ণা না পেয়ে তিন হাজারের জন্য মাথা কুটে মরছে। রাস্তার হকার রোজগার হারিয়েছে অথচ চোরেদের কেউ কেউ রং বদলে দিব্যি রাজ্যসভায়। রাজ্য সরকারি কর্মীরা বকেয়া ডিএ সবটা পাননি। চাকরিহারা শিক্ষকরা আগের মতোই বঞ্চিতদের দলে। ডবল ইঞ্জিনের প্রতিশ্রুতির ঘেরাটোপে সিঙ্গুরবাসীকে অপেক্ষায় থাকতে হবে আর কতদিন! শাপমুক্তি কি হবে এক বছরে?
গত ৬ মাস ধরে রাজ্যটা মায় দল ও সরকারটা চালাচ্ছেন চার ‘এস’। শুভেন্দু, শমীক, সুকান্ত এবং সুনীল বনসল। তাঁদের সদিচ্ছার অভাব নেই কিন্তু তোলাবাজি রমরমিয়ে বেড়ে গিয়েছে নীচের তলার প্রশ্রয়ে। অনেক ক্ষেত্রেই বিধায়কদের পৌরোহিত্যে। টাকা কামাতে তাঁরা এতই ব্যস্ত যে দলের সাংগঠনিক বৈঠকে আসার সময় পর্যন্ত পাচ্ছেন না, একথা শুক্রবার দলের বৈঠকে কার্যত স্বীকার করেছেন শীর্ষ নেতৃত্ব। এর পিছনেও শুধু যে ষোলোআনা ৪ মে’র পরের রং বদলানোরাই দায়ী, এই ব্যাখ্যা কিন্তু মানুষের প্রাত্যহিক অভিজ্ঞতার সঙ্গে মিলছে না। ৪ মে’র আগের বিজেপির সবাই ধোয়া তুলসীপাতা, এই সরলীকরণ অতি ব্যবহারে আজ ক্লিশে। বহু ক্ষেত্রে জেলায় জেলায় অভিযোগের কেন্দ্রে নির্বাচিত শাসকরাই। এটাকেই নিউ নর্মাল মেনে নিয়ে মানুষ কতটা সহ্য করবে!
মানতেই হবে, গত ৬ মাসে সমাজে বিভাজন বেড়েছে। হিন্দু-মুসলমান তো ছিলই। এখন আরও দুশো কিস্সা। কিছু ঘটলেই ৪ মে’র আগে ও পরের দুরকম বিজেপি আছে বলে দাগিয়ে দিয়ে আর কতদিন দায় এড়াবেন? মানুষের ক্ষোভ কিন্তু ইতিমধ্যেই ঊর্ধ্বগামী। ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল বাছাইয়ের মাপকাঠি শমীকবাবুরা প্রকাশ্যে ঘোষণা করেননি। ওরাও তো দু’টি আলাদা সম্প্রদায়ের মতোই। এই বিভাজনের টানাপোড়েনে চোর সাধু সেজে তোলা তুলছে আর প্রকৃত ভালো সেই তিমিরেই। মাত্র কয়েক মাসেই হ্যাভস গেরুয়া আর হ্যাভ নট গেরুয়ার টানাপোড়েনে সমাজে বঞ্চনা বাড়ছে। হিংসা ছড়াচ্ছে। বিজেপি খুন করছে বিজেপিকে। বছর ঘোরেনি, মাত্র ৬ মাসেই এও দেখতে হচ্ছে সুশৃঙ্খল দলে। আর মোদিজির আশীর্বাদধন্য বিধায়ক প্রলাপ বকছেন, না জিতলেই বোধহয় ভালো হতো!
এই আকাশছোঁয়া হতাশা আর ক্ষোভের মেরুকরণ হয় না। তবে দ্রুত সঞ্চারিত হয়। কারণ দুই অংশই একটিমাত্র দলেরই ষোলোআনা নিজস্ব রোগগ্রস্ত অংশ। আর ঝগড়া বাংলার উন্নয়নের জন্য নয়, স্রেফ কামাই নিয়ে। মানুষ প্রশ্ন করছে, পানিহাটিতে দলেরই নেত্রীর স্বামীকে যারা খুন করেছে তাদের এনকাউন্টার এখনও হল না কেন? মাত্র ৬ মাসেই সেমসাইড গোল দেওয়া শুরু হয়ে যাবে বলে?
বিজেপি সরকারের প্রথম ৬ মাসের কিস্সা কিন্তু এখানেই অতি বড়ো সমর্থককেও ভাবাচ্ছে। আর ‘সুনার’ বাংলার স্বপ্ন ক্রমশ ম্লান হচ্ছে। পালাবদলের পর যতই স্বঘোষিত ‘ভরসা’ প্রতিষ্ঠিত হোক না কেন শাসকের বিরুদ্ধে অভিযোগ জানাতে এখনও সাধারণ মানুষের পা কাঁপে। তারপরও পঞ্চায়েত থেকে পুরসভা, গ্রাম থেকে শহর সর্বত্র তোলাবাজির রমরমা। ২৮ জুলাই সরকার একটা হেল্পলাইন চালু করল জোর করে টাকা আদায় সংক্রান্ত নালিশ জানানোর। মাত্র তিন মাসের মধ্যেই তাতে ১৭০০ অভিযোগ জমা পড়া কিন্তু অশনিসংকেত। কারণ ওই যে বললাম ভয়। দ্বিতীয়ত, মধ্যিখানে অন্তত দেড়মাস দুর্গাপুজোর জন্য মানুষের ওদিকে বিশেষ মন থাকে না। অনেকে বিশেষত ছোটো ব্যবসায়ী, দোকানদার, দালালরা আবার ঝামেলা এড়াতে থানা-পুলিশ করতে চান না। কারণ এলাকাতেই তো থাকতে হবে। আর সেই কারণেই সংখ্যাটা বিপজ্জনক। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, তোলাবাজি আটকাতেও সরকার ও শাসক দলকে জিরো টলারেন্স নিয়েই চলতে হবে। যে বার্তা ধর্ষক, খুনি, ড্রাগ মাফিয়াদের দেওয়া হচ্ছে, সেই একই নির্মম বার্তা ঘুষখোর, তোলাবাজদেরও না দিতে পারলে পরিস্থিতির উন্নতি হবে না। ‘চেষ্টা করেছিলাম, পারিনি। এটাই নিউ নর্মাল পরিস্থিতি’, বলে দায় এড়ালে মানুষের রোষ কিন্তু বাড়বেই। এতে দল কিংবা সরকার কারও মুখ উজ্জ্বল হবে না। বছর ঘুরলে পরিস্থিতি আরও ভয়ংকর হবে।
জনগণ কী দেখছে, সোনার বাংলা গড়ার কথা ভুলে গিয়ে দিলীপ ঘোষ বাংলাকে ইউপি, গুজরাত করে দেওয়ার কথা বলছেন! দিলীপবাবু আগের মতোই সপ্রতিভ ও ডাকাবুকো চনমনে ষাটোর্ধ্ব যুবক। বলেছেন, বাংলাকে ইউপি করব, গুজরাত করব। কারও হিম্মত থাকলে আটকাক। অসুবিধা হলে বিনা ভিসায় বাংলাদেশে পাঠিয়ে দেব। এটাই কি কথা ছিল ভোটের আগে! শমীক ভট্টাচার্য থেকে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলরা বারবার কি এই অসংযত হওয়ার পাঠই দিয়েছেন দলের প্রথমসারির নেতাদের। কিন্তু এই মুহূর্তে রাজ্যের ক্ষমতাসীন বিজেপির নেতা-কর্মীদের বিরুদ্ধেই শৃঙ্খলাভঙ্গের নালিশ জমা পড়ছে রোজ। এ নেতা ও নেতার বিরুদ্ধে খড়গহস্ত। পুরভোটের প্রার্থী তালিকা বেরলে এই খুনোখুনি আরও বাড়বে। গত শুক্রবার সল্টলেকে দলের বৈঠকে তা নিয়ে চরম হুঁশিয়ারি দিয়েছেন সুনীল বনসল। তাঁর সাফ বক্তব্য, নেতৃত্বের নির্দেশ অমান্য করলে কড়া শাস্তি অনিবার্য। এমন কোনো আচরণ করবেন না, যাতে দল ব্যবস্থা নিতে বাধ্য হয়। কিন্তু এতে কি কাজ হবে? না সবটাই অরণ্যে রোদন!
নিকাশি নালা নির্মাণের কাজের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে ৮ শতাংশ কমিশন বা কাটমানি চাওয়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মী সাধন মণ্ডলের বিরুদ্ধে। আবার মাছ ব্যবসায়ীর থেকে ৩ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে জয়নগর সাংগঠনিক জেলা যুব মোর্চার সম্পাদকের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, তোলার টাকা না পেয়ে ওই ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিজেপি নেতার বিরুদ্ধে। এরপরেই ওই বিজেপি নেতার বিরুদ্ধে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত ব্যবসায়ী। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে দলেরই এক নেতার বিরুদ্ধে বিধানসভায় টিকিট দেওয়ার নাম করে কোটি টাকার তোলাবাজির অভিযোগ ওঠার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। খড়্গপুরে একটি কারখানায় তোলাবাজির অভিযোগেও এক বিজেপি নেতা গ্রেপ্তার হয়েছেন। মুর্শিদাবাদের হরিহারপাড়ায় বিজেপি কর্মী পুলিশের নাম করে তোলাবাজি করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে। দলীয় বৈঠকে অনেক জায়গায় এমএলএ-রা সশরীরে না গিয়ে প্রতিনিধি পাঠাচ্ছেন। বিধায়করা নাকি এতই ব্যস্ত যে সংগঠনের বৈঠকে যোগ দেওয়ার সময় পর্যন্ত পাচ্ছেন না! খোদ রাজ্যের অর্থমন্ত্রী সম্মাননীয় স্বপন দাশগুপ্ত হতাশ কণ্ঠে বলেছেন, চেষ্টা করেও থামাতে পেরেছি বলব না। বর্তমান অবস্থাকে নিউ নর্মাল বলেই তিনি দায় এড়িয়েছেন। আর বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যর বেশ কয়েকরকম উত্তরের সেট টেমপ্লেট তৈরি করা আছে। একটা হচ্ছে, এটা বিজেপির সংস্কৃতি নয়। বিজেপি এরকম কাজ করে না। দুই, বিজেপির তৃণমূলীকরণ কোনোদিন হবে না। দরজা ৪ মেও বন্ধ ছিল। এখনও বন্ধ। দরজা খোলার কোনো সিদ্ধান্ত হয়নি। তিন, যারা একাজ ঘটিয়েছে তারা ৪ মের পরের বিজেপি। দরজাই যদি বন্ধ তাহলে ৪ মের পরের বিজেপি তৈরি হল কীভাবে শমীকবাবু? চতুর্থ: কেউ এরকম কাজ করলে দল ব্যবস্থা নেবে। বিজেপিতে থেকে এমন কাজ করা যাবে না। ইত্যাদি ইত্যাদি। বিজেপি নেতৃত্বকে প্রশ্ন, দরজাই যদি বন্ধ তাহলে ভালো তৃণমূল খারাপ তৃণমূল বিভেদ করলেন কেন? কার নির্দেশে একজন নয়, পর পর পচে যাওয়া জোড়াফুলের তিনজন রাজ্যসভা সদস্যকে পদত্যাগ করিয়ে দলে যোগদানের আগেই আবার টিকিট দেওয়ার পাকা কথা দেওয়া হল? কেন পচা দলের ২০জন দলত্যাগী এমপির সদস্যপদ বাঁচাতে এখনও স্পিকার সাহেব সময় বাড়িয়েই যাচ্ছেন অকারণে? প্রমাণ করছেন ওই দুর্নীতিপরায়ণ দলটার সদস্যদের ভোটটা লোকসভায় দরকার বিল পাশ করাতে? যাঁদের সবক শেখানোর কথা, তাঁদেরই সকালবেলা ডেকে ব্রেকফাস্ট খাওয়াচ্ছেন প্রধানমন্ত্রী স্বয়ং। আর এ রাজ্যের যাবতীয় দণ্ডমুণ্ডের কর্তা বলছেন, প্রধানমন্ত্রী যাঁকে প্রাতরাশ করিয়েছেন তাঁর বাড়িতে আমি লক্ষ্মীপুজোর নাড়ু খেতে যেতে পারব না! বাহ্ রে দুনিয়া। এতে দোষের কী আছে! খুব সত্যি কথা! একটুও ভুল নেই।
কিন্তু দইয়ের ফোঁটা কপালে এঁকে ভোট দিতে যাওয়া জনগণ কী বুঝল? তাঁদের তো আক্কেল গুড়ুম! রাজা আসে রাজা যায়! সব যা ছিল তাই থাকে, বদলায় না কিছুই! শুধু তোলাবাজির হাতবদল হয় নীরবে। আর জনগণ শুধু স্বপ্ন দেখে দেখে বদহজমে ভুগে রাস্তায় গড়াগড়ি খায়। চোরেরা দ্রুত কনভার্ট হয়ে যায় লাভজনক ধর্মে এবং জিরাফে। এক্ষেত্রে বদলের গতি ধর্মান্তরের চেয়েও দ্রুত। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং প্রবীণ নেতা স্বপন দাশগুপ্ত প্রকাশ্যেই দলের একাংশের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শমীক ভট্টাচার্য মেনে নিয়েছেন যে দলের নাম ভাঙিয়ে একাংশ তোলাবাজিতে যুক্ত হচ্ছে। ঘুষ আর তোলাবাজিই যখন রাজনৈতিক শক্তিধরদের ক্ষমতার কাছাকাছি থাকার প্রধান শর্ত হয়ে দাঁড়ায় তখন গণতান্ত্রিক ব্যবস্থা ঘিরে ক্রমবর্ধমান দুর্নীতি তো নিউ নর্মাল হবেই। ওখানেই যে মধুভাণ্ড লুকিয়ে। যাদের কাছে নীতির থেকে মধুভাণ্ড বড়ো, মাঝে মাঝেই রং বদল করা, পাপ ঢেকে নিজেকে নিরাপদ রাখার তাগিদ থেকেই এই গিরগিটি হওয়ার প্রতিযোগিতা। বিজেপির মধ্যে থেকে কেউ সতর্কবার্তা দিতেই পারেন, বারবার মিথ্যা আস্ফালনও সেই কারণেই...কিন্তু তাঁরা তো ঠেকাতে পারছেন না আর।
এসবের নিটফল হচ্ছে ধান্দা কামাই রোজগার নিয়ে আকচাআকচি। যার জেরে পানিহাটিতে নিজের দলের লোকের হাতে খুন হতে হচ্ছে মণ্ডল সভাপতি রুমা সাহার স্বামী অপূর্ব সাহাকে। কোনো গরিবকে সাহায্য করা নয়, ক্ষমতা ও দখলদারি নিয়ে ঝামেলা থেকেই গোটা ঘটনার সূত্রপাত। একই কারণে বিক্ষোভ ও অকথ্য গালাগালির মুখে পড়তে হয়েছে বারাকপুরের বিধায়ককে। যাঁর এই মুহূর্তে প্রধান শত্রু কোনো তৃণমূল কিংবা সিপিএম নেতা নন, দলেরই বিপরীত মেরুর প্রথিতযশা এক মন্ত্রী। রাজনীতি আসলে এমনই হাজারো নোংরা সম্ভাবনার শিল্প। যেখানে নিজের লোকও মুহূর্তে প্রাণঘাতী শত্রু। এখানে ক্ষমতা দখল এবং অর্থই অনর্থের মূল সূতিকাগৃহ।
খুনি ধর্ষকদের চেয়ে তোলাবাজরা কম বড়ো অপরাধী নয়। শুধু সহ্য করলে চলবে না, তাদেরও কঠোর শাস্তি চাই। এবং দ্রুত। নাহলে পাঁচ বছর পরে বিজেপিরও দুটো ভাগ হবে। ভালো বিজেপি আর খারাপ বিজেপি! একে অপরের উপর চড়াও হবে।


