মানবধর্ম
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

‘মানবধর্ম’ কথাটা আমাদের শাস্ত্রের ভাষা। মনুর একখানা পুঁথি হল ‘মানবধর্মশাস্ত্র’। মহাভারতেও মানবধর্মের উল্লেখ আছে। রবীন্দ্রনাথ কলিকাতা বিশ্ববিদ্যালয়ে ‘কমলা’ লেকচার দিয়েছেন ‘মানুষের ধর্ম’ অর্থাৎ ‘Religion of Man’ নামে। প্রভু জগদ্বন্ধু বলেছিলেন—‘আপনারা বেদ মানেন তো? কি কি জাতি মানেন? আমি মানি এক মানবজাতি, পশুজাতি এই সব।’ মানবমাত্রই একটা জাতি। তার মধ্যে ছোট-বড় ভেদের কোনও অর্থ হয় না। 

Advertisement

মানবজাতির ধর্ম কি? মানবধর্ম। সকলেরই এক ধর্ম—মানবধর্ম। ব্রাহ্মণ-ক্ষত্রিয়-বৈশ্য ইত্যাদি কোন ভেদ না—শাস্ত্রীয় নাম ‘বর্ণ’। ইংরেজ, জার্মান, ফরাসী জাতি—এ ঠিক নয়। এসব জাতির ধর্মও আলাদা নয়। মানবজাতির একটাই ধর্ম—মানবধর্ম। এ ধর্ম বাদ দিলে সর্বনাশ। আপনি আর মানুষই রইলেন না। একথা যদি বলি—শিক্ষা হবে ধর্মহীন, তাহলে বুঝব ঐ শিক্ষায় মানুষ গড়বে না। ছাত্রছাত্রীদের মনুষ্যত্ব হবে না। শিক্ষায় ধর্ম থাকবে না মানে, এ শিক্ষায় যাঁরা শিক্ষিত হবেন তাঁরা মনুষ্যত্ব লাভ করবেন না। সাবধান হোন! মনুষ্যত্ব লোপ পেয়ে যাবে। 
স্টেট হবে ধর্মহীন, তার অর্থ হ’ল স্টেট যে হবে অর্থাৎ যাঁরা শাসন করবেন তাঁদের কোন ধর্ম থাকবে না। মানুষের মনুষ্যত্ব না থাকার ফলে মানুষ চুরি করবে, মিথ্যা কথা বলবে, পরকে হিংসা করবে, পরের ক্ষতি করবে। অতএব তার জন্য তৈরী হউন। মনুষ্যত্ব বাদ দিয়ে কোন institution তৈরী করাও যা, তার আগে অ্যাটম বোমা দিয়ে সব শেষ করে দেওয়াও তাই। যাঁরা এসব কথা বলেন—তাঁরা হয়ত ধর্ম কি তা বোঝেন না। কি করে বোঝাব বলুন তো? বড় বড় লোক বলছে—তাদের কথাই বা অস্বীকার করি কেমন করে? ধর্ম জিনিসটা ‘রিলিজিয়ান’ নয়। শাস্ত্রের ভাষায় কিংবা মহাপুরুষদের ভাষায় মনুষ্যত্বের দু-তিনটি সংজ্ঞা আছে। সবচেয়ে ছোট সংজ্ঞাটি: ‘অহিংসা সত্যমস্তেয়ং শৌচং সংযমমেব চ।/ এতৎ সামাসিকং প্রোক্তং ধর্মস্য পঞ্চলক্ষণম্‌।।’ মনুষ্যত্বের পাঁচটি লক্ষণ হল—চুরি না করা, শুচি থাকা, হিংসা না করা, সংযমী হওয়া এবং সত্যাশ্রয়ী হওয়া। অহিংসার ব্যাখ্যা তো গত ৫০ বছর বিরাটভাবে হয়েছে। অহিংসার মূর্ত আচার্য জীবন দিয়ে অহিংসার ব্যাখ্যা করেছেন। মহাত্মা গান্ধীর কথা বলছি। অহিংসার অর্থ মানুষকে হিংসা না করা অর্থাৎ মানুষকে ভালবাসা, মানুষকে শ্রদ্ধা করা, মানুষকে মানুষ হিসাবে সম্মান দেওয়া—এই তো অহিংসা। হিংসা তো পশুর ধর্ম। 
মহানামব্রত ব্রহ্মচারীর ‘মানবধর্ম’ থেকে