মর্যাদারক্ষার আড়ালে অপচয়?
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জাতীয় পতাকা কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়, নয় ক্ষমতারও প্রচারসামগ্রী—এটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব, আত্মমর্যাদা, সংগ্রাম ও আত্মত্যাগের প্রতীক। তার প্রতিটি রঙের সঙ্গে সম্পৃক্ত দেশের ইতিহাস, মানুষের আবেগ এবং অসংখ্য আত্মবলিদানের স্মৃতি। অতএব, সর্বোচ্চ সম্মান প্রদানসহ জাতীয় পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরার মধ্যে আপত্তির অবকাশ নেই। ভারতের প্রতিটি কোণে মর্যাদার সঙ্গে বরং তেরঙ্গা পতাকা উড্ডীন দেখতে চায় সকলে। কিন্তু সেই পবিত্র আবেগকে সামনে রেখে সরকারি কোষাগারের অর্থব্যয়ের ক্ষেত্রে যদি কোনো সংযম, স্বচ্ছতা ও জবাবদিহিতার বালাই না-থাকে, তবে তা নিয়ে প্রশ্ন উঠবেই। দিল্লিতে ৫০০টি বিশাল জাতীয় পতাকা স্থাপন ও রক্ষণাবেক্ষণে ২০০ কোটি টাকারও বেশি ব্যয়ের যে হিসাব একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা নিছক কোনো সরকারি প্রকল্পের খরচের বিবরণ নয়, বরং সরকারি অর্থ ব্যবহারের যৌক্তিকতা নিয়েই মস্ত প্রশ্ন। ২০২১ সালে আপ জমানায় সূচিত দেশভক্তি কর্মসূচি মারফত রাজধানীর বিভিন্ন প্রান্তে ১১৫ ফুট উঁচু খুঁটিতে ৩৫×৫০ ফুটের তেরঙ্গা পতাকা স্থাপন করা হয়েছিল। সেগুলি বসাতেই খরচ হয় প্রায় ১৩০ কোটি টাকা। তারপর রক্ষণাবেক্ষণের জন্য ২০২৩ সালে ব্যয় হয় ২২.৩১ কোটি , ২০২৫ সালে ২৬.৫৩ কোটি এবং ২০২৬ সালের সেপ্টেম্বরের দরপত্রে ৩৩.৪৮ কোটি টাকা। অর্থাৎ, পতাকা স্থাপনের পরেও প্রতিবছর বিপুল অর্থের সংস্থান করতে হচ্ছে। প্রশ্ন উঠছে, পরিকল্পনা গ্রহণের সময় দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের বিপুল ব্যয়ের প্রসঙ্গটি কতটা গুরুত্ব পেয়েছিল? প্রকল্পের প্রয়োজনীয়তা, ব্যয়ের যৌক্তিকতা এবং বিকল্প ব্যবস্থার সম্ভাবনা কি খতিয়ে দেখা হয়েছিল যথাযথভাবে?

Advertisement

দিল্লির দূষণ, ধুলোবালি, ঝড় প্রভৃতি কারণে পতাকার পরিচর্যা কঠিন—ব্যাখ্যা দিয়েছে পূর্তদপ্তর। নিয়মিত পরিষ্কার, পরিবর্তন ও মেরামতের প্রয়োজন হয়। নতুন নিয়মে প্রতিমাসে পতাকা বদলানোর সিদ্ধান্ত নেওয়ায় দুবছরে প্রয়োজনীয় পতাকার সংখ্যা তিন হাজার থেকে বেড়ে প্রায় দশ হাজারে পৌঁছেছে। পাশাপাশি ২০টি মোটরবাইক টিমের মাধ্যমে নিয়মিত নজরদারির ব্যবস্থাও করা হয়েছে, যার জন্য খরচ ২ কোটি ৬৫ লক্ষ টাকা। এই যুক্তিগুলিকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। জাতীয় পতাকার পরিচ্ছন্নতা, অখণ্ডতা ও মর্যাদা রক্ষায় নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি। ছেঁড়া, বিবর্ণ কিংবা অবমাননাকর অবস্থায় পতাকা পড়ে থাকুক তা কোনো সুনাগরিক চাইবেন না। কিন্তু রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা আর বেলাগাম ব্যয়, এক বিষয় নয়। প্রতিমাসে পতাকা বদলই কি একমাত্র সুরাহা? উন্নত মানের দীর্ঘস্থায়ী কাপড়, বৈজ্ঞানিক পরিচর্যা এবং ফলপ্রসূ রক্ষণাবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে কি ব্যয় কমানো সম্ভব ছিল না? ৫০০টি পতাকার জন্য দরপত্রের শর্ত, বরাতপ্রাপ্ত সংস্থাগুলির যোগ্যতা, প্রতিটি পতাকার ক্রয়মূল্য, পরিবর্তনের প্রকৃত প্রয়োজন এবং রক্ষণাবেক্ষণ ব্যয়ের বিস্তারিত হিসাব জনসমক্ষে আনা উচিত। সরকারি টেন্ডার মানেই স্বচ্ছতা, এমন নিশ্চয়তা বহুকাল আগেই অন্তর্হিত। বরং দরপত্রের প্রতিটি স্তরে প্রতিযোগিতা, নিরীক্ষা ও জনজবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। বিশেষত, যে-প্রকল্পের অর্থের উৎস দেশবাসীর কর, সেখানে খরচের পাই পয়সারও হিসাব প্রদানের দায় সরকারের। পূর্বতন আপ সরকারের হাতে প্রকল্পটির সূচনা, বর্তমান বিজেপি সরকার চালিয়ে যাচ্ছে তার ব্যয়বহুল রক্ষণাবেক্ষণ। তাই দায় এড়ানোর সুযোগ নেই কোনো পক্ষের। এক সরকারের গৃহীত সিদ্ধান্তের খরচ অন্য সরকারকে বহন করতে হচ্ছে বলে সেই খরচের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এমন ধারণাও গণতন্ত্রসম্মত নয়।
আকাশছোঁয়া পতাকা, আলোকসজ্জা কিংবা বিপুল অর্থব্যয়ের মধ্যেই কি দেশপ্রেমের প্রকাশ সীমাবদ্ধ থাকবে? রাজধানীর মানুষ বায়ুদূষণে হাঁপিয়ে উঠছেন। হাসপাতালের পরিকাঠামো, ট্রমা সেন্টার, সরকারি বিদ্যালয় ভবন এবং নাগরিক পরিষেবার উন্নয়নে এখনো বিপুল অর্থের প্রয়োজন। তাহলে সরকারের অগ্রাধিকার কি প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে না? ২০০ কোটি টাকা কোনো মতেই ফেলনা নয়। এই অর্থের সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের শ্রম, আয় এবং করের টাকা। সেই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করাই সরকারের দেশপ্রেমের প্রথম পরীক্ষা। জাতীয় পতাকার উচ্চতা বাড়ালেই রাষ্ট্রের মর্যাদা উঁচু হয়ে যায় না। প্রতিটি নাগরিকের সার্বিক সুরক্ষিত জীবন প্রদানেই রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধি হয়। দুর্নীতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ছাড়া সরকারি অর্থের অপচয় রোখা সম্ভব নয়। তেরঙ্গাকে রাজনৈতিক প্রচারের ঢাল করে কোনো অনিয়ম, অস্বচ্ছতা কিংবা অযৌক্তিক ব্যয়কে আড়াল করার চেষ্টা আরও বিপজ্জনক। তাই ২০০ কোটি টাকা ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ, স্বাধীন অডিট এবং তদন্ত জরুরি। জাতীয় পতাকা থাকবে সর্বোচ্চ মর্যাদায়, তার আড়ালে কোনোরকম দুর্নীতি বা অপচয় সংঘটন ভয়ংকর অন্যায়। দেশভক্তির প্রকৃত পরিচয় পতাকার উচ্চতায় নয়, রাষ্ট্রের দায়বদ্ধতায়, যেখানে আগে পরে উপরে নীচে সবখানে নাগরিকের স্বার্থ।