দুধের দাম বাড়ে, সংসারের পুষ্টি কমে
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কলহার মুখোপাধ্যায়: দুধ কি ক্রমশ নিম্নবিত্তের, মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে? আর্থিক বৈষম্যের বাজারে প্রয়োজনীয় পুষ্টিও কি তবে বিলাসিতার তালিকায়?

Advertisement

এই প্রশ্নই সব সংসারে ঘোরাফেরা করছে এখন। হাজার একটা জনবিরোধী নীতির সমালোচনার পাশাপাশি দুধের দাম নিয়েও কেন্দ্রীয় সরকারের মূল্যহ্রাসের সদিচ্ছা বড়োসড়ো জিজ্ঞাসার মুখে।
বাড়ির শিশুটির খাবার থেকে প্রবীণ ব্যক্তিটির পথ্য বা নিত্যদিনের চা, প্রত্যেক সংসারে দুধ লাগেই লাগে। সেই দুধ কিনতেও মানুষকে ভাবতে হচ্ছে দু’বার। দাম ১২ নভেম্বর ২০২৬ থেকে আবার বেড়েছে। সংস্থা বিশেষে প্যাকেট তরল দুধের দাম লিটার পিছু বেড়েছে ২ থেকে ৪ টাকা। এমন নয় যে, বহুদিন বাদে দাম বাড়ল। গত এক দশকে কয়েক বছর অন্তরই বেড়ে চলেছে দাম। কার্যত বৃদ্ধির ধারাবাহিক প্রবণতা তৈরি হয়ে গিয়েছে দেশে।
কেন্দ্রীয় সরকারের সংসদে দেওয়া একটি তথ্য অনুযায়ী, ২০২০ সালের জুন মাসে দেশে টোনড দুধের গড় দাম ছিল লিটারে ৪৪.১০ টাকা। ২০২৩ সালের জুনে তা বেড়ে হয় ৫১.৬০ টাকা। ফুল ক্রিম দুধের দাম একই সময়ে ৫৪.৯০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে হয় ৬৪.৬০ টাকা। সবমিলিয়ে মোটামুটি ১৮ শতাংশ মূল্যবৃদ্ধি। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সংসদীয় কমিটির রিপোর্ট অনুযায়ী, ২০১৪ সালে দেশে দুধের গড় দাম ছিল লিটারে ৩০ টাকা। ২০২৪ সালের ডিসেম্বর নাগাদ তা বেড়ে হয় ৪৫.৯৮ টাকা। এর পাশাপাশি একটি সংস্থা প্রকাশিত হিসাবে দেখা যায়, ২০১৬ জুন, লিটারে বৃদ্ধি ২ টাকা। ২০১৭ মার্চ, ২ টাকা। ২০১৯ মে এবং ডিসেম্বর, দু’দফায় বৃদ্ধি। ২০২১ জুলাই ফের দাম বৃদ্ধি। তার এক বছরের মধ্যে ২০২২ মার্চ, আগস্ট ও অক্টোবর তিন দফায় দাম বৃদ্ধি। ২০২৩ ফেব্রুয়ারি আবার বৃদ্ধি। ২০২৪ জুন এবং ২০২৫ মে মাসে লিটারে ২ টাকা বেড়েছে। ২০২৬ মে, লিটারে ২ টাকা। ২০২৬ নভেম্বর, লিটারে ২ থেকে ৪ টাকা। সবমিলিয়ে ২০১৬ থেকে ২০২৬ নভেম্বর পর্যন্ত মোট ১৩ বার দাম বেড়েছে মানুষের এই অপরিহার্য খাদ্যের।
এমন নয় যে, দুধ কোনো বিলাসবহুল পানীয়। তা শিশুর পুষ্টি, বৃদ্ধের খাদ্য, অসুস্থ মানুষের পথ্য, দৈনন্দিন খাবারের অঙ্গ। সেই দুধও কি তাহলে ক্রমশ হয়ে উঠছে সামর্থ্যদের সম্পত্তি? তাই যদি হয়, তাহলে সরকারের এত উন্নয়নের ঢাক পিটিয়ে লাভ কি? 
দুধের দাম এভাবে বাড়তেই থাকলে নিম্নবিত্ত পরিবারগুলি প্রথমে কেনার পরিমাণ কমাবে, তারপর প্রয়োজন থাকলেও শিশুদের জন্য আগের মতো কিনতে পারবে না। আর মধ্যবিত্তরা বাধ্য হবে প্রয়োজনের সঙ্গে আপস করতে।
এ জন্যই প্রশ্ন ওঠে, যে দেশে পুষ্টিকর খাদ্যকে জনস্বাস্থ্যের অন্যতম শর্ত বলে ধরা হয়, সেই দেশেই দুধের দাম কীভাবে ক্রমাগত বেড়ে চলে? সরকার একদিকে শিশুদের অপুষ্টি দূর করার কথা বলে, অন্যদিকে দুধের মতো প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর সুরক্ষা দিতে পারে না। ভারতে নীতির এ দ্বিচারিতা আশ্চর্যের!
সরকার সংসদে জানিয়েছে, দুধের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য সরাসরি কেন্দ্র নিয়ন্ত্রণ করে না, সমবায় ও বেসরকারি সংস্থাগুলি বাজার পরিস্থিতি অনুযায়ী দাম নির্ধারণ করে। অর্থাৎ মানুষের জন্য কোনো কার্যকর মূল্য-সুরক্ষা ব্যবস্থার দায় সরকারের নেই। সরকার দুধ উৎপাদন বাড়াতে প্রকল্পের কথা বলে, কিন্তু বৃদ্ধির সুফল সাধারণ ক্রেতার কাছে ঠিকমতো পৌঁছে দেওয়ার গ্যারান্টি নেয় না। ২০২৫ সালের মার্চে সংসদে কেন্দ্র জানিয়েও দিয়েছিল, দুধের ক্রয় ও বিক্রয়মূল্যের জন্য আলাদা সরকারি মূল্য-সহায়তা প্রকল্প চালুর কোনো পরিকল্পনা নেই। উলটোদিকে দুধ উৎপাদন, পশুখাদ্য, দুগ্ধ সমবায় ও পরিকাঠামো উন্নয়নে রয়েছে একাধিক প্রকল্প। 
এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সরকার যদি সব সমস্যার সমাধান বাজারের হাতেই ছেড়ে দেয়, তাহলে নির্বাচনের আগে এতশত জনকল্যাণমূলক প্রতিশ্রুতির বাস্তবতা কী? দেশের মানুষের পুষ্টি জোগানে রাষ্ট্রের আদৌ কি কোনো দায়িত্ব আছে? নাকি তা শুধুই বাজারের মুনাফার বিষয়?
এত কেন বাড়ছে দুধের দাম?
সংস্থাগুলির বক্তব্য, প্রথমত, গোরু ও মহিষের খাদ্য হিসাবে ব্যবহৃত ভুট্টা, খোল, তৈলবীজ, খড় ইত্যাদির দাম বেড়েছে। একটি সংস্থার দাবি, গত এক বছরে কিছু অঞ্চলে সবুজ ও শুকনো পশুখাদ্যের দাম ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে। দ্বিতীয়ত, পরিবহণ ও জ্বালানির খরচ বৃদ্ধি। খামার থেকে দুধ সংগ্রহ, প্রক্রিয়াকরণ, প্যাকেটজাত করা এবং বাজারে পৌঁছে দেওয়ার প্রতিটি ধাপে বেড়েছে খরচ। বিদ্যুৎ, ডিজেল, প্যাকেজিংয়ের কাঁচামাল সব কিছুরই মূল্যবৃদ্ধি হয়েছে। তৃতীয়ত, দুধের উৎপাদন ও সরবরাহের ভারসাম্যহীনতা বাজারকে প্রভাবিত করছে। চতুর্থত, সমবায় সংস্থাগুলির যুক্তি, কৃষকদের কাছ থেকে বেশি দামে দুধ কেনার ফলে খুচরো বাজারে দাম বাড়াতে হচ্ছে।
তাহলে জিজ্ঞেস করতেই হয়, উৎপাদকের 
ন্যায্য দাম পাওয়া এবং ক্রেতার সাধ্যের মধ্যে 
ভারসাম্য রক্ষার দায়িত্ব কার? সরকার কি সেই দায় এড়াতে পারে?
পারে না। অবস্থা পরিবর্তনের দায়িত্ব সরকারেরই। কৃষককে তার ন্যায্যমূল্য দিতেই হবে, পশুখাদ্যের দাম নিয়ন্ত্রণে আনতেই হবে, পশু চিকিৎসা ও দুধ উৎপাদনের পরিকাঠামো উন্নত করতেই হবে। এবং এই কাজে নিশ্চিত করতে হবে সরকারি নজরদারি। উৎপাদন থেকে খুচরো বিক্রির প্রতিটি স্তরে অস্বাভাবিক মুনাফা বা অস্বচ্ছ মূল্য নির্ধারণ হচ্ছে কি না দেখতে হবে সরকারকেই।
তাহলে দুধের দাম নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা কী হতে পারে?
১, ভুট্টা, খোল, খড় ও অন্যান্য পশুখাদ্যের দাম কমাতে সরাসরি সহায়তা। ২, উৎপাদন খরচ, কৃষকের প্রাপ্যমূল্য এবং খুচরো বিক্রির দামের ব্যবধানের নিয়মিত হিসাব প্রকাশ। ৩, রেশন দোকান, অঙ্গনওয়াড়ি ও সরকারি স্কুলের মাধ্যমে ভরতুকি যুক্ত দুধ সরবরাহ। ৪, অস্বাভাবিক পরিস্থিতিতে উৎপাদক ও ক্রেতা উভয়কে সুরক্ষা দিতে কেন্দ্র ও রাজ্যের যৌথ তহবিল। ৫, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে সমবায় ব্যবস্থা। কারণ এই ব্যবস্থা অনেক দৃঢ়। ২০২৫ সালে সংসদে পেশ করা তথ্য অনুযায়ী, সমবায় দুগ্ধক্ষেত্রে ক্রেতার দেওয়া প্রতি ১০০ টাকার মধ্যে ৭০ থেকে ৮০ টাকা উৎপাদক কৃষকদের কাছে পৌঁছায়।
এখানে একটি তথ্য তুলে ধরা অবশ্যই উচিত। ভারত হল বিশ্বের অন্যতম বৃহৎ দুধ উৎপাদনকারী দেশ। এবং তা সত্ত্বেও এ দেশে দুধের দাম আকাশছোঁয়া। এর কারণ হিসাবে বহু অর্থনীতিবিদের বক্তব্য, জনস্বার্থ নয় এ দেশে পুঁজির স্বার্থই এখন অগ্রাধিকার পায়। সাধারণ মানুষকে বাজারের হাতে ছেড়ে দিয়েছে সরকার। বাজারের স্বাধীনতার নামে কর্পোরেট ও বেসরকারি পুঁজির স্বার্থকে পরোক্ষে অগ্রাধিকার দিচ্ছে। এসবের হাত ধরেই যথেচ্ছ বেড়ে চলেছে দুধের দাম।
ভারতের অর্থনৈতিক নীতিতে গত কয়েক দশকে বেসরকারি বিনিয়োগ ও বাজারের ভূমিকা ক্রমশ বেড়েছে। সরকার বারবার বলে, প্রতিযোগিতাই 
দাম নিয়ন্ত্রণ করবে। ফলে উৎপাদক সংস্থা যা দাম নির্ধারণ করে তা মেনে নেওয়া ছাড়া মানুষের সামনে বিকল্প কিছু নেই।
ইউরোপে কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হয়। আমেরিকায় দরিদ্র পরিবারের জন্য খাদ্য কেনার সরকারি সুবিধা মেলে। কানাডায় দুগ্ধশিল্পের পরিকল্পিত মূল্যব্যবস্থা আছে। ভারতেও এমন ব্যবস্থা গড়ে তোলা মোটেও অসম্ভব নয়। কিন্তু এ দেশে বাজারের স্বাধীনতার কথা বলা হয়। আর উলটো দিকে মানুষের ক্রয়ক্ষমতা রক্ষায় কোনো সরকারি সুরক্ষা ব্যবস্থা চোখে পড়ে না।
এখানে একটি মৌলিক বৈপরীত্য রয়েছে। সরকার কৃষককে ন্যায্য দাম দেওয়ার কথা বলে, আবার ক্রেতার সমস্যার দায় বাজারের ঘাড়ে চাপায়। বড়ো সংস্থার উৎপাদন ও বিপণন ব্যবস্থায় সরকারি নীতি, কর ছাড়, পরিকাঠামো ও বিনিয়োগের নানা সুবিধা থাকে। অথচ সাধারণ মানুষের জন্য সেরকম সহায়তা নেই। পুঁজিবাদী অর্থনীতিতে মুনাফা অর্জন অপরাধ নয়, কিন্তু খাদ্য ও পুষ্টির মতো মৌলিক প্রয়োজনকে সম্পূর্ণ বাজারের হাতে ছেড়ে দিয়ে সামাজিক বৈষম্য বাড়ার ক্ষেত্রতে উৎসাহিত করা ছাড়া আর কিছুই করা হয় না।
ওই অর্থনীতিবিদেরই বক্তব্য, দুধের ব্যবসায় হাজার হাজার কোটি টাকার বাজার। মুনাফার শেষ নেই। বিপুল অঙ্কের ব্যবসা। ফলে দাম বাড়ানোর কারণ যাচাই করতে হলে সংস্থাগুলির আয় ও নিট মুনাফার হিসাবও প্রকাশ্যে রাখা প্রয়োজন। যে শিল্পে হাজার হাজার কোটি টাকার ব্যবসা হচ্ছে, সেখানে উৎপাদন খরচ বৃদ্ধির পুরো বোঝা কেন সাধারণ ক্রেতার ঘাড়ে চাপবে? সংস্থাগুলির প্রকৃত মুনাফা, পরিচালন ব্যয় এবং কৃষকদের দেওয়া দুধের দাম, সবকিছুর হিসাব প্রকাশ হলে জনমানসে স্বচ্ছতা আসবে। দুধের দাম বাড়ানোর আগে সংস্থাগুলির মুনাফার হিসাব জনসমক্ষে আসুক। 
সরকারের কাছে প্রশ্ন, রাষ্ট্র কি শুধুই ব্যবসার অনুকূল পরিবেশ তৈরি করবে, নাকি মানুষের বেঁচে থাকার ন্যূনতম অধিকারও নিশ্চিত করবে? দুধের বাজারে কৃষকের ন্যায্য প্রাপ্য এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা, দু’টিই রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। মুনাফার হিসাবের বাইরে মানুষের পুষ্টির অধিকারকে স্থান না দিলে এত শত উন্নয়নের যে দাবি, তা শেষপর্যন্ত কার স্বার্থে?