Bartaman Logo
৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বেলুড়ে সাইবার জালিয়াতি, চক্রের পান্ডাকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ

অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে লক্ষাধিক টাকা তুলে নেওয়ার ঘটনায় ঝাড়খণ্ডের এক সাইবার জালিয়াতকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ।

বেলুড়ে সাইবার জালিয়াতি, চক্রের পান্ডাকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ
  • ৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে লক্ষাধিক টাকা তুলে নেওয়ার ঘটনায় ঝাড়খণ্ডের এক সাইবার জালিয়াতকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ। যশোবন্ত প্রসাদ ওরফে সুনীলের বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় প্রতারণার অভিযোগ রয়েছে। অভিযুক্ত একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মী বলে জানা গিয়েছে। সেখান থেকেই সে গ্রাহকদের তথ্য হাতিয়েছিল।

Advertisement

হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, চলতি বছরের ২৪ এপ্রিল বেলুড় থানায় সাইবার জালিয়াতির একটি অভিযোগ জমা পড়ে। এক মহিলার কাছে এক অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনের অন্য প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মী বলে পরিচয় দিয়ে জানায়, অ্যাকাউন্টে কেওয়াইসি দেওয়া নেই। তাই অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে। এই কথা শুনে ঘাবড়ে গিয়ে মহিলা জানতে চান, তাহলে কী করতে হবে এখন? এরপরই অভিযুক্ত বলে, তার কথামতো বেশ কিছু পদক্ষেপ করতে হবে। ওই মহিলার ফোনে একটি লিঙ্ক পাঠানো হয়। তিনি তাতে ক্লিক করা মাত্রই অ্যাকাউন্ট থেকে এক লক্ষের বেশি টাকা উধাও হয়ে যায়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি অভিযোগ জানান বেলুড়ে থানায়।
তদন্তে নেমে পুলিশ যে অ্যাকাউন্টে টাকা গিয়েছে, তার তথ্য সংগ্রহ করে। তার সূত্র ধরে অ্যাকাউন্টের সঙ্গে থাকা মোবাইল নম্বরটি পান তদন্তকারীরা। তাঁরা জানতে পারেন, ঝাড়খণ্ডের হাজারিবাগের সাইবার জালিয়াত চক্র এর পিছনে রয়েছে। তদন্তে জানা যায়, বিধাননগর, রাজারহাট, কালীগঞ্জ সহ বিভিন্ন থানা এলাকায় সাইবার জালিয়াতির শিকার হওয়া সাধারণ মানুষের টাকা ঢুকেছে ওই অ্যাকাউন্টে। এনসিআরপি পোর্টালে ধরা পড়ে, ভিন রাজ্য থেকেও টাকা এসেছে এখানে। ওই অ্যাকাউন্টের মালিক যশোবন্ত। অনেকদিন ধরেই সে প্রতারণা চক্রে জড়িত। বেসরকারি ব্যাঙ্কের কর্মী থাকাকালীন সে গ্রাহকদের তথ্য হাতিয়ে জালিয়াতদের দিয়েছে। হাজারিবাগে বসেই এভাবে সাধারণ মানুষের টাকা হাতাচ্ছে সে। তদন্তকারীদের সন্দেহ, জামতাড়া গ্যাংয়ের সঙ্গে তার যোগ রয়েছে।
খোঁজ করতে গিয়ে অফিসাররা দেখেন, যশোবন্ত ইতিমধ্যেই ধরা পড়ে কলকাতায় জেলে রয়েছে। এরপর তাকে হেফাজতে নিতে বুধবার হাওড়া আদালতে আবেদন জানায় পুলিশ। সরকারি কৌঁসুলি তারাগতি ঘটক আদালতে বলেন, অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। জালিয়াত চক্রের শিকড়ে যেতে হলে তাকে হেফাজতে নেওয়া দরকার। হাওড়া আদালতের সিজেএম গৈরিক রায় অভিযুক্তকে ছ’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

সম্পর্কিত সংবাদ