পরীক্ষার দিন যত এগিয়ে আসে, ততই বাড়ে পড়াশোনার চাপ। সে সময় সন্তানকে শুধু পড়তে বললেই হবে না, বরং তার মানসিক অবস্থা বুঝতে হবে। অভিভাবকদের ভূমিকা কেমন হবে? জানালেন প্যারেন্টিং সাইকোলজিস্ট অনন্যা সেনগুপ্ত।
রাত ন’টা। পরের দিন ক্লাস এইটের অঙ্ক পরীক্ষা। বইখাতা নিয়ে টেবিলে বসে রয়েছে অর্ণব। মা বারবার ঘরে ঢুকে জানতে চাইছেন, কতটা পড়া হল। একবার বলছেন, ‘আর কতক্ষণ লাগবে?’ পরক্ষণেই মনে করিয়ে দিচ্ছেন, ‘সব অঙ্ক একবার করে করেছিস তো?’ অর্ণবও চেষ্টা করছে। কিন্তু যতবার মা ঘরে আসছেন, ততবারই যেন মনোযোগের সুতো ছিঁড়ে যাচ্ছে। শেষপর্যন্ত বিরক্ত হয়ে বই বন্ধ করে সে বলে উঠল, ‘আমি তো পড়ছি! বারবার বলছ কেন?’
অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ঐশী। টেস্ট পরীক্ষায় আশানুরূপ নম্বর হয়নি। সামনে বোর্ডের পরীক্ষা। বাড়িতে ফিরেই সে চুপচাপ নিজের ঘরে ঢুকে পড়েছে। বাবা খাতা দেখতে চেয়ে জানতে চাইলেন, ‘এত দিন ধরে পড়েও এই নম্বর? আরও ফোন ঘাঁটো। আর তো ক’মাস বাদেই সামনের পরীক্ষা। তাহলে তখন কী করবি?’ ঐশী আর কিছু বলল না। অথচ তার নিজেরও ভয় হচ্ছে, এত পড়া কি শেষ পর্যন্ত মনে থাকবে? পরীক্ষার হলে সব উত্তর লিখতে পারবে তো?
দুই বাড়ি, দুই বয়সের পড়ুয়া। কিন্তু সমস্যার জায়গাটি প্রায় এক। পরীক্ষার প্রস্তুতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে উদ্বেগ, অভিভাবকের প্রত্যাশা এবং মনোযোগ ধরে রাখার লড়াই। পরীক্ষার দিন যত এগিয়ে আসে, ততই বাড়তে থাকে পড়াশোনার চাপ। এই সময়ে সন্তানকে শুধু পড়তে বললেই হবে না, বরং তার মানসিক অবস্থাও বুঝতে হবে। কীভাবে পরীক্ষার সময়ে সন্তানকে ফোকাসড রাখা সম্ভব? স্কুলের পরীক্ষা এবং বোর্ড পরীক্ষার ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা কি আলাদা হওয়া উচিত? জানালেন প্যারেন্টিং সাইকোলজিস্ট অনন্যা সেনগুপ্ত।
স্কুলের পরীক্ষা: অভ্যাস তৈরি হোক, ভয় নয়
স্কুলের পরীক্ষাগুলি শুধু নির্দিষ্ট পাঠ্যক্রমের মূল্যায়ন নয়, বড়ো পরীক্ষার প্রস্তুতি ও পরীক্ষায় বসার অভ্যাস তৈরিরও গুরুত্বপূর্ণ ধাপ। তাই ছোটো থেকেই সন্তানকে পড়াশোনার একটি নিয়মিত রুটিনে অভ্যস্ত করা প্রয়োজন। পরীক্ষার কয়েক দিন আগে হঠাৎ করে অনেকক্ষণ পড়তে বসানোর চেষ্টা না করে সারা বছর অল্প অল্প করে পড়ার অভ্যাস তৈরি করাই ভালো।
প্রথমেই সন্তানের পড়ার সময়সূচি তৈরিতে তাকে যুক্ত করুন। কোন বিষয়টি কখন পড়বে, কতক্ষণ পড়বে, কখন বিরতি নেবে—এসব সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পেলে পড়াশোনার প্রতি তার দায়িত্ববোধও বাড়ে। তবে রুটিন যেন অত্যন্ত কঠোর না হয়। সব শিশুর শেখার ধরন এক নয়। কেউ সকালে ভালো পড়ে, কারও আবার বিকেল বা সন্ধ্যায় মনোযোগ বেশি থাকে। সন্তানের স্বাভাবিক অভ্যাস বুঝে সময়সূচি তৈরি করা জরুরি।
পড়ার সময় ছোটো ছোটো লক্ষ্য স্থির করতে সাহায্য করুন। যেমন, এক ঘণ্টায় গোটা অধ্যায় শেষ করার বদলে কয়েকটি প্রশ্নের উত্তর তৈরি করা বা নির্দিষ্ট অংশ বুঝে নেওয়া। লক্ষ্য পূরণ হলে সন্তানকে উৎসাহ দিন। ভুল করলে বকাঝকা না করে কোথায় সমস্যা হচ্ছে, তা বুঝতে সাহায্য করুন। কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে শিক্ষক বা অভিভাবকের সাহায্য নিতে উৎসাহিত করুন।
স্কুলের পরীক্ষায় নম্বর কম এলে সন্তানকে ভয় দেখানো বা অন্য পড়ুয়ার সঙ্গে তুলনা করা উচিত নয়। বরং কোন জায়গায় প্রস্তুতির ঘাটতি ছিল, তা খুঁজে বের করুন। পরীক্ষার ফলাফলকে ব্যর্থতা হিসেবে না দেখে শেখার সুযোগ হিসেবে দেখতে শেখান। এতে পরবর্তী পরীক্ষার আগে তার আত্মবিশ্বাস বজায় থাকবে।
বোর্ড পরীক্ষা: প্রস্তুতির পাশাপাশি মানসিক জোর
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মতো বোর্ড পরীক্ষা পড়ুয়াদের জীবনের গুরুত্বপূর্ণ একটি পর্যায়। এই পরীক্ষার সঙ্গে ভবিষ্যতের পড়াশোনা, বিষয় নির্বাচন এবং কেরিয়ার নিয়ে নানা প্রত্যাশা জড়িয়ে থাকে। ফলে পড়ুয়াদের পাশাপাশি উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকরাও। তবে এই সময়ে অতিরিক্ত প্রত্যাশা বা ফলাফল নিয়ে বারবার আলোচনা সন্তানের উদ্বেগ বাড়িয়ে দিতে পারে।
বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথমেই প্রয়োজন বাস্তবসম্মত পরিকল্পনা। কতটা সিলেবাস বাকি, কোন বিষয়গুলি ভালোভাবে আয়ত্ত হয়েছে, কোথায় বেশি অনুশীলন প্রয়োজন— সন্তানের সঙ্গে বসে তা বুঝে নিন। সেই অনুযায়ী দৈনিক ও সাপ্তাহিক লক্ষ্য ঠিক করা যেতে পারে। এক দিনে অনেকটা পড়ার চাপ না দিয়ে ধারাবাহিক প্রস্তুতির দিকে নজর দিন। পুরানো প্রশ্নপত্র সমাধান, নির্দিষ্ট সময় ধরে মক টেস্ট দেওয়া এবং উত্তর লেখার অভ্যাস তৈরি করাও জরুরি। তবে শুধু বেশি সময় পড়লেই যে প্রস্তুতি ভালো হবে, এমন নয়। কতটা মন দিয়ে পড়ছে এবং পড়া বিষয়টি বুঝতে পারছে কি না, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।
এই সময়ে সন্তানকে নিজের মতো করে পড়ার সুযোগ দিন। বারবার ঘরে ঢুকে পড়ছে কি না, কতক্ষণ পড়ছে, কতগুলি অধ্যায় শেষ হয়েছে— এমন নজরদারি অনেক সময় বিরক্তি তৈরি করে। তার বদলে দিনের শেষে একবার কথা বলে জেনে নিন, কী কী পড়া হল এবং কোথায় সাহায্য প্রয়োজন। কোনো বিষয়ে পিছিয়ে পড়লে আতঙ্কিত না হয়ে সেই অংশটুকু কীভাবে সামলানো যায়, তা নিয়ে আলোচনা করুন।
বোর্ড পরীক্ষার আগে অনেক পড়ুয়ার মধ্যেই ভয় কাজ করে— সব মনে থাকবে তো? পরীক্ষার হলে উত্তর লিখতে পারব তো? প্রত্যাশামতো নম্বর না পেলে কী হবে? এমন আশঙ্কা প্রকাশ করলে তাকে থামিয়ে দেবেন না। মন দিয়ে তার কথা শুনুন। বোঝান, পরীক্ষা গুরুত্বপূর্ণ হলেও জীবনের একমাত্র মাপকাঠি নয়। ফলাফলের উপর পরিবারের ভালোবাসা বা সমর্থন নির্ভর করে না—এই আশ্বাসটুকু সন্তানকে অনেকটা মানসিক স্বস্তি দিতে পারে।
অভিভাবকদের কয়েকটি দায়িত্ব
• ঘুম ও বিশ্রামে নজর দিন: পরীক্ষার সময় রাত জেগে পড়াকে উৎসাহিত করবেন না। পর্যাপ্ত ঘুম স্মৃতি, মনোযোগ ও শেখার ক্ষেত্রে সহায়ক। পড়ার মাঝে ছোটো বিরতি, সামান্য হাঁটাচলা বা পছন্দের কাজের সুযোগ রাখুন।
• খাবারে নিয়ম বজায় রাখুন: পরীক্ষার প্রস্তুতির সময়ে খাবার বাদ দেওয়া বা অনিয়ম করা ঠিক নয়। বাড়িতে পুষ্টিকর ও পরিচিত খাবারের ব্যবস্থা রাখুন। পর্যাপ্ত জল খাওয়ার কথাও মনে করিয়ে দিন।
• তুলনা নয়, উৎসাহ দিন: বন্ধু, ভাইবোন বা আত্মীয়ের সন্তানের সঙ্গে তুলনা করলে আত্মবিশ্বাসে আঘাত লাগতে পারে। প্রত্যেক শিশুর শেখার গতি আলাদা। তার নিজের উন্নতির দিকে নজর দিন।
• মোবাইল ব্যবহারে ভারসাম্য: পড়ার সময় মোবাইল ও অন্য ডিজিটাল মাধ্যম থেকে দূরে থাকা ভালো। তবে হঠাৎ সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি না করে ব্যবহার করার নির্দিষ্ট সময় ঠিক করুন। পড়ার প্রয়োজনে ইন্টারনেট ব্যবহার করলে কীভাবে মনোযোগ ধরে রাখতে হবে, তা-ও বুঝিয়ে দিন।
• উদ্বেগকে গুরুত্ব দিন: পরীক্ষার আগে সাময়িক অস্থিরতা স্বাভাবিক। কিন্তু সন্তান যদি দীর্ঘদিন ধরে ঘুমাতে না পারে, বারবার কান্নাকাটি করে, পড়াশোনায় আগ্রহ হারায় বা অতিরিক্ত আতঙ্কিত থাকে, বিষয়টিকে অবহেলা করবেন না। প্রয়োজনে শিশুমনোবিদের সাহায্য নিন।
পরীক্ষার প্রস্তুতি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। সন্তানের আত্মবিশ্বাস, মানসিক স্থিরতা এবং নিজের উপর বিশ্বাসও সমান গুরুত্বপূর্ণ। অভিভাবকের কাজ প্রতিটি মুহূর্তে পড়ার তাগিদ দেওয়া নয়, বরং এমন পরিবেশ তৈরি করা যেখানে সন্তান নিশ্চিন্তে নিজের প্রস্তুতি চালিয়ে যেতে পারে। ভালো ফলের জন্য চাপ নয়, প্রয়োজন ধারাবাহিক চেষ্টা এবং পরিবারের নির্ভরযোগ্য সমর্থন।
মনীষা মুখোপাধ্যায়



