করাচি: হিন্দু কৃষককে গুলি করে খুন। প্রতিবাদে উত্তাল পাকিস্তানের সিন্ধু প্রদেশ। অবস্থান বিক্ষোভ শুরু করেছেন সংখ্যালঘুরা। নিহত যুবকের নাম কৈলাস কোহলি। অভিযোগের তির স্থানীয় জমিদার সরফরাজ নিজামানির দিকে। জানা গিয়েছে, ওই জমিদারের জমিতে কুঁড়েঘর বানাতে চেয়েছিলেন কৈলাস। তা নিয়ে বচসার জেরে চারদিন আগে ওই যুবককে খুন করে সরফরাজ। বিষয়টি জানাজানি হতেই শুরু হয় আন্দোলন। পিরু লাশারি স্টপে কৈলাসের দেহ রেখে প্রতিবাদ শুরু করেন সংখ্যালঘুরা। সঙ্গে ছিল নিহত যুবকের পরিবার। প্রত্যেকের একটাই দাবি, অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
বাদিন-হায়দরাবাদ ন্যাশনাল হাইওয়ে ও বাদিন-থর কোন রোডে অবস্থান বিক্ষোভ শুরু হয়। আন্দোলনের অন্যতম মুখ পাকিস্তান দারাওয়ার ইত্তেহাদের চেয়ারম্যান শিবা কাচ্ছি। শুক্রবার এবিষয়ে এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘শহিদ কৈলাস কোহলির হত্যাকারীদের গ্রেপ্তারির দাবিতে যে বিক্ষোভ শুরু হয়েছে তা ইতিহাস সৃষ্টি করবে। এটা শুধু প্রতিবাদ নয়, আহত বিবেকের আর্তনাদ। গতকাল সকাল ১০টা থেকে বেশি রাত পর্যন্ত ধরনায় বসেছিলেন সকলে। যা ফের প্রমাণ করে দিচ্ছে যে ন্যায়বিচারের দাবিকে কখনও দাবিয়ে রাখা যায় না।’ তিনি আরও জানান, ‘বর্তমান ব্যবস্থা শক্তিশালীদের রক্ষা করে। দুর্বলদের পিষে মারে। দরিদ্র ও প্রান্তিক হয়েও সেই শাসন ব্যবস্থার বিরুদ্ধে সরব হয়েছিলেন কৈলাস। এটাই তাঁর একমাত্র অপরাধ। গরিবের রক্ত কি এতটাই সস্তা?’