২ বছর আগে গুড়াপে শিশুকে ধর্ষণ-খুন কাণ্ড, প্রতিবেশীর ফাঁসির রায় বহাল হাইকোর্টেও
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও চুঁচুড়া: নৃশংস খুনের ঘটনায় অত্যাচারের মাত্রা যে কোনো সাইকোলজিক্যাল থ্রিলারকেও হার মানাবে! বছর চারেক আগে ঘটনাস্থল ছিল হুগলির গুড়াপ। আর ‘শিকার’ পাঁচ বছরের শিশুকন্যা। ধর্ষণ ও বর্বরোচিত সেই খুনে দোষী সাব্যস্তর ফাঁসির সাজা বহালই রাখল কলকাতা হাইকোর্ট। আর মঙ্গলবারের এই রায়ের পর ফের উঠে এল ২২ বছর আগের বহুচর্চিত হেতাল পারেখ হত্যা প্রসঙ্গ। ২০০৪ সালে হেতাল পারেখ খুনের ঘটনায় অভিযুক্ত ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির সাজা শুনিয়েছিল কলকাতা হাইকোর্ট। নির্দেশ মেনে ফাঁসিও হয়েছিল। সেই রায়ের পর আর কোনো মামলায় সর্বোচ্চ সাজার নির্দেশ শোনায়নি হাইকোর্ট। 

Advertisement

এদিন রায়ে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে, শিশুটিকে যে নৃশংস অত্যাচার করে খুন করা হয়েছিল, তাতে অভিযুক্তের সর্বোচ্চ সাজাই প্রাপ্য। একইসঙ্গে নির্যাতিতার পরিবারের জন্য ক্ষতিপূরণের অঙ্কও বাড়িয়েছে আদালত। আগে মৃত শিশুকন্যার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ এখনও কার্যকর না হওয়ায় ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে ১৫ লক্ষ টাকা করার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।
২০২৪ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় বাড়ির সামনে খেলা করছিল বছর পাঁচেকের শিশুকন্যাটি। মেয়ের জন্য বাবা বাজারে মাংস কিনতে গিয়েছিলেন। বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজখবর শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশী অশোকের বাড়ি থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার হয়েছিল। ওই প্রৌঢ়কে মারধর করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়েরা। রুজু হয় ধর্ষণ-খুনের মামলা। ঘটনার তদন্তে ডিএসপি প্রিয়ব্রত বক্সির নেতৃত্বে সিট গঠন করা হয়। গত ৯ ডিসেম্বর চার্জশিট জমা দিয়েছিল পুলিশ। চার্জ গঠন হয় ১১ ডিসেম্বর। তারপর এক মাসের মধ্যে ২৭ জনের সাক্ষ্যগ্রহণ-সহ গোটা বিচারপ্রক্রিয়া শেষ করে সাজা ঘোষণা হয় চুঁচুড়া আদালতে। চুঁচুড়া পকসো আদালতের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী আসামির ফাঁসির নির্দেশ দেন। ঘটনাচক্রে সেদিনই ছিল মেয়েটির জন্মদিন। 
কিন্তু নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে অশোক সিং হাইকোর্টে আবেদন করেন। দীর্ঘদিন ধরে চলা সেই মামলায় এদিন নিম্ন আদালতের রায় বহাল রাখল হাইকোর্ট। তবে আসামি যাতে সুপ্রিম কোর্টে আবেদনের সুযোগ পান, সে জন্য তিন মাস এই নির্দেশ, অর্থাৎ ফাঁসি কার্যকর করা যাবে না বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের রায়ে খুশি নাবালিকার পরিবার অবশ্য চাইছে, দ্রুত ফাঁসির সাজা কার্যকর হোক।
মামলায় রাজ্য সরকারের স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসাবে নিযুক্ত আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় জানিয়েছেন, মেয়েটিকে অভিযুক্তর বাড়ির কাঠ রাখা ঘরের ভিতর থেকে খুঁজে পাওয়া গিয়েছিল। ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়, ধর্ষণের পর দেওয়ালে ঠুকে ঠুকে তাকে মারা হয়েছিল। এর থেকে স্পষ্ট, কতটা নৃশংসতার শিকার হয়েছিল পাঁচ বছরের শিশুটি। তাই হাইকোর্ট মনে করেছে, অপরাধীর সংশোধনের আর সুযোগ নেই। যদিও এখন সুপ্রিম কোর্টে আপিলের সম্ভাবনা থাকায় আইনি লড়াইয়ের শেষ অধ্যায় বাকি।