Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

টলিপাড়ায় বিবাদ নিয়ে ফের যৌথ শুনানির দিন স্থির করল হাইকোর্ট

টলিপাড়ার ঝামেলা মেটাতে ফের শুনানির দিনক্ষণ স্থির করে দিল কলকাতা হাইকোর্ট। আজ শুক্রবার ফেডারেশন ও মামলাকারী পরিচালকদের বক্তব্য যৌথভাবে শোনার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

টলিপাড়ায় বিবাদ নিয়ে ফের যৌথ শুনানির দিন স্থির করল হাইকোর্ট
  • ১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টলিপাড়ার ঝামেলা মেটাতে ফের শুনানির দিনক্ষণ স্থির করে দিল কলকাতা হাইকোর্ট। আজ শুক্রবার ফেডারেশন ও মামলাকারী পরিচালকদের বক্তব্য যৌথভাবে শোনার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এর আগে গত ১৬ জুলাই রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রধান সচিব শান্তনু বসুকে ফেডারেশন ও মামলাকারী পরিচালকদের বক্তব্য যৌথভাবে শুনে সমস্যার সমাধানের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। কিন্তু তা না করে তিনি আলাদা আলাদাভাবে সকলের বক্তব্য শোনেন বলে অভিযোগ। যে কারণে রীতিমতো আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল সচিবকে। বিচারপতি পর্যবেক্ষণে বলেন, ‘নির্দেশ সত্ত্বেও কেন অলাদা আলাদা করে প্রত্যেকের বক্তব্য শোনার সিদ্ধান্ত নিলেন সচিব? আমি কঠোর দৃষ্টিভঙ্গিতে বিষয়টি দেখছি। একজন সচিব যদি এমন কাজ করেন, তাহলে সাধারণ মানুষ যাবেন কোথায়?’ এরপরই ৩০ জুলাই যৌথ শুনানির দিন ধার্য হয়েছিল। 

Advertisement

বৃহস্পতিবার সচিবের তরফে আদালতে জানানো হয়, ৩০ জুলাই রাষ্ট্রপতি শহরে আসায় তিনি শুনানি করতে পারেননি। এই বক্তব্য শোনার পর নতুন করে যৌথ শুনানির দিন স্থির করেছেন বিচারপতি সিনহা। আজ শুক্রবার যৌথভাবে ফেডারেশন এবং মামলাকারী পরিচালকদের বক্তব্য শুনে সমাধানের রাস্তা বার করতে হবে সচিবকে। ১১ আগস্ট মামলার পরবর্তী শুনানি। ওইদিন বৈঠকের ফলাফল জানিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারপতি সিনহা। 
 

Advertisement
সম্পর্কিত সংবাদ