ঢাকা: গোটা বাংলাদেশ কারাগারে পরিণত হয়েছে। মহম্মদ ইউনুসের আমলে ‘বিদেশি এজেন্ট’ ও মৌলবাদী জঙ্গিদের কব্জায় চলে গিয়েছে দেশ। এমনই অভিযোগে সোচ্চার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশকে অবিলম্বে ইউনুসের কবলমুক্ত করার ডাকও দিয়েছেন তিনি। বাংলাদেশকে আবার ‘স্বাভাবিক’ অবস্থায় ফেরাতে ২১ দফা দাবি পেশ করেছেন হাসিনা। সোমবার সকালে আওয়ামি লিগের অফিসিয়াল এক্স হ্যান্ডল থেকে ওই দাবিগুলি পোস্ট করা হয়। সেখানে ‘খুনি-ফ্যাসিস্ট’ ইউনুসকে সরাতে মুক্তিযোদ্ধার চেতনায় দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন বঙ্গবন্ধু-তনয়া।
গত বছরের আন্দোলনের জেরে হাসিনা দেশ ছাড়েন। বাংলাদেশে গঠিত হয় ইউনুসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। সম্প্রতি ইউনুস আগামী বছরের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের ঘোষণা করেছেন। কিন্তু সেই ভোটে হাসিনার দল অংশ নিতে পারবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। এরইমধ্যে ফের ইউনুসের বিরুদ্ধে সুর চড়ালেন হাসিনা।
আওয়ামি লিগের এদিনের ২১ দফা দাবিতে ইউনুসের তত্ত্বাবধায়ক সরকারকে সম্পূর্ণ অসাংবিধানিক তকমা দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, ইউনুসকে অবিলম্বে পদত্যাগ করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। হাসিনার দলের দাবি, ক্ষমতা কুক্ষিগত করা ও সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের জন্য ইউনুসের বিচার করতে হবে। হাসিনা সহ শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যের বিরুদ্ধে দায়ের মিথ্যা মামলা অবিলম্বে খারিজ করতে হবে। বেআইনিভাবে ধৃত আওয়ামি লিগ সমস্ত নেতাদের মুক্তি দিতে হবে। গত ৫ আগস্ট হাসিনা বিরোধী আন্দোলনের বর্ষপূর্তিতে ইউনুস ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করেছেন। সেখানে বঙ্গবন্ধু ও হাসিনা সরকারের আমলে গৃহীত সংবিধান, আইন বদলের ডাক দেওয়া হয়েছিল। এক সপ্তাহের মধ্যেই পাল্টা ২১ দফা দাবি পেশ করলেন হাসিনা।