নয়াদিল্লি: এশিয়া কাপে ভারত-পাক ফাইনালের আগে কড়া পদক্ষেপ আইসিসি’র। দু’দলের মধ্যে গ্রুপ পর্বের ম্যাচে উত্তেজনা ছড়িয়েছিল মাঠে। ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতে শুক্রবার সিদ্ধান্ত ঘোষণা করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পাক পেসার হ্যারিস রউফের ৫০ শতাংশ ম্যাচ ফি কাটা গেল। সেই সঙ্গে সাহিবজাদা ফারহানকেও সতর্ক করা হয়েছে। ভারতীয় সেনাকে জয় উৎসর্গ করায় অধিনায়ক সূর্যকুমার যাদবও রেহাই পাননি। তাঁর ৩০ শতাংশ ম্যাচ ফি জরিমানা ধার্য হয়।
বাইশ গজে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা থাকে অনেক বেশি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং সিন্দুর অভিযানের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। গ্রুপের ম্যাচে পাক অধিনায়ক সলমন আগার সঙ্গে টসের পর হাত মেলাননি সূর্যকুমার। তা নিয়ে জোর বিতর্ক তৈরি হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারত অধিনায়ক জয় উৎসর্গ করেছিলেন দেশের সেনাবাহিনীকে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের প্রতিও শ্রদ্ধা জানিয়েছিলেন। তা নিয়ে ঘোর আপত্তি ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের। অভিযোগ জমা পড়েছিল আইসিসি’তে। পাকিস্তানের দাবি ছিল, এশিয়া কাপের মঞ্চে সূর্যকুমার রাজনৈতিক বক্তব্য রেখেছেন, যা ক্রিকেট স্পিরিটের পরিপন্থী। গতকাল আইসিসি’র শুনানিতে হাজিরা দিয়েছিলেন সূর্য। শুক্রবার জানা গিয়েছে, ভারত অধিনায়ককে ৩০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে।
সুপার ফোরে ভারতের বিরুদ্ধে হাফ-সেঞ্চুরির পর পাক ক্রিকেটার সাহিবজাদা ফারহান ‘একে ৪৭ সেলিব্রেশন’ করেছিলেন। ফিল্ডিংয়ের সময় ভারতীয় দর্শকদের দিকে বিমান ভেঙে পড়ার ইঙ্গিত করেছিলেন হ্যারিস রউফ। দু’টি ঘটনা উল্লেখ করে আইসিসি’র কাছে অভিযোগ জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার শুনানি হয়। ফারহানকে সতর্ক করে ছেড়ে দেওয়া হলেও রউফের ৫০ শতাংশ ম্যাচ ফি কাটা গিয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, এশিয়া কাপ ফাইনালের আগে আইসিসি স্পষ্ট করে দিল, বেচাল হলে ক্রিকেটারদের রেয়াত করা হবে না। একই ঘটনার পুনরাবৃত্তিতে কড়া শাস্তিও হতে পারে।