দুবাই: রবিবার এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে মহারণ। তার আগে ওমানকে বড় ব্যবধানে হারিয়ে মনোবল বাড়িয়ে নিতেই শুক্রবার মাঠে নেমেছিল পাকিস্তান। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন সলমন আগা। তিনি চেয়েছিলেন, বোর্ডে বড় রান চাপিয়ে দিতে। কিন্তু শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ইনিংসের দ্বিতীয় বলেই লেগ বিফোর হয়ে মাঠ ছাড়েন ওপেনার সায়িম আয়ুব। প্রাথমিক ধাক্কা সামলে শাহিবজাদা ফারহান ও মহম্মদ হ্যারিস দলকে টেনে তোলেন। দ্বিতীয় উইকেটে তাঁরা যোগ করেন ৮৫ রান। তার মধ্যে ফারহানের সংগ্রহ ২৯। পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান হ্যারিসের। ৪৩ বলে তাঁর সংগ্রহ ৬৩। সাতটি বাউন্ডারির পাশাপাশি তিনটি ওভার বাউন্ডারিও হাঁকিয়েছেন তিনি। ধারাবাহিক উইকেট পতনের ফলে রান রেট অনেকটাই মন্থর হয়ে পড়ে। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে পাকিস্তান তোলে ১৬০ রান।



