Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শেষ চারে হরমনপ্রীত সিংরা

এশিয়া কাপ হকিতে হরমনপ্রীত সিংয়ের দুরন্ত ফর্ম অব্যাহত।

শেষ চারে হরমনপ্রীত সিংরা
  • ১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রাজগির: এশিয়া কাপ হকিতে হরমনপ্রীত সিংয়ের দুরন্ত ফর্ম অব্যাহত। গত ম্যাচে হ্যাটট্রিকের পর রবিবারও জোড়া লক্ষ্যভেদে নায়ক ভারতীয় অধিনায়ক। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জাপানকে ৩-২ ব্যবধানে বশ মানানোর সুবাদে শেষ চারের টিকিটও পাকা টিম ইন্ডিয়ার। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পুল এ-এর শীর্ষে রয়েছে ক্রেগ ফুলটনের দল। উল্লেখ্য, এদিন হরমনপ্রীতের পাশাপাশি স্কোরশিটে নাম তুলেছেন মনদীপ সিং। আর জাপানের হয়ে জোড়া লক্ষ্যভেদ কসেই কাওয়াবের।

Advertisement

রবিবার জিতলেও ভারতীয় দলের পারফরম্যান্স স্বস্তি দিচ্ছে না অনুরাগীদের। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ১৮ নম্বর দল জাপানের রক্ষণ ভাঙতে রীতিমতো বেগ পেতে হল সপ্তম স্থানে থাকা টিম ইন্ডিয়াকে। শুরুটা অবশ্য দাপটেই করেছিলেন ফুলটনের ছেলেরা। প্রথম কোয়ার্টারে ২-০ লিড নেয় টিম ইন্ডিয়া। একক নৈপুণ্যে প্রতিপক্ষের তিনজনকে কাটিয়ে প্রথম গোল মনদীপের। তার কয়েক মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন তারকা ড্র্যাগ-ফ্লিকার হরমনপ্রীত। দ্বিতীয় কোয়ার্টার থেকে ভারতের ছন্দ কাটতে থাকে। এই পর্বে পরপর চারটি পেনাল্টি কর্নার আদায় করে জাপান। শেষ পর্যন্ত ৩৮ মিনিটে কসেইয়ের গোলে লড়াইয়ে ফেরে জাপান (২-১)। গোল হজমের পর কিছুটা নড়েচড়ে বসেন মনদীপরা। তৃতীয় কোয়ার্টারের শেষদিকে সেট পিস থেকে বুলেট গতির লো ফ্লিকে জাল কাঁপান হরমনপ্রীত (৩-১)। শেষ কোয়ার্টারে জাপানিদের অহরহ আক্রমণে চাপে পড়ে গিয়েছিল ভারতের রক্ষণ। নির্ধারিত সময়ের খেলা শেষের দু’মিনিট আগে ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন জাপানের কসেই (৩-২)। অন্তিম লগ্নে ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে আরও চাপে পড়ে যায় ভারত। শেষপর্যন্ত অবশ্য স্কোরলাইনে আর কোনও পরিবর্তন ঘটেনি। ম্যাচের পর কোচ ফুলটনের মন্তব্য, ‘শেষ চারের যোগ্যতা অর্জন করা প্রাথমিক লক্ষ্য ছিল। সেটা পূরণ হয়েছে। তবে এখনও উন্নতির যথেষ্ট অবকাশ রয়েছে। নক-আউট পর্বে আরও সঙ্ঘবদ্ধ হকি খেলতে হবে ছেলেদের।’ উল্লেখ্য, সোমবার পুলের শেষ ম্যাচে কাজাখস্তানের মুখোমুখি হবে ভারত।

Advertisement
সম্পর্কিত সংবাদ