Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কার্লসেনের বিরুদ্ধে প্রথম জয় গুকেশের

ম্যাচ শেষ, তবু বিস্ময়ের ঘোর যেন কাটছিল না ডোম্বারাজু গুকেশের

কার্লসেনের বিরুদ্ধে প্রথম জয় গুকেশের
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

স্ট্যাভেনজার: ম্যাচ শেষ, তবু বিস্ময়ের ঘোর যেন কাটছিল না ডোম্বারাজু গুকেশের। হাত দিয়ে মুখ ঢেকে তাঁর দাঁড়ানো দেখে মনে হচ্ছিল যেন হেরে হতাশ তিনি। বিশ্বাস করতে পারছিলেন না এই জয় তাঁর। অবিশ্বাস্য হলেও সত্যি। নরওয়ে দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ডে দুরন্ত প্রত্যাঘাতে ম্যাগনাস কার্লসেনকে হারালেন ভারতীয় দাবাড়ু। বলা ভালো টুর্নামেন্টের সেরা ম্যাচটা হল রবিবারই। ক্ল্যাসিক্যাল দাবায় মুখোমুখি হয়েছিলেন প্রাক্তন ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। এই ফরম্যাটে অবিসংবাদিত সম্রাট নরওয়ের কিংবদন্তি। শুরুটাও করেছিলেন সেই ভাবেই। কিন্তু এদিন তাঁর সব হিসেব উল্টে দিলেন গুকেশ। দুরন্ত মানসিক দৃঢ়তা দেখিয়ে জয় ছিনিয়ে নেন ভারতীয় তারকা। এই প্রথমবার কার্লসেনকে হারানোর তৃপ্তি পেলেন গুকেশ।

Advertisement

প্রতিযোগিতায় এতদিন সেরা ছন্দে দেখা যায়নি গুকেশকে। এদিন সাদা ঘুঁটি নিয়ে খেলা শুরু করেও ফায়দা তুলতে পারছিলেন না তিনি। ৩৪ চাল পর্যন্ত কার্লসেনের আক্রমণ স্রেফ ঠেকিয়েই গিয়েছেন। একটা সময় মনে হচ্ছিল, আরও একটা হার শুধু সময়ের অপেক্ষা। কিন্তু ৪০ চালে পাল্টে যায় ম্যাচের রং। গুকেশের পাল্টা আক্রমণে ৪৪তম চালে প্রথম ভুল করেন কার্লসেন। ৫২ চালে গুকেশের কাছে হার স্বীকার করে নেন তিনি। ম্যাচ শেষে মেজাজ হারিয়ে টেবিলে ঘুঁসি মারতে দেখা যায় নরওয়ের দাবাড়ুকে। এর ফলে অনেক ঘুঁটি মাটিতে পড়ে যায়। পরে অবশ্য গুকেশের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। ম্যাচ জিতে ৮.৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এলেন ভারতীয় দাবাড়ু। আর ৯.৫ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে কার্লসেন। দুরন্ত এই সাফল্যের পর গুকেশকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement
সম্পর্কিত সংবাদ