সংবাদদাতা, বারুইপুর: ১০ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে মুদি দোকানের মালিক আক্তার হোসেন মণ্ডলকে ১২ বছর কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। ২০০৯ সালের অক্টোবর মাসে ঘটনাটি ঘটে জয়নগরে। আদালত সূত্রে জানা গিয়েছে, নাবালিকাকে প্রলোভন দেখিয়ে দোকানে ডেকে নিয়ে গিয়ে মুখে কাপড় গুঁজে নির্যাতন চালানো হয়। কারাদণ্ডের পাশাপাশি আক্তারকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছর জেলেরও নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার বারুইপুর ফার্স্ট ট্রাক কোর্টের অতিরিক্ত জেলা দায়রা বিচারক কৃষ্ণেন্দু সরকার এই রায় ঘোষণা করেন। সরকারি আইনজীবী অরুণেশচন্দ্র চক্রবর্তী বলেন, ২০০৯ সালের অক্টোবর মাসে জয়নগর থানা এলাকার একটি বাজারে ১০ বছরের নাবালিকা বাজার করতে গিয়েছিল। সেই সময় অভিযুক্ত মুদি দোকানের মালিক তাকে প্রলোভন দেখিয়ে দোকানে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। মুখে কাপড় গুঁজে দিয়েছিল। দোকানে ওই নাবালিকা অচেতন অবস্থায় পড়েছিল। পরে পুলিস তাকে উদ্ধার করে। নাবালিকার মা জয়নগর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত গ্রেপ্তার হয়। আদালতে শুনানির সময় ১২ জন সাক্ষী দিয়েছিলেন।



