শক্তি খুইয়ে ঘূর্ণিঝড় আকভানের ল্যান্ডফল শুরু, কলকাতায় আগামী ১২ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস
  • ২০ নভেম্বর, ২০২৬ ১০:২০
Prefer us on Google

কলকাতা, ২০ নভেম্বর: ঘূর্ণিঝড় আকভানের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গেল। আবহাওয়া দপ্তরের সকালের বুলেটিন অনুযায়ী গোপালপুর এর কাছে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে। তবে পুরো প্রক্রিয়া শেষ হতে এখনো ঘন্টা তিনেক সময় লাগবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের মাথার অংশ স্থলভাগে প্রবেশ করলেও এর আই এখনো গোপালপুর থেকে ১৩০ কিলোমিটার দূরে রয়েছে। তবে মনে করা হয়েছিল স্থলভাগে প্রবেশের সময় আকভান প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে সমুদ্রেই অনেকটাই শক্তি খুইয়েছে এই ঘূর্ণিঝড়। পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়ের আই যখন স্থলভাগে প্রবেশ করবে তখন তার গতিবেগ থাকার কথা ৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টায়। সর্বোচ্চ গতিবেগ পৌঁছাতে পারে ৯০ কিলোমিটার প্রতি ঘন্টায়। পাশাপাশি ল্যান্ডফলের পর আরো শক্তি কমবে এই ঘূর্ণিঝড়ের। তখন তা পরিণত হবে গভীর নিম্নচাপে। 

Advertisement

তবে ঝড়ের শক্তি খর্ব হলেও প্রবল দুর্যোগের মুখে পড়বে ওড়িশা। গতকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে ওড়িশার বিভিন্ন জেলায়। অতি ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে গোপালপুরে। শুক্র ও শনিবার উড়িষ্যার পুরী ভদ্রক কটক গজপতি গঞ্জাম সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এই ঝড়ের প্রভাব পড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। গতকাল থেকেই কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে। আজও সকাল থেকে শহরজুড়ে বৃষ্টি চলছে। ইতিমধ্যেই কলকাতায় আগামী ১২ ঘণ্টা ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার দিনভর কলকাতা ছাড়াও হাওড়া, হুগলী, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া জেলায় বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামে। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গ উপকূলে আজ শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা রয়েছে।