ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিপর্যস্ত বিমান পরিষেবা, সমস্যায় যাত্রীরা
  • ২০ নভেম্বর, ২০২৬ ১১:৪৫
Prefer us on Google

 কলকাতা, ২০ নভেম্বর: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে পূর্ব ভারতের একাধিক বিমানবন্দরে বিমান পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আজ যাত্রীদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করেছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। ভুবনেশ্বর, বিশাখাপত্তনম ও কলকাতাগামী এবং সেইখান থেকে ছেড়ে যাওয়া একাধিক বিমানের সময়সূচিতে পরিবর্তন, বিলম্ব কিংবা বাতিলের সম্ভাবনা রয়েছে।

Advertisement

বাতিল হওয়া বিমানগুলির মধ্যে রয়েছে ভুবনেশ্বর থেকে কলকাতাগামী ৬ই ৭৪৩২, ৬ই ৭৪৩৪ এবং ৬ই ৭৪৩৬। পাশাপাশি ভুবনেশ্বর থেকে এলাহাবাদগামী ৬ই ৭৭২৩ বিমানটিও বাতিল করা হয়েছে।

ইন্ডিগো মারফত জানা গিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচলে প্রভাব পড়েছে। যাত্রীদের বুকিংয়ের সময় দেওয়া মোবাইল নম্বরে প্রয়োজনীয় তথ্য পাঠানো হচ্ছে। একইভাবে এয়ার ইন্ডিয়াও যাত্রীদের বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে নিজেদের বিমানের বর্তমান অবস্থা যাচাই করার পরামর্শ দিয়েছে। 

অপরদিকে, ১৭ নভেম্বর ঘূর্ণিঝড়ের কারণে চেন্নাই-ইয়াঙ্গন সাপ্তাহিক বিমান পরিষেবা দুইদিক থেকেই বাতিল করা হয়েছিল। সেই জেরে সমস্যায় পড়েন প্রায় ১৪৪ জনেরও বেশি যাত্রী। ভুবনেশ্বর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল পর্যন্ত তাদের উড়ান চলাচল স্বাভাবিক ছিল এবং কোনো বিমান বাতিলের খবর পাওয়া যায়নি। ঘূর্ণিঝড় মোকাবিলায় একাধিক আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপালপুরের কাছে স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়েছে। তারপরেও ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার থাকতে পারে। সেই কারণে যাত্রীদের বিমান সংস্থার ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও এসএমএসের মাধ্যমে নিয়মিত ফ্লাইটের আপডেট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।