নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: তিনদিন ধরে বারুইপুর হাসপাতালে চিকিৎসাধীন চার বছরের নাতনি খুনে অভিযুক্ত দাদু প্রণব ভট্টাচার্য। কিন্তু সেখানে থাকতে নারাজ তিনি। উল্টে কর্তব্যরত চিকিৎসক ও পুলিশকর্মীদের বার বার বলছেন, তাঁকে জেলেই পাঠানো হোক। কেন হাসপাতালে রেখে দেওয়া হয়েছে। তবে এমন জেদাজেদির কারণ কী, তার উত্তর অবশ্য অভিযুক্তের থেকে পাওয়া যায়নি। নাতনি প্রত্যুষা কর্মকারকে খুনের পর এখনও শোকের ছাপ নেই দাদুর চোখে মুখে। বুধবারও তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। অন্যদিকে, এদিন সন্ধ্যায় মৃত শিশুর বাড়ি যায় ফরেনসিক টিম। যে শিশু ও তার বাবা মায়ের ঘর, বাথরুম থেকে কিছু নমুনা নেন বিশেষজ্ঞরা। দুটি ছুরি এবং যেখানে যেখানে রক্তের দাগ ছিল, সেখান থেকেও নমুনা সংগ্রহ করা হয়। তোলা হয়েছে বেশ কিছু ছবি।



