Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

স্টেট ব্যাংকে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার দুই

স্টেট ব্যাংকের চৌরঙ্গি শাখায় বসে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকেরই জাল নিয়োগপত্র দেওয়ার অভিযোগ উঠেছে।

স্টেট ব্যাংকে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার দুই
  • ২৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্টেট ব্যাংকের চৌরঙ্গি শাখায় বসে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকেরই জাল নিয়োগপত্র দেওয়ার অভিযোগ উঠেছে। ব্যাংক কর্মীদের তৎপরতায় দুই প্রতারককে আটক করে শেক্সপিয়র সরণি থানার হাতে তুলে দেওয়া হয়। অর্ণব চক্রবর্তী ও বিনোদকুমার তিওয়ারি নামে দুই অভিযুক্তের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা সহ একাধিক ধারায় কেস রুজু করে তাদের গ্রেপ্তার করেছে থানা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ আগস্ট ওই ব্যাংকে দুই অভিযুক্ত চার যুবককে নিয়ে হাজির হয়। তাঁদের হাতে ভুয়ো নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছিল। সেই সঙ্গে চলছিল বিভিন্ন নথিতে সই করানো। ব্যাংকের কয়েকজন অফিসারের বিষয়টি নজরে আসে। সঙ্গে সঙ্গেই তাঁরা সেখানে গিয়ে ওই নথি দেখতে চান। তা দেখেই  অফিসাররা জানতে পারেন, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার নামে নিয়োগপত্র দেওয়া হয়েছে। চাকরিপ্রার্থীদের বিভিন্ন কপিতে সই করানো হয়েছে। সেটি দেখে তাঁরা বুঝতে পারেন এই নিয়োগপত্র জাল। সঙ্গে সঙ্গেই ব্যাংকের তরফে পুলিশে খবর দেওয়া হয়। শেক্সপিয়র সরণি থানার পুলিশ এসে সকলকে আটক করে থানায় নিয়ে যায়। যে চার যুবককে নিয়োগপত্র দেওয়া হচ্ছিল, তাঁদের জেরা করে জানা যায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতারকদের সঙ্গে পরিচয় হয়। প্রতারকরা জানান, স্টেট ব্যাংকে বিভিন্ন পদে লোক নেওয়া চলছে। তাঁরা নিয়োগের দায়িত্বে রয়েছেন। এরপর লিখিত পরীক্ষা নেওয়া হয়। এমনকী সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে মেডিক্যাল পর্যন্ত করান তাঁরা। চৌরঙ্গি রোডে স্টেট ব্যাংকের শাখায় তাঁদের ডেকে নিয়োগপত্র দেওয়া হচ্ছিল। নিয়োগপত্র দেওয়ার আগে এক কিস্তিতে টাকা নেওয়া হয়। বাকি টাকা নেওয়া হতো নিয়োগপত্র হাতে দেওয়ার পর। এক একজনের কাছ থেকে পাঁচ থেকে সাত লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এরপরই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ব্যাংক ও রেলের ভুয়ো নিয়োগপত্র। এর আগেও তাঁরা একাধিক যুবকের সঙ্গে প্রতারণা করেছেন বলে জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ