নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রাজ্যে পালাবদলের পর সল্টলেকের একাধিক রাস্তায় প্যাচওয়ার্কের কাজ করেছিল বিধাননগর পুরসভা। কিন্তু মাস দু’য়েকের মধ্যেই বিটুমিন দিয়ে করা প্যাচওয়ার্ক বহু জায়গায় উঠে গিয়েছে। তাই সংস্কারের মেয়াদ বাড়াতে এবার সল্টলেকের রাস্তায় বিটুমিনের বদলে কংক্রিটের ব্লক দিয়ে প্যাচওয়ার্ক করছে পুরসভা। ইতিমধ্যে একাধিক রাস্তার প্যাচওয়ার্ক শেষ হয়েছে। পুরসভার দাবি, কংক্রিটের ব্লক সহজে নষ্ট হয় না। তাছাড়া বৃষ্টির মধ্যেও ব্লক পাতা সম্ভব হচ্ছে। ফলে কাজ দ্রুতগতিতে এগচ্ছে।
সল্টলেকের ভিতরের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। মূল রাস্তার পাশাপাশি ব্লকের ভিতরের রাস্তা বেশি খারাপ। এছাড়া বাগুইআটি, কেষ্টপুর, রাজারহাট, নারায়ণপুর সহ পুরসভার বিভিন্ন ওয়ার্ডেই রাস্তা বেহাল। পুজোর আগে সল্টলেক সহ গোটা বিধাননগরের রাস্তা সংস্কার করতে উদ্যোগ নিয়েছে পুরসভা। প্রায় ৬৩ কোটি টাকা খরচ করে বিধাননগরের ৪১টি ওয়ার্ডের ১৯৩টি রাস্তা মেরামত করার উদ্যোগ নিয়েছে। সে কাজ চলছে।১৯৩ রাস্তার মধ্যে সল্টলেকের ৬৩টি রাস্তা আছে। এর মধ্যে বিটুমিনের রাস্তা, ম্যাস্টিক কোটিং, ঢালাই এবং কংক্রিটের রাস্তা তৈরি হচ্ছে। সল্টলেক সহ পুরসভায় ২২টি কংক্রিটের ব্লকের রাস্তা তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই সল্টলেকের ১৩ নম্বর ট্যাংক থেকে অনিন্দিতা আইল্যান্ড পর্যন্ত মূল রাস্তার একটি লেনে কংক্রিটের ব্লক পাতা হয়েছে। সেই সঙ্গে একাধিক মূল রাস্তায় কংক্রিটের প্যাচওয়ার্কের কাজ চলছে। পুরসভার দাবি, বৃষ্টির মধ্যে বিটুমিন দিয়ে প্যাচওয়ার্ক করলে ফল ভালো হয় না। বেশি বৃষ্টি হলে কিছুদিনের মধ্যে প্যাচওয়ার্ক নষ্ট হয়ে যায়। তাই গর্ত যেখানে তৈরি হয়েছে সেখানকার পিচ তুলে ফেলা হচ্ছে। তারপর বালি দিয়ে নীচের অংশ সোলিং করে বসানো হচ্ছে কংক্রিটের ব্লক। একাধিক রাস্তায় এই কাজ চলছে।